প্রাচীন ব্রিটেনের রাজা ভেরিকা কি আসলে রানি? 

প্রাচীন ব্রিটেনের রাজা ভেরিকা কি আসলে রানি? 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ নভেম্বর, ২০২৬

খ্রিস্টীয় প্রথম শতকে ব্রিটেনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের নেপথ্যে ছিলেন যে শাসক, তাঁর পরিচয় নিয়েই বর্তমানে নতুন করে প্রশ্ন উঠেছে। এত দিন ইতিহাসের পাতায় ভেরিকা পরিচিত ছিলেন একজন পুরুষ শাসক হিসেবে। কিন্তু সম্প্রতি প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ ইঙ্গিত দিচ্ছে, তিনি সম্ভবত ছিলেন একজন নারী শাসক। এই পুনর্ব্যাখ্যা শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের লিঙ্গপরিচয় নিয়েই প্রশ্ন তুলছে না, বরং রোমান সাম্রাজ্যের ব্রিটেন জয়ের প্রেক্ষাপট এবং প্রাচীন ব্রিটিশ সমাজে নারীর রাজনৈতিক ক্ষমতা সম্পর্কেও সমানভাবে আলোকপাত করছে।

খ্রিস্টীয় প্রথম শতকের শুরুতে ব্রিটেন কোনও একক রাজ্যের অধীনে ছিল না। দ্বীপটির বিভিন্ন অঞ্চলে একাধিক কেল্টিক জনগোষ্ঠী ও তাদের নিজস্ব শাসকগোষ্ঠী ক্ষমতা পরিচালনা করত। দক্ষিণ ব্রিটেনের অ্যাট্রেবেটস জনগোষ্ঠীর শাসক ছিলেন ভেরিকা। তাঁদের রাজ্য বর্তমান হ্যাম্পশায়ার ও পশ্চিম সাসেক্সের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে গড়ে উঠেছিল। সে সময় ব্রিটেনের বিভিন্ন স্থানীয় শাসকের সঙ্গে রোমের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল। স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব এবং রোমের ক্রমবর্ধমান সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা এই সম্পর্ককে ক্রমশ জটিল করে তোলে।

 

আনুমানিক ৪০ খ্রিস্টাব্দে ক্ষমতাচ্যুত হয়ে ভেরিকা রোমে আশ্রয় নিয়ে সম্রাট ক্লডিয়াসের কাছে সামরিক সাহায্য চান। এর কয়েক বছরের মধ্যেই, ৪৩ খ্রিস্টাব্দে, রোমান বাহিনী ব্রিটেন আক্রমণ করে। ঐতিহাসিক ক্যাসিয়াস ডিওর বিবরণে ভেরিকার আবেদনকে এই অভিযানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ড. মাইলস রাসেলের মতে, ভেরিকা শুধু রোমের কাছে সাহায্যপ্রার্থী ছিলেন না; ব্রিটেনে রোমান হস্তক্ষেপের রাজনৈতিক বৈধতা তৈরি এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে কৌশলগত তথ্য সরবরাহেও তাঁর চূড়ান্ত ভূমিকা ছিল।

ভেরিকার নারী হওয়ার পক্ষে গবেষকরা কয়েকটি প্রত্নতাত্ত্বিক সূত্র তুলে ধরেছেন। প্রথমত, তাঁর নামের শেষে থাকা ‘আ’ ধ্বনির সঙ্গে সমসাময়িক নারী শাসক কার্টিম্যান্ডুয়া ও বৌডিকার নামের মিল রয়েছে। দ্বিতীয়ত, ভেরিকার মুদ্রায় ব্যবহৃত ‘REX’ শব্দটিকে এত দিন পুরুষ রাজত্বের পরিচায়ক বলে ধরে নেওয়া হলেও ল্যাটিন ভাষায় এই উপাধি নারী-পুরুষ উভয় শাসকের ক্ষেত্রেই ব্যবহৃত হত। মিশরের রানি ক্লিওপেট্রা এর একটি পরিচিত উদাহরণ।

সবচেয়ে উল্লেখযোগ্য সূত্র মিলেছে মুদ্রার অবয়বে। ভেরিকার রৌপ্য ও স্বর্ণমুদ্রায় বর্শা হাতে ঘোড়ার পিঠে এক নগ্ন নারী যোদ্ধার ছবি দেখা যায়। সমসাময়িক ব্রিটিশ শাসকদের মুদ্রায় যেখানে সাধারণত পুরুষ যোদ্ধার ছবি থাকত, সেখানে ভেরিকার মুদ্রার এই বিশেষ অবয়ব তাঁর নারী পরিচয়ের সম্ভাবনাকে জোরালো করেছে বলে রাসেলের মত।

এই সম্ভাবনা সত্য হলে ব্রিটেনের প্রাচীন নারী নেতৃত্বের ইতিহাসেও ভেরিকা গুরুত্বপূর্ণ স্থান পাবেন। পরবর্তী সময়ে বৌডিকার রোমবিরোধী বিদ্রোহ (৬০ খ্রিস্টাব্দ) নারী নেতৃত্বের এক পরিচিত দৃষ্টান্ত হয়ে উঠলেও, ভেরিকা তারও আগে ব্রিটেনের রাজনীতি ও রোমের সঙ্গে সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারেন।

গবেষকদের এই ব্যাখ্যানুযায়ী প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। ইতিহাসে নারীর অনুপস্থিতি কি সত্যিই ক্ষমতার অভাবের ফল, নাকি অতীতের পুরুষকেন্দ্রিক ব্যাখ্যা অনেক নারী শাসকের পরিচয় আড়াল করে রেখেছে? ভেরিকার মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেই ইতিহাস নতুন করে পাঠ করার সুযোগ তৈরি করছে। তবে তাঁর নারী পরিচয় এখনও একটি গবেষণাভিত্তিক ব্যাখ্যা, সর্বসম্মতভাবে প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য নয়।

সূত্র: Rewriting History: New Research Reveals Ancient Iron Age King May Have Been a Woman By Bournemouth University, November 16, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =