গণিতের জগতে সর্বোচ্চ সম্মান হিসেবে পরিচিত ফিল্ডস মেডেল। ২০২৬ সালে এই পুরস্কার পেলেন চার তরুণ গণিতবিদ।যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে এই সম্মাননার কথা ঘোষিত হয়।এ বছর ফিল্ডস মেডেল পেয়েছেন নিউইয়র্ক ইউনিভার্সিটি ও ফ্রান্সের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড সায়েন্টিফিক স্টাডিজ এর অধ্যাপক হং ওয়াং, ইউনিভার্সিটি অব শিকাগোর ইউ ডেং, স্টোনি ব্রুক ইউনিভার্সিটির জন পারডন এবং ইউনিভার্সিটি অব টরন্টোর জ্যাকব সিমারম্যান। জটিল তরল প্রবাহ, গিঁটের তত্ত্ব, জ্যামিতি ও সংখ্যাতত্ত্বে অসামান্য গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।ফিল্ডস মেডেলকে গণিতের ‘নোবেল পুরস্কার’ বলা হয়।এটি প্রতি চার বছর অন্তর দেওয়া হয়।৪০- অনুত্তীর্ণ গবেষকরাই এই সম্মান লাভের যোগ্য।১৯৩৬ সালে প্রথমবার এই পুরস্কার চালু হয়।
এবারের বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন হং ওয়াং।তিনি ফিল্ডস মেডেল পাওয়া তৃতীয় নারী গণিতবিদ। এর আগে ২০১৪ সালে মরিয়ম মির্জাখানি এবং ২০২২ সালে মারিনা ভিয়াজোভস্কা এই সম্মান পেয়েছেন।হং ওয়াং ও তাঁর সহকর্মী জোশুয়া জাহল দীর্ঘ ৫০ বছর ধরে অমীমাংসিত ত্রিমাত্রিক কাকেয়া অনুমান প্রমাণ করে গণিতে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেন।বিশেষজ্ঞদের মতে, এটি আধুনিক গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।
অন্য বিজয়ী ইউ ডেং তরল পদার্থের গতিবিদ্যা নিয়ে গবেষণার জন্য এই সম্মান পেয়েছেন।দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ক্ষুদ্র অণুস্তরে তরলের আচরণ এবং বৃহৎ স্তরে তরলের প্রবাহকে একই গাণিতিক কাঠামোয় ব্যাখ্যা করতে পারছিলেন না। ইউ ডেং ও তাঁর সহকর্মীরা দেখান, এই দুই স্তরের গাণিতিক সমীকরণ মূলত একই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।এক শতাব্দীরও বেশি সময় ধরে আলোচিত এই সমস্যার সমাধান গণিত ও পদার্থবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
জন পারডন গিঁটের জ্যামিতি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য ফিল্ডস মেডেল পেয়েছেন।মাত্র ২১ বছর বয়সে তিনি একটি জটিল গাণিতিক অনুমানের সমাধান করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।পরবর্তী সময়ে জ্যামিতি ও টপোলজির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা তরুণ গণিতবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন।
চতুর্থ বিজয়ী জ্যাকব সিমারম্যান সংখ্যাতত্ত্ব ও বীজগাণিতিক জ্যামিতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার অর্জন করেছেন।তিনি ও তাঁর সহকর্মীরা বিখ্যাত আন্দ্রে-উর্ট অনুমান প্রমাণ করেন, যা আধুনিক সংখ্যাতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত।এছাড়া তিনি হজ তত্ত্ব নিয়েও উল্লেখযোগ্য গবেষণা করেছেন।
বিশেষজ্ঞদের মতে, এ বছরের ফিল্ডস মেডেল শুধু চারজন অসাধারণ গণিতবিদের ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং আধুনিক গণিতের নতুন দিগন্ত উন্মোচনেরও প্রতীক।জটিল গাণিতিক সমস্যার সমাধান ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, পদার্থবিজ্ঞান, প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তিসহ নানা ক্ষেত্রে নতুন গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: ukros . ru ; July ; 2026
