ভবিষ্যতে কম্পিউটার হয়তো আর সিলিকন চিপে চলবে না, চলবে মানুষের মস্তিষ্কের জীবন্ত স্নায়ুকোষ বা নিউরন দিয়ে। পরীক্ষাগারে তৈরি মস্তিষ্কের ক্ষুদ্রাকৃতি নমুনা ব্যবহার করে কম্পিউটিংয়ের নতুন পদ্ধতি গড়ে তোলার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তাঁদের লক্ষ্য, জীবন্ত নিউরনের স্বাভাবিক বৈদ্যুতিক সংকেত আদানপ্রদানের ক্ষমতাকে কাজে লাগিয়ে তৈরি করা আরও দক্ষ ও শক্তিসাশ্রয়ী কম্পিউটার। এই প্রযুক্তির নাম ‘বায়োকম্পিউটিং’। এর অন্যতম উপাদান ব্রেন অর্গানয়েড – স্টেম সেল থেকে পরীক্ষাগারে তৈরি মস্তিষ্কের ক্ষুদ্র নমুনা। এই নমুনায় থাকে পরস্পরের সঙ্গে সংযুক্ত অসংখ্য স্নায়ুকোষ। বিশেষ ইলেকট্রোডের সাহায্যে তাদের বৈদ্যুতিক সংকেত উদ্দীপিত করা যায় এবং সেই সংকেতের ধরনও পড়া সম্ভব। গবেষকেরা এই পদ্ধতিতে নিউরনকে নির্দিষ্ট কাজ শেখানোর চেষ্টা করছেন। প্রচলিত কম্পিউটার চিপের তুলনায় নিউরন অনেক কম শক্তি খরচ করে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে। ফলে ভবিষ্যতে এই প্রযুক্তি সফল হলে বিপুল বিদ্যুৎ, জল এবং বিরল খনিজের উপর নির্ভরশীল ডেটা সেন্টারের বিকল্প তৈরি হতে পারে। গত মাসে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত প্রথম আন্তর্জাতিক অর্গানয়েড ইন্টেলিজেন্স সম্মেলনে গবেষকেরা এই প্রযুক্তির নানা সম্ভাবনা তুলে ধরেন। তাঁদের পরীক্ষায় দেখা গিয়েছে, মস্তিষ্কের কোষের দলকে বৈদ্যুতিক বা রাসায়নিক সংকেত দিয়ে ভার্চুয়াল গোলকধাঁধায় পথ খুঁজে নেওয়া কিংবা ভিডিও গেম খেলানো প্রভৃতি কাজ শেখানো সম্ভব। কোনও কাজ সফল হলে কোষগুলিকে পুরস্কারস্বরূপ বিশ্রাম দেওয়া হয়, আর ভুল করলে দেওয়া হয় অস্বস্তিকর বৈদ্যুতিক উদ্দীপনা। এভাবেই ধীরে ধীরে তাদের প্রতিক্রিয়া বদলানোর চেষ্টা চলে। মার্কিন সংস্থা ২৮বায়োর গবেষকেরা পরস্পরের সঙ্গে যুক্ত দুটি কোষগুচ্ছ বা ‘কানেকটয়েড’কে প্যাক-ম্যান খেলতেও প্রশিক্ষণ দিয়েছেন। আবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক লেনা স্মিরনোভা এই প্রযুক্তি ব্যবহার করে শিখন, স্মৃতি প্রভৃতি মস্তিষ্কের কার্যকলাপ বোঝার চেষ্টা করছেন। তাঁর গবেষণায় দেখা গিয়েছে, অটিজম ও মৃগীরোগের সঙ্গে যুক্ত একটি জিনগত পরিবর্তন যুক্ত অর্গানয়েড তাপ, সংক্রমণ বা নির্দিষ্ট ওষুধের প্রভাবে অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেত তৈরি করার প্রবণতা বেশি। অর্থাৎ, ভবিষ্যতে ওষুধ, পরিবেশদূষণ কিংবা জিনগত পরিবর্তন মানুষের মস্তিষ্কের উপর কী প্রভাব ফেলতে পারে, তা বোঝার ক্ষেত্রেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রাণীর উপর পরীক্ষা-নিরীক্ষার বিকল্প হিসেবেও কাজে লাগতে পারে অর্গানয়েড। তবে গবেষকদের লক্ষ্য শুধু মস্তিষ্কের কার্যকলাপ বোঝা নয়, জীবন্ত নিউরন দিয়ে সরাসরি কম্পিউটারের কাজ করানোও। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ফেং গুওর নেতৃত্বে একটি গবেষকদল অর্গানয়েডের সাহায্যে একটি মানবাকৃতি রোবটকে নিয়ন্ত্রণ করেছেন। রোবটটি লেজার আলোর উৎস অনুসরণ করা কিংবা ব্লক সাজিয়ে শব্দ তৈরি করা প্রভৃতি কাজ করতে পেরেছে।
অন্যদিকে, ফাইনালস্পার্ক নামে একটি সংস্থা পরীক্ষাগারে তৈরি নিউরনভিত্তিক কম্পিউটিং পরিষেবা দিচ্ছে। তাদের ব্যবস্থায় ইলেকট্রোডের উপর রাখা অর্গানয়েডের কার্যকলাপ নিয়ন্ত্রণে ডোপামিন ও সেরোটোনিনের মতো রাসায়নিক ব্যবহার করা হয়। এমনকী, এই প্রযুক্তির সাহায্যে একটি স্পর্শ-সংবেদী রোবট হাতকে ব্রেইল লিপি পড়তে শেখানো হয়েছে। পরীক্ষায় তার সাফল্যের হার ছিল ৮৩ শতাংশ। সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার কয়েকটি সংস্থাও ইতিমধ্যে এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডেটা সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে। কর্টিক্যাল ল্যাবসের তৈরি ‘সিএল১’ যন্ত্রে পুষ্টিদ্রব্যের মাধ্যমে জীবন্ত নিউরনকে বাঁচিয়ে রাখা হয় এবং ইলেকট্রোডের সাহায্যে তাদের সংকেত আদানপ্রদান নিয়ন্ত্রণ করা হয়। সংস্থাটির দাবি, তাদের ১৫টি যন্ত্রকে একসঙ্গে যুক্ত করে তৈরি নিউরনের সমষ্টি একটি রোবট কুকুরকে লক্ষ্যবস্তুর দিকে চালাতে পেরেছে। তাদের পরীক্ষায় এই সম্মিলিত ব্যবস্থা প্রচলিত একটি ইলেকট্রনিক মেশিন লার্নিং মডেলের তুলনায় ২৫২ শতাংশ বেশি নির্ভুল ছিল। তবে এই প্রযুক্তির সামনে এখনও বড় বাধা রয়েছে। মানুষের মস্তিষ্ক ঠিক কীভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে, বিজ্ঞানীরা তা পুরোপুরি বোঝেননি। ফলে নিউরন নিজেরা কতটা হিসাব করছে আর কতটা কাজ করছে তাদের নিয়ন্ত্রণকারী অ্যালগরিদম – তা নির্ধারণ করাও কঠিন। তা ছাড়া প্রতিটি অর্গানয়েডের আচরণ আলাদা হওয়ায় ফলাফলে অনিশ্চয়তা থেকে যায়। তবু এই সম্ভাবনা নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। নিউরনকে আরও কার্যকর কম্পিউটিং ব্যবস্থা হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই গবেষণা মানুষের মস্তিষ্ক, স্মৃতি ও বুদ্ধিমত্তার রহস্য উন্মোচনেও সাহায্য করতে পারে।
সূত্র: Science, November, 2026
