বিশ্বের বৃহত্তম কণা ত্বরণযন্ত্রর উন্নতিসাধন

বিশ্বের বৃহত্তম কণা ত্বরণযন্ত্রর উন্নতিসাধন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জুলাই, ২০২৬

বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী কণা ত্বরক CERN-এর Large Hadron Collider (এলএইচসি) একটি বড় উন্নতিসাধন প্রকল্পের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ২৯ জুন থেকে। এই পরিকল্পিত বন্ধের পর যন্ত্রটি ২০৩০ সালে নতুন ও আরও শক্তিশালী রূপে চালু হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, উন্নতিসাধনের পর এলএইচসি “হাই-লুমিনোসিটি লার্জ হ্যাড্রন কোলাইডার” (HL-LHC) নামে পরিচিত হবে। নতুন সংস্করণটি বর্তমান যন্ত্রের তুলনায় প্রায় ১০ গুণ বেশি কণা-সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে পারবে। ফলত ডার্ক ম্যাটার, অ্যান্টিম্যাটার এবং মহাবিশ্বের প্রাথমিক অবস্থা প্রভৃতি জটিল বিষয় নিয়ে গবেষণায় নতুন সুযোগ তৈরি হবে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তে জেনেভার কাছে অবস্থিত এই বিশাল কণা ত্বরণ যন্ত্রটি ২০০৯ সাল থেকে চালু রয়েছে। এর অন্যতম বড় সাফল্য ছিল ২০১২ সালে হিগস বোসন কণার অস্তিত্বের প্রমাণ আবিষ্কার, যা আধুনিক পদার্থবিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত। CERN-এর বিজ্ঞানীদের মতে, এই উন্নতিসাধনের মাধ্যমে কণা ত্বরণ যন্ত্রটির কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। এর বৈজ্ঞানিক কার্যক্রম অন্তত ২০৪০-এর দশক পর্যন্ত চালিয়ে যাওয়া সম্ভব হবে। নতুন প্রযুক্তি সংযোজনের ফলে বিজ্ঞানীরা আরও বেশি সংখ্যক কণা-সংঘর্ষ পর্যবেক্ষণ করতে পারবেন, যা মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে। গবেষকদের আশা, উন্নত এই কণা ত্বরণ যন্ত্রটি ভবিষ্যতে পদার্থবিজ্ঞানের নতুন আবিষ্কারের পথ খুলে দেবে। তবে ২০৪০-এর দশকের পর এটি ধীরে ধীরে অবসর নেবে , তার জায়গায় আরও উন্নত পরবর্তী প্রজন্মের কণা ত্বরণ যন্ত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিজ্ঞানীদের কাছে তাই এই চার বছরের বিরতি কোনো সমাপ্তি নয়, বরং মহাবিশ্বের গভীরতম রহস্য অনুসন্ধানের জন্য আরও বড় প্রস্তুতির সূচনা।

 

সূত্র: based on research published in Geophysical Research Letters (1991).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =