ব্যাকটেরিয়ার সুরক্ষাবর্মে ছিদ্রসন্ধান 

ব্যাকটেরিয়ার সুরক্ষাবর্মে ছিদ্রসন্ধান 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ জুন, ২০২৬

অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাকটেরিয়া কিভাবে নিজেদের রক্ষা করে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা বহুদিনের। বিজ্ঞানীরা দেখেন ব্যাকটেরিয়ার বাইরের সুরক্ষামূলক আচ্ছাদন বা “এনভেলপ” তৈরির পেছনে অত্যন্ত সুসংগঠিত একটি প্রক্রিয়া কাজ করে। তাদের চারপাশে একটি জটিল আচ্ছাদন থাকে, যা তাকে বাইরের প্রতিকূল পরিবেশ, বিষাক্ত রাসায়নিক এবং অনেক ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের আক্রমণ থেকে রক্ষা করে। এতদিন মনে করা হত, এই আচ্ছাদন তৈরি করতে বিভিন্ন ধরনের প্রোটিন ও অণু একসঙ্গে কাজ করে। কিন্তু পুরো প্রক্রিয়াটি কীভাবে সমন্বিত হয়, সে সম্পর্কে কোন স্পষ্ট ধারণা ছিল না। সাম্প্রতিক গবেষণায় জানা যাচ্ছে এই সুরক্ষাবর্ম তৈরি করার জন্য ব্যাকটেরিয়ার ভেতরে একাধিক প্রোটিন এক ধরনের নির্মাণ শ্রমিকের মতো সমন্বিতভাবে কাজ করে। প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং তারা ধাপে ধাপে আচ্ছাদনটির বিভিন্ন অংশ গড়ে তোলে। বাইরের আচ্ছাদনটি শুধু একটি স্থির কাঠামো নয়। এটি ক্রমাগত পরিবর্তিত ও পুনর্গঠিত হয়। ব্যাকটেরিয়া যখন বংশবৃদ্ধি করে বা বিভাজিত হয়, তখন নতুন কোষ তৈরি করার জন্য এই আচ্ছাদনকেও প্রসারিত ও পুনর্নির্মাণ করতে হয়। আর সেই কাজটি সম্পন্ন হয় অত্যন্ত নিখুঁত সমন্বয়ের মাধ্যমে। তাছাড়া কিছু বিশেষ প্রোটিন আচ্ছাদনের বিভিন্ন উপাদানকে সঠিক জায়গায় পৌঁছে দেয় এবং সেগুলিকে একত্রিত করে একটি শক্তিশালী স্তর তৈরি করে। এই প্রক্রিয়ায় সামান্য ব্যাঘাত ঘটলেও ব্যাকটেরিয়ার সুরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এই কারণেই গবেষকরা মনে করছেন, ভবিষ্যতের অ্যান্টিবায়োটিক উন্নয়নের ক্ষেত্রে এই নতুন তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি এমন ওষুধ তৈরি করা যায় যা এই নির্মাণ প্রক্রিয়াকে ব্যাহত করতে সক্ষম হয়, তাহলে ব্যাকটেরিয়ার প্রতিরক্ষাবর্ম দুর্বল হয়ে যাবে এবং তাদের ধ্বংস করা অনেক সহজ হবে। বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বাড়ছে। বহু সংক্রমণ এখন প্রচলিত ওষুধে সহজে সাড়া দিচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন ধরনের চিকিৎসা কৌশল খুঁজে বের করা চিকিৎসাবিজ্ঞানের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যাকটেরিয়ার সুরক্ষাবর্ম তৈরির এই মৌলিক প্রক্রিয়া সম্পর্কে গভীর ধারণা পাওয়া সেই চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ, ব্যাকটেরিয়ার দুর্বল জায়গাগুলি চিহ্নিত করতে পারলেই তাদের বিরুদ্ধে আরও লক্ষ্যভিত্তিক ও কার্যকর ওষুধ তৈরি করা সম্ভব হবে। এই আবিষ্কার শুধু ব্যাকটেরিয়ার জৈবিক গঠন সম্পর্কে নতুন জ্ঞানই দেবে না, উপরন্তু ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্রমবর্ধমান সংকট মোকাবিলাযতেও কার্যকর অস্ত্র হিসেবে কাজ করতে পারে। সূত্র: The Microbiologist; June; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =