ভার্চুয়াল অভিজ্ঞতায় মস্তিষ্কের সাড়া 

ভার্চুয়াল অভিজ্ঞতায় মস্তিষ্কের সাড়া 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ মে, ২০২৬

মানুষের মস্তিষ্ক পরিস্থিতি অনুযায়ী কতটা বদলাতে পারে, তারই এক অভিনব উদাহরণ দেখালেন বিজ্ঞানীরা। ভার্চুয়াল রিয়্যালিটি (VR) প্রযুক্তির সাহায্যে তাঁরা কিছু স্বেচ্ছাসেবীকে ‘ডানা’ ব্যবহার করার অভিজ্ঞতা দেন। আর তাতেই বদলে যেতে শুরু করে তাঁদের মস্তিষ্কের প্রতিক্রিয়া। চীনের বেইজিং নর্মাল বিশ্ববিদ্যালয় এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে চালিত এই গবেষণায় ২৫ জন অংশ নেন। এক সপ্তাহ ধরে তাঁরা VR পরিবেশে বড় পালকওয়ালা ভার্চুয়াল ডানা নিয়ন্ত্রণ করার অনুশীলন করেন। অংশগ্রহণকারীদের হাতে বিশেষ গতি – অনুসারক সেন্সর লাগানো হয়েছিল। কনুই ও কবজির নড়াচড়ার সঙ্গে মিলিয়ে ভার্চুয়াল ডানাগুলি বাস্তবের মতোই ঝাপটাতে ও ভেসে চলতে পারত। ফলে অংশগ্রহণকারীরা ওড়ার অভিজ্ঞতা পান। প্রশিক্ষণের আগে ও পরে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের fMRI স্ক্যান করা হয়। বিশেষ করে নজর দেওয়া হয় তাঁদের মস্তিষ্কের অক্সিপিটো-টেম্পোরাল কর্টেক্স (OTC) অঞ্চলে। এটি সাধারণত শরীরের বিভিন্ন অঙ্গ চিনতে সাহায্য করে। শুরুতে এই অংশ ডানার ছবিতে খুব কম সাড়া দিচ্ছিল। কিন্তু এক সপ্তাহের প্রশিক্ষণের পর পরিস্থিতি বদলে যায়। দেখা যায়, ডানার ছবি দেখলে মস্তিষ্কের প্রতিক্রিয়া অনেক বেড়ে যাচ্ছে। এমনকি ডানার জন্য তৈরি হওয়া স্নায়বিক প্রতিক্রিয়ার ধরন মানুষের হাত বা বাহুর প্রতিক্রিয়ার সঙ্গে অনেকটাই মিলতে শুরু করে। বিজ্ঞানীদের মতে, এর অর্থ হল মস্তিষ্ক ধীরে ধীরে এই কৃত্রিম ডানাকে শরীরের অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষের বিবর্তনের ইতিহাসে কখনও ডানার অস্তিত্ব ছিল না। তবু শুধুমাত্র নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিগত প্রতিক্রিয়ার মাধ্যমে মস্তিষ্ক এই অচেনা অঙ্গকে মানিয়ে নিতে পেরেছে। এই আবিষ্কার হয়তো ভবিষ্যতে স্নায়বিক পুনর্বাসন, কৃত্রিম অঙ্গ তৈরির প্রযুক্তি এবং মানুষের সক্ষমতা বাড়ানোর নতুন প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে।

 

সূত্রঃ www.sciencealert.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 3 =