মস্তিষ্কের ডান দিক আর শরীরের বাঁ দিক 

মস্তিষ্কের ডান দিক আর শরীরের বাঁ দিক 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ নভেম্বর, ২০২৬

মানব মস্তিষ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য হল, মস্তিষ্কের ডান অংশ শরীরের বাঁ দিককে এবং বাম অংশ শরীরের ডান দিককে নিয়ন্ত্রণ করে। তাই মস্তিষ্কের ডান দিকে স্ট্রোক হলে শরীরের বাঁ দিকে পক্ষাঘাত হয় বা ঐ দিকটা দুর্বল হয়ে পড়ে। স্নায়ুতন্ত্রের এই বিপরীতমুখী সংযোগকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘কনট্রাল্যাটেরাল অর্গানাইজেশন’। অনেকদিন ধরেই বিজ্ঞানীরা এই অদ্ভুত বিপরীতধর্মিতার বিবর্তনগত কারণ খুঁজছিলেন।

সাম্প্রতিক এক গবেষণায় দুই স্নায়ুবিজ্ঞানী মনে করছেন, এর সূত্র লুকিয়ে রয়েছে প্রায় ৫০ কোটি বছর আগের আদিম মাছের চোখের গঠনে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী মার্টিন ওয়েসেনডর্ফ এবং ড্যানিয়েল ওয়াং বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের গঠন নিয়ে একাধিক গবেষণা পর্যালোচনা করে এই নতুন ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের এই গবেষণাটি সবিস্তারে প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন নিউরোঅ্যানাটোমি পত্রিকায়। এটি নতুন কোনও পরীক্ষার ফল নয়, বরং দীর্ঘদিনের অঙ্গসংস্থানগত তথ্যের ভিত্তিতে তৈরি একটি বিবর্তনমূলক অনুমান।

গবেষকদের মতে, এই বিপরীতমুখী স্নায়ুসংযোগের সূচনা হয়েছিল চোখ থেকেই। চোখের লেন্স বাইরের দৃশ্যকে উল্টে রেটিনায় প্রতিফলিত করে। ফলে দৃশ্যের ডান দিকের তথ্য রেটিনার বাঁ দিকে এবং বাঁ দিকের তথ্য ডান দিকে এসে পড়ে। সেই তথ্য বহনকারী স্নায়ুতন্তুগুলি চোখের পিছনে একটি সংযোগস্থলে পরস্পরকে অতিক্রম করে মস্তিষ্কের বিপরীত দিকে পৌঁছোয়। মস্তিষ্কের মধ্যভাগে অবস্থিত অপটিক টেকটাম নামক একটি অংশ এই দৃশ্যতথ্য বিশ্লেষণ করে দ্রুত ঘুরে দাঁড়ানো বা বিপদ থেকে পালানোর মতো প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে।

গবেষকদের দাবি, ল্যাম্প্রে ও হ্যাগফিশের মতো চোয়ালবিহীন আদিম মাছের মধ্যেও এই বিপরীতমুখী দৃষ্টি সংক্রান্ত স্নায়বিক ব্যবস্থা রয়েছে। ফলে প্রায় ৫০ কোটি বছর আগে, ক্যামব্রিয়ান যুগের প্রথম দিকের মেরুদণ্ডী প্রাণীদের মধ্যেই এর উৎপত্তি হয়েছিল বলে মনে করা হচ্ছে।

পরবর্তী বিবর্তনে স্পর্শ, ব্যথা, তাপমাত্রা এবং শরীরের অবস্থান বোঝার স্নায়ুপথগুলিও মেরুদণ্ড থেকে মস্তিষ্কে যাওয়ার পথে বিপরীত দিকে অতিক্রম করতে শুরু করে। উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী—বিভিন্ন প্রাণীর মধ্যেই এই ব্যবস্থা দেখা যায়। অর্থাৎ, স্তন্যপায়ীদের আবির্ভাবের বহু আগেই এই স্নায়বিক বিন্যাস তৈরি হয়েছিল।

মানুষের হাতের নড়াচড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রেও রয়েছে বিবর্তনের এক চাঞ্চল্যকর ইতিহাস। গবেষকদের মতে, আঙুলের সূক্ষ্ম নড়াচড়া নিয়ন্ত্রণকারী স্নায়ুপথ সম্ভবত প্রথমে সংবেদনশীল তথ্য আদানপ্রদানের কাজে ব্যবহৃত হত। বিবর্তনের ধারায় সামান্য পরিবর্তনের মাধ্যমে সেই পুরনো স্নায়ুপথই পরে পেশির সূক্ষ্ম নিয়ন্ত্রণে কাজে লাগতে শুরু করে।

এখন প্রশ্ন হল, তাহলে কেন এই বিপরীতমুখী সংযোগ বজায় রইল? গবেষকদের ধারণা, আদিম মস্তিষ্কে দৃষ্টি, স্পর্শ ও শ্রবণসংক্রান্ত তথ্য এবং চলাচল নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষগুলি স্তরে স্তরে সাজানো ছিল। পরবর্তী সময়ে নতুন স্নায়ুপথ ও মস্তিষ্কের উন্নত অংশ গড়ে ওঠার সময় এই পুরনো বিন্যাস অনুসরণ করাই বিবর্তনের পক্ষে সহজ ছিল। সম্পূর্ণ নতুন করে স্নায়ুতন্ত্রের সংযোগ সাজাতে গেলে অনেক বেশি জটিলতা ও শক্তির প্রয়োজন হত।

তবে ঘ্রাণ ও স্বাদের মতো ইন্দ্রিয়ের স্নায়ুপথ সাধারণত মস্তিষ্কের একই দিকে থাকে। আবার চলাচলের সমন্বয়কারী সেরিবেলামও শরীরের নিজের দিকটিকেই নিয়ন্ত্রণ করে।

এই অনুমানের সত্যতা যাচাই করতে গবেষকেরা ক্যামব্রিয়ান যুগের জীবাশ্ম পরীক্ষা করার কথা বলেছেন। প্রাচীন মাছের জীবাশ্মে মস্তিষ্কের গঠন বা তার ছাপ পাওয়া গেলে বোঝা যেতে পারে, সেই সময়েই চোখের স্নায়ুতন্তু বিপরীত দিকে অতিক্রম করত কি না। পাশাপাশি পক্ষী ও সরীসৃপের স্নায়ুপথ নিয়েও আরও গবেষণার প্রয়োজন।

অর্থাৎ, মানুষের মস্তিষ্কের এই অদ্ভুত সংযোগ হয়তো কোনও বিশেষ অভিযোজনের ফল নয়; হতে পারে কোটি কোটি বছরের বিবর্তনে তৈরি হওয়া এক প্রাচীন স্নায়বিক বিন্যাসের উত্তরাধিকার।

সূত্র: New hypothesis explains why the right side of the human brain controls the left side of the body, November17th 2026, published in Frontiers in Neuroanatomy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =