কেন মানুষ বারবার একই দোকান থেকে কেনাকাটা করে, একই খাবার বেছে নেয়, কিংবা পরিচিত পথেই হাঁটতে স্বচ্ছন্দ বোধ করে, সামনে আরও ভালো বিকল্প থাকলেও? মনোবিজ্ঞানে এই প্রবণতাকে এতদিন শুধু অভ্যাস, পরিচিতির প্রতি টান বা আগের অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়নের ফল হিসেবে দেখা হয়েছে। কিন্তু জার্মানির ড্রেসডেন টেকনিক্যাল ইউনিভার্সিটি (টিইউডি)-এর সাম্প্রতিক গবেষণা বলছে, কোনও একটি পরিস্থিতিতে মানুষ যে বিকল্পটি বেছে নিয়েছে, পরিস্থিতি বদলে গেলেও মস্তিষ্কে পরবর্তীতে তার দিকেই ঝোঁক থেকে যেতে পারে। অধ্যাপক স্টেফান কিবেল ও তাঁর দল নয়টি নতুন সিদ্ধান্তগ্রহণমূলক পরীক্ষা চালানোর পাশাপাশি আগে প্রকাশিত ছয়টি ডেটাসেট বিশ্লেষণ করেন। সব মিলিয়ে গবেষণায় অংশ নেন ৭০০-রও বেশি মানুষ। গবেষণার মূল বিচার্য ছিল, মানুষ কীভাবে বিভিন্ন বিকল্পের মূল্য নির্ধারণ করতে শেখে এবং পরে নতুন পরিস্থিতিতে সেই বিকল্পগুলির মধ্যে কীভাবে বাছাই করে। প্রধান লেখক ড. বেন ভাগনারের মতে, মানুষের অনেক তথাকথিত ‘অযৌক্তিক’ পছন্দের পেছনে সবসময় বিকল্পগুলির তুলনামূলক মূল্যায়ন কাজ করে না। বরং কোনও একটি কাজ একবার পছন্দ করার পর সেটি আবার করার প্রবণতাই পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ, প্রতিবার নতুন করে সব বিকল্পের ভালো-মন্দ বিচার না করে মস্তিষ্ক অনেক সময় আগের সিদ্ধান্তের স্মৃতিকেই মানসিক শর্টকাট হিসেবে ব্যবহার করে। ফলে পুরনো বাছাইটাই নতুন পরিস্থিতিতেও ফিরে আসে। এমনকি যে বিকল্পটি মানুষ বেশি বার বেছে নিয়েছে, সেটিকে অনেক ক্ষেত্রে আরও ভালো বলেও মনে হয়েছে। অর্থাৎ, বারবার বেছে নেওয়ার অভিজ্ঞতাই সেই পছন্দের প্রতি ইতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করে। দৈনন্দিন জীবনে একই ব্র্যান্ডের পণ্য কেনা, একই রেস্তোরাঁয় খাওয়া, পরিচিত অ্যাপ ব্যবহার করা বা একই রুটিন মেনে চলার মধ্যেও এর প্রতিফলন দেখা যেতে পারে। সেরা নয়, পরিচিত সিদ্ধান্তটিই অনেক সময় সহজ ও নিরাপদ বলে মনে হয়। গবেষণাটি শুধু মানুষের সিদ্ধান্তগ্রহণের মনস্তত্ত্ব বুঝতেই নয়, অভ্যাস, আচরণ এবং বেছে নেওয়ার প্রক্রিয়া বোঝার ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে পারে।
সূত্র: Ben J. Wagner, H. Benedikt Wolf, Stefan J. Kiebel. Action repetition biases choice in context-dependent decision-making. Communications Psychology, 2025; 3 (1) DOI: 10.1038/s44271-025-00363-x ; ScienceDaily; Aug; 2026
