মহাকাশে ছুটে চলেছে জাপানের মহাকাশযান হায়াবুসা-২। লক্ষ্য, ১৯৯৮ KY26 নামক এক রহস্যময় মহাজাগতিক বস্তুর কাছে পৌঁছনো। ২০১৪ সালে উৎক্ষিপ্ত এই মহাকাশযানের মূল কাজ ছিল গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা। ২০১৮ সালে রিউগু নামে একটি গ্রহাণুতে প্রায় দেড় বছর কাটিয়ে সৌরজগতের প্রাথমিক পর্বের জৈব যৌগের নমুনা পৃথিবীতে নিয়ে আসে সেটি। এর পরেই বাড়ানো হয় হায়াবুসা-২-র অভিযানের মেয়াদ। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের জুলাইয়ে মহাকাশযানটির পৌঁছনোর কথা ১৯৯৮ KY26-এ। আকারে বস্তুটি রিউগুর তুলনায় প্রায় ১০০ গুণ ছোট। এমনকী, হায়াবুসা-২-র সঙ্গে এর আকারের খুব বেশি ফারাক নেই। মাত্র ৫.৩৫ মিনিটে একবার নিজের অক্ষের চারদিকে ঘুরে নেয় এটি। তবে জ্যোতির্বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে এর অস্বাভাবিক গতিবিধি। সাধারণ গ্রহাণুর মতো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে চলার পাশাপাশি এটি মাঝেমধ্যেই অপ্রত্যাশিত ভাবে কক্ষপথের লম্ব দিকে ত্বরণ লাভ করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ আভি লোয়েব ও তাঁর সহকর্মীদের এক গবেষণায় দাবি করা হয়েছিল, এটি আদৌ গ্রহাণু নয়, হয়তো পরিত্যক্ত সোভিয়েত মহাকাশযান ফোবোস-১। তবে গবেষণাটি এখনও বিশেষজ্ঞদের পর্যালোচনার মধ্য দিয়ে যায়নি। এর আরও একটি সম্ভাবনা ছিল, ১৯৯৮ KY26 আসলে একটি ‘ডার্ক কমেট’ বা অন্ধকার ধূমকেতু। এ ধরনের বস্তু দেখতে গ্রহাণুর মতো হলেও তার পৃষ্ঠের নীচে বরফ লুকিয়ে থাকতে পারে। সূর্যের তাপে সেই বরফ থেকে গ্যাস বেরিয়ে মহাজাগতিক বস্তুর গতিপথে পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু ইকারাস পত্রিকায় প্রকাশিত নতুন গবেষণা সেই সম্ভাবনাকেই প্রশ্নের মুখে ফেলেছে। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের তৈরি তাপমাত্রার মডেল বলছে, ১৯৯৮ KY26 এতটাই উষ্ণ যে তার ভিতরে বরফ টিকে থাকা কঠিন। বরফ থাকলে তা থেকে নির্গত জলীয় বাষ্পের হার এত বেশি হত যে বহু আগেই তা নিঃশেষ হয়ে যেত। তা হলে এই অদ্ভুত মহাজাগতিক বস্তুটি কী? গ্রহাণু, ধূমকেতু, নাকি অন্য কিছু? উত্তর এখনও অজানা। রহস্যের সমাধানে আপাতত নজর ২০৩১ সালের জুলাইয়ে—যখন ওই বস্তুটির কাছাকাছি পৌঁছবে হায়াবুসা-২।
সূত্র: Thermally Unfavorable Conditions of Volatile Existence in Near-Earth Asteroid 1998 KY26 — Korbin Hansen ও Masatoshi Hirabayashi ; ArcXiv
