মহাকাশের গভীরে গ্যাস আর ধুলোর বিশাল মেঘ। তারই মধ্যে যেন বসে রয়েছে একটি বিড়াল ! উজ্জ্বল চোখ, স্পষ্ট মাথা আর নীচের দিকে নেমে আসা শরীর। দেখলে মনে হবে, অন্ধকার মহাকাশে নিঃশব্দে পাহারা দিচ্ছে এক রহস্যময় প্রাণী। সম্প্রতি নাসার হাব্ল ও জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের তোলা ছবিতে ধরা পড়েছে এমনই এক অপূর্ব দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘ক্যাটস হেড নেবুলা’ বা ‘বিড়াল মুণ্ড নীহারিকা’। এটি আসলে ক্যারিনা নীহারিকারই একটি অংশ। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৭,৫০০ আলোকবর্ষ। এই অঞ্চলে থাকা বিশাল ভরের নক্ষত্রগুলির তীব্র অতিবেগুনি রশ্মি ও নাক্ষত্রিক বায়ুর প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে গ্যাস ও ধুলোর মেঘের আকার বদলে তৈরি হয়েছে এই অদ্ভুত অবয়ব। বিড়াল সদৃশ অংশের উজ্জ্বল চোখটি সম্ভবত সদ্যজাত একটি নক্ষত্র। ধুলোর ঘন আস্তরণে ঢাকা থাকায় তাকে পুরোপুরি দেখা যায় না। নীহারিকার গ্যাসের ঘনত্ব সর্বত্র সমান নয়। ফলে কোথাও পদার্থ দ্রুত ক্ষয়ে যাচ্ছে, কোথাও আবার টিকে থাকছে তুলনায় বেশি সময়। এই অসম ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে এমন বিস্ময়কর গঠন। হাব্লের দৃশ্যমান আলোর ছবিতে বিড়ালের অবয়বের চারপাশে হলুদাভ উজ্জ্বল রেখা দেখা যায়। নক্ষত্রের অতিবেগুনি বিকিরণে গ্যাস আয়নিত হওয়ার ফলেই এই আলো তৈরি হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এখানে ঘটছে ‘ফটোইভাপোরেশন’- তীব্র বিকিরণের তাপে গ্যাস ধীরে ধীরে বাষ্পের মতো ছড়িয়ে পড়ছে। ছবিতে নীল রং অক্সিজেন, সবুজ হাইড্রোজেন এবং লাল সালফারের উপস্থিতি নির্দেশ করছে। অন্য দিকে, জেমস ওয়েবের নিকট-অবলোহিত ও মধ্য-অবলোহিত ছবিতে ধরা পড়েছে নীহারিকার আরও দুই রূপ। নিকট-অবলোহিত আলো ধুলোর আড়ালে থাকা কিছু নক্ষত্রের আলোও ধরতে পারে। তাই এই ছবিতে বিড়ালের শরীরটা অনেক স্বচ্ছ দেখায়। পাশাপাশি পিছনের মহাকাশের দৃশ্যও স্পষ্ট হয়ে ওঠে। মধ্য-অবলোহিত ছবিটি আরও রহস্যময়। এখানে আলোর চেয়ে ধুলোর তাপীয় বিকিরণই বেশি গুরুত্বপূর্ণ। ধূলিকণা ও কার্বন-সমৃদ্ধ অণুর তাপ থেকে তৈরি হয়েছে সাদা রেখার মতো একটা অবয়ব। ফলে গোটা নীহারিকাটিকে মনে হয় মহাকাশে ভাসমান এক অলৌকিক বিড়ালের ছায়া। তবে ছবির এই রংগুলি কিন্তু সরাসরি মহাকাশে দেখা রং নয়। দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়া সাদা-কালো ও ধূসর তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নির্দিষ্ট রং দিয়েছেন, যাতে বিভিন্ন গ্যাস, ধুলো ও বিকিরণের বৈশিষ্ট্য সহজে বোঝা যায়। একই মহাজাগতিক বস্তুকে তিন ধরনের আলোয় দেখিয়ে হাব্ল ও জেমস ওয়েব আবারও বুঝিয়ে দিল, মহাবিশ্বের এক একটি দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকে কত বিচিত্র বৈজ্ঞানিক কাহিনী।
সূত্র: Nautilus; October; 2026
