মহাকাশে স্বয়ংক্রিয় রোবটের বাহুবল 

মহাকাশে স্বয়ংক্রিয় রোবটের বাহুবল 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ নভেম্বর, ২০২৬

মহাকাশে বিশাল টেলিস্কোপ, শক্তিশালী সংযোজক অ্যান্টেনা কিংবা সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হলে এত দিন নির্ভর করতে হত পৃথিবী থেকে পাঠানো যন্ত্রাংশ এবং মহাকাশচারীদের ওপর। কিন্তু এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে এক নতুন সম্ভাবনার পথ দেখাল ক্যালটেক গবেষকদের তৈরি একটি রোবট। প্রথমবারের মতো মহাকাশে কোনও মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে একটি কাঠামোর অংশবিশেষ নির্মাণ করতে সক্ষম হয়েছে রোবটটি। বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে মহাকাশেই বিশালাকার পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের গবেষণা সংস্থা DARPA-র অর্থায়নে তৈরি এই প্রযুক্তি ‘নভেল অরবিটাল অ্যান্ড মুন ম্যানুফ্যাকচারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মাস-এফিশিয়েন্ট ডিজাইন’ (NOM4D) কর্মসূচির অন্তর্গত। ক্যালটেকের অধ্যাপক সার্জিও পেলেগ্রিনোর নেতৃত্বে তৈরি হয়েছে স্বয়ংক্রিয় নির্মাণব্যবস্থা ASTRA। এর মূল উদ্দেশ্য হল মহাকাশে রোবটের সাহায্যে বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে প্রকাণ্ড একখানা কাঠামো তৈরি করা।

২০২৬ সালের ৩০ মার্চ স্পেসএক্সের Transporter-16 অভিযানের মাধ্যমে ASTRA-কে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হয়। মোমেন্টাস সংস্থার Vigoride 7 মহাকাশযানে মাত্র এক ঘনমিটার জায়গা জুড়ে রাখা হয়েছিল পুরো ব্যবস্থাটি। এর মধ্যে ছিল একটি স্বয়ংক্রিয় রোবোটিক বাহু, বিভিন্ন সংযোগকারী অংশ এবং কাঠামো তৈরির উপযোগী কার্বন-কম্পোজিট নল। রোবটটি যন্ত্রাংশগুলি সংগ্রহ করে অ্যালুমিনিয়ামের সংযোগকারীর সাহায্যে জুড়ে কাঠামোর ছোট ছোট অংশ বা ‘বে’ তৈরি করে। এই অংশগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় ত্রিমাত্রিক কাঠামো বা ‘ট্রাস’ গঠন করে।

কক্ষপথে পৌঁছনোর পর পৃথিবী থেকে পাঠানো নির্দেশ অনুযায়ী রোবটটি প্রথমে আগে থেকে জোড়া লাগানো দুটি কাঠামোগত অংশ বের করে আনে। এরপর নিজস্ব যন্ত্রের সাহায্যে তৃতীয় অংশটি নির্মাণ করে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হলেও গবেষকরা পৃথিবী থেকে ছবি দেখে রোবটের কাজ পর্যবেক্ষণ করেন। কোনও সমস্যা দেখা দিলে পরীক্ষাগারে রাখা একই ধরনের একটি যন্ত্রের সাহায্যে সমস্যাটি পুনর্নির্মাণ করে সমাধান খুঁজে বের করেন এবং নতুন নির্দেশ পাঠান। দিনে মাত্র সাত-আটবার, প্রতিবার প্রায় ১৫ মিনিটের জন্য রোবটটির সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া যেত।

এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল ১.৪ মিটার ব্যাসের একটি প্রতিফলক অ্যান্টেনা তৈরি করা। এর জন্য কার্বন-কম্পোজিট নল, অ্যালুমিনিয়ামের সংযোগকারী এবং ক্যাপ্টন নামক হালকা পলিমার দিয়ে তৈরি বিশেষ প্রতিফলক পর্দা ব্যবহারের পরিকল্পনা ছিল। সম্পূর্ণ অ্যান্টেনা তৈরির জন্য মোট ১১টি অংশ জোড়া লাগানোর কথা। তবে প্রযুক্তিগত সমস্যা ও সময়ের সীমাবদ্ধতার কারণে পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও মহাকাশে কাঠামোর একটি অংশ স্বয়ংক্রিয়ভাবে নির্মাণের সাফল্যকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখছেন গবেষকরা।

এই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা আরও ব্যাপক। রকেটের ভিতরে জায়গার সীমাবদ্ধতার কারণে বিশাল টেলিস্কোপ বা অ্যান্টেনা একসঙ্গে মহাকাশে পাঠানো কঠিন। কিন্তু প্রয়োজনীয় উপকরণ আলাদা করে পাঠিয়ে কক্ষপথেই সেগুলি জুড়ে নেওয়া গেলে কয়েকশো মিটার, এমনকি কয়েক কিলোমিটার দীর্ঘ কাঠামোও তৈরি করা সম্ভব হতে পারে। DARPA-র দীর্ঘমেয়াদি লক্ষ্যও এমন বিশাল পরিকাঠামো নির্মাণের প্রযুক্তি গড়ে তোলা।

ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে বৃহৎ মহাকাশ টেলিস্কোপ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং মহাকাশে সৌরবিদ্যুৎ সংগ্রহের বিশাল কেন্দ্র তৈরি করা সম্ভব হতে পারে। অর্থাৎ, মহাকাশ অভিযানের ভবিষ্যৎ শুধু পৃথিবী থেকে যন্ত্র পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, মহাকাশেই প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ করা সম্ভব হতে পারে। এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন গবেষকেরা। তাদের গবেষণার সাফল্য এখানেই।

সূত্রঃ California Institute of Technology. “Caltech robot makes history by building a structure in space.” ScienceDaily, 9 November 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 6 =