মানসিক সুস্থতা ও মস্তিষ্কের গঠন

মানসিক সুস্থতা ও মস্তিষ্কের গঠন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ আগষ্ট, ২০২৬

মানসিক ও বোধবুদ্ধিগত সক্ষমতা উন্নত হলে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের সম্মুখ ভাগের গঠনও বদলে যায়। নতুন এক গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের আয়তন বা পুরুত্ব প্রায় অপরিবর্তিত থাকলেও এর বাইরের ভাঁজ ও খাঁজ গভীরতর ও জটিলতর হয়ে ওঠে। কানসাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকদের নেতৃত্বে প্রায় চার বছর ধরে ২০ থেকে ৭০ বছর বয়সি ১৯০ জন সুস্থ প্রাপ্তবয়স্কের এমআরআই স্ক্যান ও ব্রেনহেলথ ইনডেক্স বিশ্লেষণ করা হয়। এই সূচকে চিন্তাশক্তি, মানসিক সুস্থতা ও সামাজিক সংযোগের মূল্যায়ন করা হয়। দেখা যায়, যাঁদের মগজ সুস্থতা সূচক (ব্রেনহেলথ ইনডেক্স) উন্নত হয়েছে, তাঁদের মস্তিষ্কের ইনসুলা ও পোস্টেরিয়র সিঙ্গুলেট অঞ্চলে ভাঁজ আরও ঘন হয়েছে। নারীদের ক্ষেত্রে স্মৃতি ও আত্ম-অনুধাবনের সঙ্গে যুক্ত প্রিকুনিয়াস অঞ্চলে খাঁজ গভীরতর হয়েছে, আর পুরুষদের ক্ষেত্রে মস্তিষ্কের ভাঁজের জটিলতা বেশি বেড়েছে। বিজ্ঞানীরা জানান, সাধারণ বার্ধক্য বা আলঝেইমার রোগে মস্তিষ্কের ভাঁজের গভীরতা ও জটিলতা কমে। কিন্তু এই গবেষণায় সুস্থ মানুষের ক্ষেত্রে ঠিক উল্টো চিত্র দেখা গেছে। এটি প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা নিজেকে পুনর্গঠনের ক্ষমতার প্রমাণ। তবে গবেষণাটি কোনো নির্দিষ্ট অভ্যাসকে এর কারণ হিসেবে চিহ্নিত করেনি। গবেষকদের পরামর্শ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, মানসিক অনুশীলন, চাপ নিয়ন্ত্রণ এবং অর্থবহ সামাজিক সম্পর্ক মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

সূত্র: Brain Imaging and Behaviour ; Earth . com ; August 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =