ম্যাক্স বর্ন -এর সূত্র: কেন কার্যকর? 

ম্যাক্স বর্ন -এর সূত্র: কেন কার্যকর? 

অঙ্কিতা গাঙ্গুলী
বিজ্ঞানভাষ সম্পাদকীয় বিভাগ
Posted on ১৪ নভেম্বর, ২০২৬

প্রকৃতির অতি ক্ষুদ্র-সূক্ষ্ম জগৎকে বোঝার জন্য পদার্থবিজ্ঞানের অন্যতম সফল তত্ত্ব হল কোয়ান্টাম বলবিদ্যা। পরমাণু, ইলেকট্রন কিংবা আলোককণার মতো একেবারে মৌলিক কণার আচরণ ব্যাখ্যা করতে এই তত্ত্বের জুড়ি নেই। কিন্তু সফল হলেও এই প্রশ্নের উত্তরটা কি পাওয়া গেল যে, কোয়ান্টাম জগতে কোনও ঘটনা ঘটার সম্ভাব্যতার হিসাব করতে একটি নির্দিষ্ট গাণিতিক রাশির বর্গ করতে হয় কেন? ঘন, জটিল বা অন্য কোনো ঘাত নয় কেন? এক শতাব্দী পেরিয়েও এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মেলেনি।

১৯২৬ সালে পদার্থবিদ ম্যাক্স বর্ন একটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রস্তাব করেন। তাঁর নিয়ম অনুযায়ী, কোয়ান্টাম জগতে কোনও নির্দিষ্ট ঘটনা ঘটার সম্ভাবনা জানতে হলে প্রথমে সেই ঘটনার সঙ্গে যুক্ত একটি গাণিতিক রাশি নির্ণয় করতে হয়। একে বলা হয় ‘অ্যামপ্লিটিউড’ বা সম্ভাবনা-প্রশস্ততা। এরপর ওই রাশির পরম মানের বর্গ করলেই পাওয়া যায় ঘটনাটি ঘটার সম্ভাবনা। সহজ কথায়, অ্যামপ্লিটিউডের বর্গই বলে দেয় কোনও ঘটনা ঘটার সম্ভাবনা কতটা। এই নিয়মকে বলা হয় ‘বর্ন-এর নিয়ম’।

সমস্যা কিন্তু অন্য জায়গায়। কোয়ান্টাম বলবিদ্যার এক প্রতিষ্ঠাতা এরউইন শ্রোয়েডিঙ্গারের সমীকরণ অনুসারে, সময়ের সঙ্গে অ্যামপ্লিটিউড কীভাবে পরিবর্তিত হয়, সেই ব্যাখাটা নিয়েই তো সমস্যা। কিন্তু সেই অ্যামপ্লিটিউডের বর্গ করেই যে সম্ভাবনা নির্ণয় করতে হবে, তা তো সমীকরণটি সরাসরি বলে না। ১৯২৬ সালে পদার্থবিদ ম্যাক্স বর্ন একটি গবেষণাপত্রের পাদটীকায় এই ধারণা তুলে ধরেন। পরবর্তী সময়ে তাঁর প্রস্তাবিত সেই নিয়মই কোয়ান্টাম বলবিদ্যার ভিত্তি হয়ে ওঠে। এই অবদানের জন্য কয়েক দশক পরে তিনি নোবেল পুরস্কারও পান। তবু প্রশ্নটা থেকেই যায় : বর্গের পরিবর্তে অন্য কোনো গাণিতিক নিয়ম ব্যবহার করা সম্ভব নয় কেন?

প্রথম এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন গণিতবিদ অ্যান্ড্রু গ্লিসন। ১৯৫৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক একটি উপপাদ্য প্রকাশ করেন, যা ‘গ্লিসনের উপপাদ্য’ নামে পরিচিত। তাঁর প্রমাণ অনুযায়ী, তিন বা তার বেশি মাত্রার কোয়ান্টাম ব্যবস্থায় পরিমাপের সম্ভাবনাগুলি যদি কিছু নির্দিষ্ট সামঞ্জস্যপূর্ণ শর্ত পূরণ করে, তবে সম্ভাবনা নির্ণয়ের নিয়ম কার্যত একটিই, সেটা হল সেই চিরপরিচিত বর্ন-এর নিয়ম। অর্থাৎ, ইচ্ছেমতো অন্য কোনো ঘাত বেছে নিয়ে একইভাবে সম্ভাবনা নির্ণয় করা যায় না।

তবে, গ্লিসনের যুক্তি কয়েকটি নির্দিষ্ট অনুমানের ওপর নির্ভরশীল। তাই সমালোচকদের প্রশ্ন, যে শর্তগুলি ধরে নিয়ে নিয়মটি প্রমাণ করা হচ্ছে, তার মধ্যেই কি এমন কিছু রয়েছে যা পরোক্ষভাবে সেই নিয়মকেই ধরে নেয়? তা ছাড়া, এই উপপাদ্য সম্ভাবনার হিসাব কীভাবে করতে হবে, তা বুঝতে সাহায্য করলেও, সম্ভাবনা আসলে কী, সেই প্রশ্নের উত্তর দেয় না।

এই সমস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বহুজাগতিক ব্যাখ্যার ক্ষেত্রে। সেই ব্যাখ্যা অনুযায়ী, কোয়ান্টাম পরিমাপের সম্ভাব্য সব ফলই বাস্তবায়িত হয়, তবে পৃথক পৃথক শাখায়। তাহলে একটি ফলকে অন্যটির তুলনায় বেশি সম্ভাব্য বলা হবে কেন? পদার্থবিদ ডেভিড ডয়েচ এবং পরে ডেভিড ওয়ালেস যুক্তি দেন, বহুজাগতিক ধারণায় বিশ্বাসী একজন যুক্তিবাদী পর্যবেক্ষকের সিদ্ধান্ত ও বাজি ধরার নিয়ম শেষ পর্যন্ত বর্নের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। কিন্তু সমালোচকদের মতে, এই যুক্তিতে এমন কিছু অনুমান রয়েছে, যা প্রমাণ করতে চাওয়া নিয়মটিকেই আংশিকভাবে ধরে নেয়। ফলে বিতর্ক এখনও অব্যাহত। পদার্থবিদ ওজিয়ে জুরেক আবার কোয়ান্টাম জগতে বিজড়িত অবস্থার প্রতিসাম্য ব্যবহার করে বর্ন-এর নিয়ম ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

এই তাত্ত্বিক বিতর্কের পাশাপাশি পরীক্ষাগারেও নিয়মটির যথার্থতা যাচাই করা হয়েছে। ২০১০ সালে উর্বশী সিংহর নেতৃত্বে গবেষকেরা ফোটন বা আলোককণা নিয়ে ট্রিপল স্লিট এক্সপেরিমেন্ট করেন। সাধারণ ডবল স্লিটের পরীক্ষায় আলোকতরঙ্গের ব্যতিচার দেখা যায়। কিন্তু বর্ন-এর নিয়মের বাইরে সম্ভাবনা নির্ণয়ের অন্য কোনো নিয়ম কার্যকর হলে ট্রিপল স্লিটের ক্ষেত্রে অতিরিক্ত ব্যতিচার-সংক্রান্ত একটি পদ দেখা যাওয়ার কথা। সাধারণভাবে আলো একাধিক পথ দিয়ে গেলে তার তরঙ্গগুলি পরস্পরের সঙ্গে মিলে উজ্জ্বল ও অনুজ্জ্বল অংশ তৈরি করে। একেই বলে ব্যতিচার। কিন্তু

পরীক্ষায় এমন অতিরিক্ত পদের কোনো প্রমাণ মেলেনি। নির্দিষ্ট পরীক্ষাগত সীমার মধ্যে ফলাফল বর্ন-এর নিয়মের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল। এই পরীক্ষা নিয়মটির যথার্থতাকে সমর্থন করে বটে, কিন্তু কেন নিয়মটি সত্য, তা ব্যাখ্যা করে না।

কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন বিষয়টির আরেকটি আকর্ষণীয় ব্যাখ্যা দিয়েছেন। সাধারণ জীবনে কোনও ঘটনার বিভিন্ন সম্ভাবনা যোগ করলে মোট যোগফল এক হয়। যেমন, একটি মুদ্রা ছুড়লে মাথা বা পিঠ—এই দুই ফলের সম্ভাবনার যোগফল এক। কোয়ান্টাম জগতে হিসাবটি একটু আলাদা। এখানে সরাসরি অ্যামপ্লিটিউডগুলি যোগ করে সম্ভাবনা পাওয়া যায় না। তাদের পরম মানের বর্গের যোগফল এক রাখতে হয়। এই বর্গের নিয়ম কোয়ান্টাম জগতের গাণিতিক কাঠামোকে এমনভাবে কাজ করতে সাহায্য করে, যাতে কণার অবস্থা পরিবর্তিত হলেও মোট সম্ভাবনা অপরিবর্তিত থাকে এবং ব্যতিচারের মতো অদ্ভুত ঘটনাও ব্যাখ্যা করা যায়। তাই বর্গের ব্যবহার নিছক খেয়ালখুশি নয়, কোয়ান্টাম জগতের গঠন ও আচরণের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে।

মোটকথা, বর্ন-র নিয়মের যথার্থতা নিয়ে সন্দেহ করার মতো পরীক্ষাগত প্রমাণ এখনও নেই। কিন্তু কেন প্রকৃতি এই নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে পদার্থবিদদের মধ্যে অবশ্যই মতভেদ রয়েছে। গ্লিসনের উপপাদ্য, বহুজাগতিক ব্যাখ্যা, বিজড়িতাবস্থার প্রতিসাম্য এবং পরীক্ষাগারের ফল—সবই রহস্যটির বিভিন্ন দিক উন্মোচন করেছে। তবু একটি মৌলিক প্রশ্ন অমীমাংসিত। কোয়ান্টাম বলবিদ্যার সবচেয়ে সফল নিয়মগুলির যেটি অন্যতম, সেটি কি আরও গভীর কোনো নীতি থেকে অনিবার্যভাবে আসে, নাকি এটি প্রকৃতির এমন একটি মৌলিক বিধান, যাকে আপাতত মেনে নেওয়া ছাড়া উপায় নেই? শতবর্ষ পরেও সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা।

 

সূত্র: #BornRule #GleasonsTheorem #QuantumProbability #QuantumFoundations #MaxBorn #ManyWorlds #PhilosophyOfPhysics #FoundationsOfPhysics #WhySquares #PhilosophyOfScience

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =