লোহার গুঁড়ো থেকে বিদ্যুৎ উৎপাদন

লোহার গুঁড়ো থেকে বিদ্যুৎ উৎপাদন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ নভেম্বর, ২০২৬

কয়লার বিকল্প হিসেবে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেতে পারে লোহার গুঁড়ো! জার্মানির KIT ইনস্টিটিউটের গবেষকদের মতে, এই পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি একদিকে যেমন কার্বন ডাই-অক্সাইড নির্গমন ছাড়াই তাপ উৎপাদন করতে পারে, তেমনই নবায়নযোগ্য শক্তি দীর্ঘদিন ধরে সংরক্ষণ ও দূরবর্তী অঞ্চলে পরিবহণের নতুন উপায় হয়ে উঠতে পারে।

পদ্ধতিটি বেশ অভিনব। লোহার গুঁড়ো পোড়ালে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং তৈরি হয় আয়রন অক্সাইড বা মরচে। পরে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদিত হাইড্রোজেনের সাহায্যে সেই মরচে থেকে অক্সিজেন সরিয়ে আবার লোহা তৈরি করা যায়। এই লোহার গুঁড়ো পুনরায় জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ, একই লোহাকে বারবার কাজে লাগিয়ে তৈরি করা যায় একটি জ্বালানি চক্র ব্যবস্থা।

এই প্রযুক্তির বড় সুবিধা হল, পুরনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলিকেও নতুনভাবে ব্যবহার করা যেতে পারে। কয়লার মতোই লোহার গুঁড়ো পুড়িয়ে তাপ উৎপাদন করা সম্ভব। ফলে তাপ উৎপাদনের কিছু যন্ত্রাংশে পরিবর্তন আনলেই স্টিম টারবাইন, জেনারেটর ও বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো আগের মতো ব্যবহার করা যেতে পারে।

নবায়নযোগ্য শক্তি পরিবহণেও লোহার গুঁড়ো কার্যকর হতে পারে। উপকূলের বায়ুকল বা মরুভূমির সৌরবিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে হাইড্রোজেন তৈরি করে তার সাহায্যে মরচেকে লোহায় রূপান্তরিত করা যাবে। এরপর সেই লোহার গুঁড়ো সহজেই অন্যত্র নিয়ে গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। হাইড্রোজেনের মতো বিশেষ পাইপলাইন বা জটিল সংরক্ষণব্যবস্থারও প্রয়োজন নেই।

গবেষকেরা কম্পিউটার মডেলের সাহায্যে ২০৫০ সাল পর্যন্ত ইউরোপের জ্বালানি ব্যবস্থার সম্ভাবনা বিশ্লেষণ করেছেন। ব্যাটারি ও হাইড্রোজেনের সঙ্গে তুলনায় দেখা গিয়েছে, নানান পরিস্থিতিতেই লোহা থেকে বিদ্যুৎ উৎপাদন অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে। বিশেষত যেসব দেশে জলবিদ্যুৎ বা ভূগর্ভে হাইড্রোজেন মজুতের সুযোগ সীমিত, সেখানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

 

তবে বাস্তবে এই প্রযুক্তি কতটা সাশ্রয়ী হবে, তা নির্ভর করছে পুরনো বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তন এবং মরচে থেকে পুনরায় লোহা তৈরির দক্ষতার ওপর। গবেষকদের মতে, হাইড্রোজেনের বিকল্প নয়, বরং পরিপূরক হিসেবে লোহা ভবিষ্যতের কার্বনমুক্ত জ্বালানি ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

 

 

সূত্র: “A new iron age? The potential role of iron fuel in Europe’s clean energy transition” by Julia Schuler, Armin Ardone, Viktor Slednev and Wolf Fichtner, 8 June 2026, Chem Circularity.

DOI: 10.1016/j.checir.2026.100047

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 1 =