সবুজ পাতায় আগ্নেয় সংকেত 

সবুজ পাতায় আগ্নেয় সংকেত 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আগ্নেয়গিরি জেগে ওঠার আগেই তার আশপাশের গাছপালা হয়তো দিতে পারে আগাম সংকেত। কীভাবে? ভূগর্ভ থেকে ম্যাগমা উপরে উঠতে শুরু করলে প্রচুর কার্বন ডাই-অক্সাইড বেরিয়ে আসে। গাছের পাতা ও শিকড় সেই অতিরিক্ত CO2 শোষণ করে অনেকটা প্রাকৃতিক সারের মতো। ফলে বাড়ে সালোকসংশ্লেষণ, আর গাছপালা হয়ে ওঠে আরও সবুজ ও সতেজ। এই পরিবর্তন মহাকাশ থেকেও ধরা পড়ে। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এনডিভিআই (NDVI) নামে একটি সূচকের সাহায্যে এলাকার গাছপালা কতটা সবুজ হয়েছে, তা মাপতে পারেন। নাসার ল্যান্ডস্যাট-৮ ও টেরা, কিংবা ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল-২ প্রভৃতি উপগ্রহের নিয়মিত পাঠানো ছবি পাশাপাশি মিলিয়ে দেখলে আগ্নেয়গিরির চারপাশে হঠাৎ সবুজ বাড়ছে কি না, তা বোঝা সম্ভব। ইতালির মাউন্ট এটনা নিয়েও গবেষণায় দেখা গেছে, আগ্নেয়গিরি থেকে CO₂ নির্গমন বাড়ার সঙ্গে আশপাশের গাছপালা আরও সবুজ হয়ে ওঠার একটা সম্পর্ক রয়েছে। কিছু ক্ষেত্রে প্রচলিত সতর্কসংকেত দেখা দেওয়ার কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগেই এই পরিবর্তন দেখা যেতে পারে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল, বিপজ্জনক এলাকায় বারবার গিয়ে পরীক্ষা করার দরকার নেই। উপগ্রহের মাধ্যমেই দূর থেকে নজর রাখা যায়, এমনকি দুর্গম জায়গাতেও। তবে গাছের এই সংকেত একা চূড়ান্ত পূর্বাভাস নয়। ভূমিকম্পের তথ্য, মাটির বিকৃতি ও অন্যান্য আগ্নেয় সংকেতের সঙ্গে মিলিয়ে দেখলে তবেই এটি হয়ে উঠতে পারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আগে থেকে আঁচ করার আরও শক্তিশালী হাতিয়ার। এ হাতিয়ার রক্ষা করতে পারে আগ্নেয়গিরির আশপাশে বসবাসকারী কোটি কোটি মানুষকে।

সূত্র: NASA, “NASA Satellite Images Could Provide Early Volcano Warnings”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 14 =