সাঁতার শেখা শিশুরা পড়াশোনায় এগিয়ে 

সাঁতার শেখা শিশুরা পড়াশোনায় এগিয়ে 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ নভেম্বর, ২০২৬

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, সাঁতার শেখার অভ্যাস শিশুদের পড়াশোনার ক্ষেত্রেও বাড়তি সুবিধা দিতে পারে। বিশেষত ভাষা, অঙ্ক, নির্দেশ বোঝা এবং সামাজিক দক্ষতা বিকাশে সাঁতারের ইতিবাচক ভূমিকা রয়েছে। গবেষকদের মতে, পাঁচ বছরের কম বয়সি যেসব শিশু নিয়মিত সাঁতারের প্রশিক্ষণ নেয়, তারা সমবয়সি অন্য শিশুদের তুলনায় ৫ থেকে ১৮ মাস পর্যন্ত এগিয়ে থাকে।

 

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রবিন জর্গেনসেনের নেতৃত্বে চার বছর ধরে এই গবেষণা চালানো হয়। প্রায় ৭ হাজার মানুষের কাছ থেকে সমীক্ষার তথ্য সংগ্রহ করা হয় এবং ১৭৭ জন শিশুর ওপর সরাসরি বিভিন্ন পরীক্ষা করা হয়। শিশুদের ভাষা, গণিতপটুতা, শারীরিক দক্ষতা এবং নির্দেশ অনুসরণ করার ক্ষমতা যাচাই করতে Peabody Developmental Motor Scales এবং Woodcock-Johnson III প্রভৃতি স্বীকৃত পরীক্ষাপদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণ শিশুদের বিকাশের মানদণ্ডের সঙ্গে তুলনা করে দেখা যায়, ছোটবেলা থেকে সাঁতার শেখা শিশুদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি রয়েছে। পরিবারের আর্থসামাজিক অবস্থার প্রভাব বিবেচনা করার পরেও এই পার্থক্য বজায় ছিল।

 

গবেষকদের মতে, সাঁতার শেখার সময় শিশুরা অজান্তেই পড়াশোনার জন্য প্রয়োজনীয় নানা দক্ষতা অর্জন করে। যেমন, প্রশিক্ষকের নির্দেশে এক থেকে দশ পর্যন্ত গুনে পা চালানো কিংবা নির্দিষ্ট ছন্দে হাত-পা নাড়ার অভ্যাস শিশুদের সংখ্যা চেনা, ধারাবাহিকতা বোঝা এবং নির্দেশ মেনে কাজ করার ক্ষমতা বাড়ায়। পাশাপাশি সাঁতারের প্রশিক্ষণ শিশুদের ভাষাগত দক্ষতা, চিন্তাশক্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষমতা বিকাশেও সাহায্য করতে পারে। ফলে স্কুলে প্রবেশের সময় তারা তুলনামূলকভাবে বেশি প্রস্তুত থাকে। তবে এর অর্থ এই নয় যে সাঁতার শেখা শিশুরা জন্মগতভাবেই বেশি মেধাবী। বরং প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা আর পাঁচটা শিশুর তুলনায় কিছু বেশি দক্ষতা অর্জন করে।

 

কিন্তু এই সুবিধা সবার জন্য সমানভাবে সহজলভ্য নয়। সাঁতার প্রশিক্ষণের খরচ অনেক পরিবারের সামর্থ্যের বাইরে। যুক্তরাষ্ট্র ও চিনে এই বৈষম্য বিশেষভাবে প্রকট। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাতেও অর্থনৈতিক সমস্যা এবং সুইমিং পুলের দূরত্ব বড় বাধা। প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের পরিবারগুলির শিশুরা একদিকে যেমন প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হয়, অন্যদিকে ডুবে যাওয়ার ঝুঁকিও তাদের বেশি।

তাই অধ্যাপক জর্গেনসেনের পরামর্শ, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির শিশুদের জন্য সরকার সাঁতারের প্রশিক্ষণে ভর্তুকি দিক এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করুক। তাঁর মতে, ছোটবেলায় সাঁতার শেখার সুযোগ তৈরি করা শুধু শিশুদের জলপথে নিরাপত্তা ও শারীরিক বিকাশের জন্য নয়, ভবিষ্যতে তাদের শিক্ষাগত সাফল্যের পথও সুগম করতে পারে।

 

সূত্র: Robyn Jorgensen, Routledge, 18th Nov 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =