স্মৃতি আবেগ ও চেতনা 

স্মৃতি আবেগ ও চেতনা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ নভেম্বর, ২০২৬

মস্তিষ্কে জমে থাকা অসংখ্য স্মৃতি থেকে কিভাবে তৈরি হয় চিন্তা, আবেগ, এমনকি চেতনার অনুভূতি? কয়েক দশক ধরে বিজ্ঞানীরা স্নায়ুকোষের বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত আদানপ্রদান নিয়ে গবেষণা করছেন। কিন্তু কিভাবে কোনও অভিজ্ঞতা স্মৃতি হয়ে জমা থাকে, তার সঙ্গে আবেগ জুড়ে যায় এবং তা থেকে তৈরি হয় নতুন চিন্তা, সেই রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। নতুন এক বৈজ্ঞানিক পর্যালোচনায় গবেষকেরা জানিয়েছেন, এই রহস্যের সূত্র লুকিয়ে থাকতে পারে মস্তিষ্কের কোষগুলির চারপাশের জটিল রাসায়নিক পরিবেশে। স্মৃতি তৈরির ক্ষেত্রে শুধু স্নায়ুকোষের কার্যকলাপ নয়, বরং স্নায়ুকোষ, সহায়ক কোষ এবং তাদের চারপাশের অণুগুলির পারস্পরিক ক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এমএক্স বায়োটেক লিমিটেডের জেরার্ড মার্ক্স এবং জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক চাইম গিলন তাঁদের ‘চেতনা, স্মৃতি ও বুদ্ধিমত্তা: একটি প্রক্রিয়াভিত্তিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক গবেষণায় এই ধারণা তুলে ধরেছেন। তাঁদের গবেষণার মূল প্রশ্ন, স্মৃতি তৈরির রাসায়নিক প্রক্রিয়া কি চিন্তা ও চেতনার উৎপত্তি বুঝতে সাহায্য করতে পারে? গবেষকদের প্রস্তাবিত মডেলের নাম স্মৃতিপ্রক্রিয়ার তিনমুখী ক্রিয়াকৌশল বা ‘ট্রাইপার্টাইট মেকানিজম অব মেমরি’। এই তত্ত্বে স্মৃতি তৈরির ক্ষেত্রে তিনটি উপাদানের কথা বলা হয়েছে : স্নায়ুকোষ ও অ্যাস্ট্রোসাইট প্রভৃতি সহায়ক মস্তিষ্ককোষ, কোষগুলির আণবিক পরিপার্শ্ব এবং ধাতব আয়ন, নিউরোট্রান্সমিটার ও গ্লায়োট্রান্সমিটারের মতো রাসায়নিক পদার্থ। অ্যাস্ট্রোসাইট হল তারকাকৃতি বিশেষ মস্তিষ্ককোষ, যা স্নায়ুকোষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। গবেষকদের ধারণা, এই কোষগুলি এবং তাদের পারিপার্শ্বিক রাসায়নিক উপাদানের সমন্বিত কার্যকলাপের মাধ্যমে স্মৃতি তৈরি ও সংরক্ষিত হতে পারে। অর্থাৎ, কোষের বাইরের পরিবেশ শুধু সহায়ক কাঠামো নয়, স্মৃতি তৈরির সক্রিয় অংশও হতে পারে। অনেক বছর আগে শোনা কোনও গান হঠাৎ মনে করিয়ে দিতে পারে পুরনো দিনের কোনও ঘটনা। ফিরে আসতে পারে সেই সময়ের আনন্দ, দুঃখ কিংবা হারিয়ে যাওয়া কোনও অনুভূতি। অর্থাৎ, স্মৃতি শুধু তথ্য মনে রাখার বিষয় নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগও। মার্ক্স ও গিলনের মতে, স্মৃতির রাসায়নিক সংকেতের সঙ্গে তার আবেগগত দিকেরও যোগ থাকতে পারে। নিউরোট্রান্সমিটার ও গ্লায়োট্রান্সমিটারের মতো রাসায়নিক পদার্থ অভিজ্ঞতার তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট অনুভূতিগুলিকে যুক্ত করতে সাহায্য করতে পারে। সেই স্মৃতি ফিরে পাওয়া এবং তার অর্থ বোঝার প্রক্রিয়া থেকেই তৈরি হতে পারে নতুন চিন্তা। এই তত্ত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। কম্পিউটার ও মানুষের মস্তিষ্ক – দু’টিই তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারে। কম্পিউটার কাজ করে ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে, আর মস্তিষ্কের স্মৃতি নির্ভর করে জীবন্ত কোষ ও জটিল রাসায়নিক মিথস্ক্রিয়ার উপর। এআই কোনও পরিচিত গান শনাক্ত করতে পারে, এমনকি সেই গান মানুষের মনে কী ধরনের স্মৃতি বা আবেগ জাগাতে পারে, তা ব্যাখ্যাও করতে পারে। কিন্তু সে নিজে সত্যিই নস্টালজিয়া অনুভব করতে পারে কি না, সেটি সম্পূর্ণ আলাদা প্রশ্ন। গবেষকদের মতে, মানুষের চেতনা যদি স্মৃতি তৈরির জৈব-রাসায়নিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল হয়, তা হলে শুধু কম্পিউটারের ক্ষমতা বাড়িয়ে মানুষের মতো চেতনা তৈরি করা সম্ভব না-ও হতে পারে। তবে এই গবেষণা চেতনার রহস্যের চূড়ান্ত সমাধান নয়। মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়া কীভাবে সচেতন অভিজ্ঞতা তৈরি করে, তা এখনও অজানা। এই গবেষকেরাও দাবি করেননি যে এআই কখনও সচেতন হতে পারবে না। বরং তাঁদের প্রস্তাব, স্মৃতির রাসায়নিক ভিত্তি আরও গভীরভাবে বুঝতে পারলে চিন্তা, আবেগ ও চেতনার মধ্যে সম্পর্কের নতুন দিক উন্মোচিত হতে পারে।

 

সূত্রঃ “Consciousness, Memory and Intelligence: A Mechanistic Perspective” by Gerard Marx and Chaim Gilon, 4 August 2026, International Journal of Psychiatry Research.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =