হাড়ের দৃঢ়তা আর টেন্ডনের নমনীয়তার মিলন 

হাড়ের দৃঢ়তা আর টেন্ডনের নমনীয়তার মিলন 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ নভেম্বর, ২০২৬

হাড়ের দৃঢ়তা আর টেন্ডনের নমনীয়তা- এই দুই বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে একই কাঠামোয় ধরাতে নতুন এক ‘মেটামেটিরিয়াল ‘ (অধি-উপাদান) তৈরি করেছেন নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকেরা। তাঁদের এই উদ্ভাবন ভবিষ্যতে আরও উন্নত ও দীর্ঘস্থায়ী কৃত্রিম অঙ্গ বা ইমপ্ল্যান্ট তৈরিতে সাহায্য করতে পারে। বয়সে হাড় ও টেন্ডনের সংযোগস্থল দুর্বল হয়ে পড়ে। এর ফলে পেশি ও অস্থিসংক্রান্ত ব্যথা, এমনকি চলাফেরার অক্ষমতাও দেখা দিতে পারে। এই সমস্যা মোকাবিলায় কৃত্রিম কাঠামো তৈরির চেষ্টা চলছিল। কিন্তু হাড়ের দৃঢ়তা এবং টেন্ডনের নমনীয়তা একই উপাদানের মধ্যে বজায় রাখা ছিল এক বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে গবেষকেরা দুটি ভিন্ন ধরনের কাঠামো একত্রিত করেছেন। দুটি কাঠামোর মধ্যে সরাসরি সংযোগ না ঘটিয়ে তৈরি করেছেন একটি বিশেষ রূপান্তর অঞ্চল। এর ফলে এক ধরনের কাঠামো ধীরে ধীরে অন্যটিতে মিশে গিয়েছে, অনেকটা প্রাকৃতিক হাড় ও টেন্ডনের সংযোগস্থলের মতোই।

কম্পিউটার মডেলিংয়ের সাহায্যে তৈরি নকশাগুলিকে পরে ত্রিমাত্রিক প্রিন্টিংয়ের মাধ্যমে বাস্তব রূপ দেওয়া হয়। বিভিন্ন যান্ত্রিক পরীক্ষায় দেখা গিয়েছে, এই সংযোগস্থল বিভিন্ন ধরনের চাপ সহ্য করতে সক্ষম এবং তুলনামূলকভাবে মজবুত।

গবেষকদলের প্রধান মোহাম্মদ জে মিরজাইয়ালির মতে, এই পদ্ধতিতে একই কাঠামোর বিভিন্ন অংশকে ভিন্ন ভিন্ন কাজের উপযোগী করে তৈরি করা সম্ভব। আপাতত গবেষকেরা কোষের উপর এই কাঠামোর প্রভাব পরীক্ষা করছেন। ভবিষ্যতে হাড় ও টেন্ডনের ক্ষতিগ্রস্ত সংযোগস্থল মেরামত, উন্নত ইমপ্ল্যান্ট এবং টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

 

সূত্র: Physics world; October, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =