অগ্ন্যাশয়ের ক্যানসার কীভাবে ছড়ায় 

অগ্ন্যাশয়ের ক্যানসার কীভাবে ছড়ায় 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ নভেম্বর, ২০২৬

অগ্ন্যাশয়ের ক্যানসার কীভাবে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে নিজের বিস্তার ঘটায়, সম্প্রতি সেই নিয়ে নতুন কয়েকটি তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গিয়েছে, টিউমারের মধ্যে থাকা এক ধরনের রোগপ্রতিরোধী কোষ ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতাকেই দুর্বল করে দিতে পারে। পাশাপাশি, বিভিন্ন জনগোষ্ঠীর রোগীদের ক্যানসার কোষের আণবিক বৈশিষ্ট্যেও পার্থক্য রয়েছে। এই আবিষ্কার ভবিষ্যতে অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্তকরণ এবং রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সিনসিন্যাটি ক্যানসার সেন্টারের গবেষকরা অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত বিভিন্ন জনগোষ্ঠীর রোগীদের টিউমারের নমুনা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন। গবেষণার বিবরণটি ক্যান্সার রিসার্চ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে, জিনগত তথ্যের পাশাপাশি আরএনএ, প্রোটিন এবং টিউমারের চারপাশের রোগপ্রতিরোধী কোষগুলির বৈশিষ্ট্যও পরীক্ষা করা হয়েছে। এই বহুমাত্রিক বিশ্লেষণপদ্ধতিকে বলা হয় ‘মাল্টিওমিক’।

গবেষণায় আফ্রিকান-আমেরিকান ও অন্যান্য জনগোষ্ঠীর রোগীদের টিউমারের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকানদের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। তাঁদের টিউমারের নমুনায় বি-সেল/ বি-কোষ নামক এক ধরনের রোগপ্রতিরোধী কোষের সংখ্যা বেশি পাওয়া গিয়েছে। সাধারণত এই কোষ অ্যান্টিবডি তৈরি করে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, টিউমারের মধ্যে থাকা এই বি-কোষগুলিরই একটি অংশ রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া দমন করতে পারে। ফলে ক্যানসার কোষ ধ্বংস করার জন্য শরীরের যে স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কথা, তা বাধাগ্রস্ত হয়। এই সুযোগে ক্যানসার কোষ শরীরের প্রতিরোধব্যবস্থার নজর এড়িয়ে টিকে থাকে।

এ ছাড়াও, দুই জনগোষ্ঠীর রোগীদের ক্যানসার কোষে কিছু নির্দিষ্ট আরএনএ ও প্রোটিনের পরিমাণেও পার্থক্য পাওয়া গিয়েছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ রোগীদের টিউমারে এমন কিছু আণবিক চিহ্নের আধিক্য দেখা গেছে, যেগুলি সাধারণত ক্যানসার কোষের ওষুধ-প্রতিরোধী বৈশিষ্ট্যযুক্ত। এই পার্থক্য RAS ইনহিবিটরের মতো লক্ষ্যভিত্তিক ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এই ওষুধ ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজনের সঙ্গে যুক্ত RAS প্রোটিনের কার্যকলাপ বাধা দেওয়ার উদ্দেশ্যে তৈরি।

গবেষকদের মতে, এই ফলাফল অগ্ন্যাশয়ের ক্যানসারের বিভিন্ন আণবিক উপপ্রকার চিহ্নিত করতে সাহায্য করতে পারে। এর দরুন ভবিষ্যতে রোগীর টিউমারের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাঁর জন্য উপযুক্ত ওষুধ ও চিকিৎসাপদ্ধতি বেছে নেওয়া সহজ হবে। এই আবিষ্কার অগ্ন্যাশয়ের ক্যানসারের জীববৈজ্ঞানিক বৈচিত্র্য বোঝার এবং আরও নির্দিষ্ট ও কার্যকর চিকিৎসার পথ তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বি-কোষের ভূমিকা এবং ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই পার্থক্যগুলির সম্পর্ক নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

 

সুত্র: “Spatial Transcriptomics on a Diverse Pancreatic Cancer Cohort Reveals Race-Related Differences in Tumor Subtypes and Immune Microenvironments” by Yuesong Wu, Daniel James Sålas-Escabillas, 19th October 2026, publishrd in Cancer research.

DOI: 10.1158/0008-5472.CAN-25-2748

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =