জীববিজ্ঞান আর রসায়নের মিলিত গবেষণার জন্য আন্তর্জাতিক সম্মান পেলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী অঙ্কনা দত্ত। জৈব-অজৈব রসায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি পেয়েছেন জেমস হোয়েশেলেএশিয়া-প্যাসিফিক বায়ো ইন অর্গানিক কেমিস্ট্রি পুরস্কার। টি আই এফ আর-এর রাসায়নিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক অঙ্কনা দত্তের গবেষণার মূল ক্ষেত্রটি হল অণু-চিত্রায়ণ (মলিকিউলার ইমেজিং) এবং ধাতব আয়ন শনাক্তকরণ (মেটাল আয়ন সেন্সিং)। তাঁর গবেষণায় জীবপ্রক্রিয়া থেকে অনুপ্রাণিত রসায়নের সঙ্গে সমন্বয়-রসায়নকে কাজে লাগানো হচ্ছে। অণু-চিত্রায়ণের সাহায্যে জীবদেহের ভিতরে অণুস্তরে ঘটে চলা প্রক্রিয়াগুলিকে দেখা ও বিশ্লেষণ করা যায়। অন্যদিকে, ধাতব আয়ন শনাক্তকরণে জীবদেহে গুরুত্বপূর্ণ ধাতব আয়নের উপস্থিতি ও আচরণকে বোঝা সম্ভব। এই দুই ক্ষেত্রের গবেষণা জটিল জৈবিক প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জৈব-অজৈব রসায়নের গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখা মধ্য-পর্যায়ের বিজ্ঞানীদের সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়। জয়পুরে অনুষ্ঠিত দ্বাদশ এশিয়া-প্যাসিফিক বায়ো ইন অর্গানিক কেমিস্ট্রি সম্মেলনে অঙ্কনা দত্তকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে। সেখানে তিনি পুরস্কার গ্রহণ উপলক্ষে বক্তৃতাও দেবেন। রসায়ন ও জীববিজ্ঞানের সংযোগস্থলে তাঁর এই স্বীকৃতি, আন্তঃবিষয়ক গবেষণায় টি আই এফ আর -এর কাজকেও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরল।
সূত্র: India Today Education Desk, 18 October 2026
