‘অবিনশ্বর রাসায়নিক’ বিনাশী নব্য প্রযুক্তি -২

‘অবিনশ্বর রাসায়নিক’ বিনাশী নব্য প্রযুক্তি -২

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ আগষ্ট, ২০২৬

আগেই আমরা জেনেছি, পানীয় জল ও শিল্পবর্জ্য- এর উৎস থেকে ‘অবিনশ্বর রাসায়নিক’ বা PFAS – এর মতো নাছোড়বান্দা রাসায়নিককে অপসারণের দুটি সম্ভাব্য প্রযুক্তি নিয়ে গবেষণা চলেছে। ১) হাইড্রো ডায়নামিক ক্যাভিটেশন ও ২) কোল্ড অ্যাটমোস্ফেরিক প্লাজমা। এর মধ্যে প্রথমটি সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। এবার জেনে নেওয়ার পালা দ্বিতীয়টি অর্থাৎ, কোল্ড প্লাজমা প্রযুক্তির কার্যকারিতা। এই উপায়টিও সমান ভাবে বিজ্ঞানী মহলে আশাব্যঞ্জক সাড়া ফেলেছে। কোল্ড অ্যাটমোসফেরিক প্লাজমা ও গ্যাসীয় বিস্তারকে কাজে লাগিয়ে তাঁরা দূষিত জলে থাকা ‘অবিনশ্বর রাসায়নিক’ দ্রুত ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন।

 

এই পদ্ধতিটি প্রচলিত অনেক প্রযুক্তির তুলনায় সহজ। এতে কোনো অতিরিক্ত রাসায়নিক বা অনুঘটক ব্যবহার করতে হয় না। স্বাভাবিক পরিবেশেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যায়। পরীক্ষার সময় জলের ওপর প্লাজমা তৈরি করা হয় এবং একই সঙ্গে জলে প্রবেশ করানো হয় গ্যাস। গ্যাসের ক্ষুদ্র ক্ষুদ্র বুদবুদের গায়ে PFAS অণুগুলো আটকে উপরে উঠে আসে। এরপর প্লাজমা থেকে উৎপন্ন অত্যন্ত সক্রিয় রাসায়নিক কণাগুলো ওই অণুগুলোর শক্তিশালী কার্বন-ফ্লোরিন বন্ধন ভেঙে দেয়। ফলে জলে থাকা দূষক দ্রুত ভাঙতে শুরু করে। গবেষকেরা দেখেছেন, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—উভয় ধরনের ‘অবিনশ্বর রাসায়নিক’ প্রায় সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে রাসায়নিকে আবদ্ধ প্রায় ৩৫ শতাংশ ফ্লোরিন নিরাপদ ফ্লোরাইড লবণে রূপান্তরিত হয়েছে। এর ফলে বোঝা যায়, শুধু ‘অবিনশ্বর রাসায়নিক’ ভাঙাই নয়, এর ক্ষতিকর রাসায়নিক গঠনও কার্যকরভাবে বদলানো সম্ভব হচ্ছে।

তবে প্রযুক্তিটি এখনো সম্পূর্ণ নয়। গবেষকদের মতে, এই পদ্ধতিতে দূষক দ্রুত ভাঙলেও এর জন্য শক্তি খরচ তুলনামূলকভাবে বেশি। এছাড়া বিক্রিয়ার সময় কিছু নতুন রাসায়নিক উপজাতক তৈরি হয়, যেগুলোর প্রকৃতি ও সম্ভাব্য স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি এখনো পুরোপুরি জানা যায়নি। তাই এসব যৌগের নিরাপত্তা যাচাই এবং ক্ষতিকর উপজাতকের সৃষ্টি কমানোর উপায় নিয়ে আরও গবেষণা চলছে, চলবে।

এখন গবেষকদের লক্ষ্য, এই প্রযুক্তিটিকে পরীক্ষাগারের সীমা ছাড়িয়ে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া। বর্তমান ব্যবস্থার সক্ষমতা ৫০ মিলিলিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে কোল্ড প্লাজমা ও হাইড্রোডাইনামিক ক্যাভিটেশন প্রযুক্তিকে একত্রিত করে আরও কার্যকর একটি সমন্বিত ব্যবস্থা তৈরির পরিকল্পনাও রয়েছে। গবেষকদের বিশ্বাস, এই উদ্যোগ সফল হলে দূষিত জল থেকে অবিনশ্বর রাসায়নিক অপসারণে আরও দ্রুত, কার্যকর এবং বাস্তবসম্মত সমাধান মিলবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

সূত্র:Scientists found two powerful new ways to destroy forever chemicals

A combination of collapsing bubbles and cold plasma could finally offer a way to destroy stubborn PFAS “forever chemicals” in water.july 19, 2026 Science Daily

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =