আমাজনের ফার্নের বিবর্তন: নতুন তথ্য 

আমাজনের ফার্নের বিবর্তন: নতুন তথ্য 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ নভেম্বর, ২০২৬

পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে উদ্ভিদের বৈচিত্র্য গড়ে ওঠার পেছনে যেমন কোটি কোটি বছরের বিবর্তনের একটা স্পষ্ট ভূমিকা আছে, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ অবদান আছে ভূপ্রকৃতি ও জলবায়ুর পরিবর্তনেরও। সম্প্রতি আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মানো এক বিশেষ ধরনের ফার্ন বা অপুষ্পক উদ্ভিদ Danaea-র বিবর্তন নিয়ে গবেষণায় উঠে এসেছে এমনই এক তথ্য। এই উদ্ভিদগোষ্ঠীর বংশধারা প্রায় ১২ কোটি ৮০ লক্ষ বছরের পুরোনো হলেও বর্তমানে জীবিত প্রজাতিগুলির প্রায় অর্ধেকেরই উদ্ভব ঘটেছে গত ৬০ লক্ষ বছরের মধ্যে। গবেষকদের মতে, আন্দিজ পর্বতমালার উত্থান, জলাভূমির সংকোচন এবং নতুন বনভূমির বিস্তার এই প্রজাতি সৃষ্টির অন্যতম কারণ।

ফিনল্যান্ডের তুর্কু বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ফার্নের বিবর্তনী ইতিহাস পুনর্গঠন করার চেষ্টা করেছেন। দীর্ঘ ২৫ বছরের গবেষণায় তাঁরা Danaea গণের ৪৭টি নতুন প্রজাতি শনাক্ত করেছেন। গবেষণায় ৭৮টি প্রজাতির ডিএনএ বিশ্লেষণ এবং উদ্ভিদগুলির বিস্তার সংক্রান্ত ২,২৮৯টি নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিজ্ঞানীরা ওদের প্রাচীন পূর্বপুরুষদের সম্ভাব্য বাসস্থান সম্পর্কেও ধারণা পেয়েছেন।

জিন বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ১২ কোটি ৮০ লক্ষ বছর আগে ক্রিটেশিয়াস যুগের প্রথম দিকে এই ফার্নের বংশধারা তার নিকটতম জীবিত আত্মীয়দের থেকে পৃথক হয়ে যায়। তবে বর্তমানে টিকে থাকা প্রজাতিগুলির অভিন্ন পূর্বপুরুষের আবির্ভাব ঘটে প্রায় ৫ কোটি ৩০ লক্ষ বছর আগে, আমাজন অঞ্চলে। অর্থাৎ, বংশধারা প্রাচীন হলেও বর্তমান প্রজাতিগুলির অনেকগুলিই তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়ে বিবর্তিত হয়েছে।

সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় পার্বত্য অরণ্যকে ফার্নের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ আবাসস্থল বলে মনে করা হয়। কিন্তু Danaea ফার্নের সবচেয়ে বেশি প্রজাতির আশ্রয়স্থল হল আমাজনের নিম্নভূমি । এর কারণ হিসেবে গবেষকেরা উদ্ভিদটির জীবনধারার কথা উল্লেখ করেছেন। অনেক ফার্ন অন্য গাছের গায়ে জন্মালেও Danaea মাটিতে জন্মায়। ফলে নীচু অঞ্চলের অরণ্য তাদের জন্য বিশেষ উপযোগী পরিবেশ তৈরি করে।

অন্যদিকে, আন্দিজ পর্বতমালার উত্থান গোটা অঞ্চলের জলবায়ু, বৃষ্টিপাত এবং মাটির গঠন বদলে দেয়। পশ্চিম আমাজনের বিস্তীর্ণ জলাভূমি মায়োসিন যুগের শেষদিকে শুকিয়ে যাওয়ায় সেখানে নতুন বনভূমি গড়ে ওঠে। এই পরিবর্তনের ফলে উদ্ভিদের বসতি বিস্তার এবং নতুন পরিবেশের সঙ্গে অভিযোজনের সুযোগ তৈরি হয়। গত ৬০ লক্ষ বছরে আমাজনে উদ্ভূত অধিকাংশ নতুন Danaea প্রজাতির আবির্ভাব ঘটেছে পশ্চিম আমাজনে, বিশেষত গত ৩০ লক্ষ বছরে।

প্রায় ২ কোটি বছর আগে আন্দিজ পর্বতমালার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু Danaea গোষ্ঠী পার্বত্য পরিবেশে জীবন ধারণের উপযোগী হয়ে ওঠে। পরবর্তীকালে তাদের কয়েকটি গোষ্ঠী বিষুবরেখা থেকে দূরবর্তী অপেক্ষাকৃত শীতল অঞ্চলেও ছড়িয়ে পড়ে। অর্থাৎ, পর্বত একদিকে যেমন প্রজাতিগুলিকে বিচ্ছিন্ন করেছে, অন্যদিকে নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার পথও তৈরি করেছে।

গবেষকদের মতে, অরণ্যের জীববৈচিত্র্য শুধু দীর্ঘ সময় ধরে প্রজাতির টিকে থাকার ফল নয়; ভূপ্রকৃতি ও জলবায়ুর অপেক্ষাকৃত সাম্প্রতিক পরিবর্তনও নতুন প্রজাতির উদ্ভবকে ত্বরান্বিত করেছে। গবেষণাটির বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স অফ বায়োজিওগ্রাফি পত্রিকায়।

 

সূত্র: Rainforest ferns from an ancient lineage have a surprisingly young family tree, 20th Nov 2026, published in the journal Frontiers of Biogeography.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − ten =