মহাকাশের গভীরতা ও দূরবর্তী ছায়াপথের সন্ধানে কাজ করছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার ইউক্লিড মহাকাশযান। ২০২৩ সালে উৎক্ষিপ্ত এই মহাকাশ যান উৎক্ষেপণে নাসারও অবদান রয়েছে। তবে এ বার নিজের নির্ধারিত কাজের বাইরেও এক নতুন আবিষ্কার করে নজর কেড়েছে ইউক্লিড। তার ক্যামেরায় ধরা পড়েছে অজানা এক ধূমকেতু। পৃথিবী থেকে প্রায় ১৩০ কোটি কিলোমিটার দূরে এই ধূমকেতুটির সন্ধান মিলেছে। গত ১৬ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে তোলা ইউক্লিডের একাধিক ছবিতে সেটিকে দেখতে পান বিজ্ঞানীরা। প্রথমে ছবিতে কয়েকটি রেখার মতো অস্পষ্ট দাগ নজরে আসে। দ্রুতগতিতে চলা কোনও বস্তুর কারণেই এমন দাগ তৈরি হয়েছিল। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মিক্কো পন্টিনেনের তৈরি সফটওয়্যার ছবিগুলিতে সেই দাগ শনাক্ত করে। পরে আরও চারটি ছবির সেটে ধূমকেতুটির উপস্থিতি খুঁজে পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে বিজ্ঞানীরা দেখেন, বস্তুটির চারপাশে রয়েছে এক ধরনের অস্পষ্ট মেঘের মতো আবরণ। ধূমকেতু থেকে নির্গত ধুলো ও গ্যাসই এমন আবরণ তৈরি করে। এর পর পরিচিত ধূমকেতুর তালিকার সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়, এটি আগে শনাক্ত না হওয়া একটি নতুন ধূমকেতু। উল্লেখ্য, ইউক্লিডের মূল কাজ কিন্তু দ্রুতগতির ধূমকেতু খুঁজে বের করা নয়, দীর্ঘ সময় ধরে মহাকাশের গভীর অংশ ও দূরবর্তী ছায়াপথের ছবি তোলা। ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারের রহস্য বুঝতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। অথচ সেই ইউক্লিডই বৃহস্পতি ও শনির কক্ষপথের মাঝামাঝি অঞ্চলে ছুটে চলা একটি ধূমকেতুকে শনাক্ত করেছে। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার ইউক্লিডের সম্ভাবনার নতুন দিক খুলে দিল। ভবিষ্যতে সৌরজগতের দূরবর্তী অঞ্চলে থাকা আরও ধূমকেতু খুঁজে বের করতে ইচ্ছাকৃত ভাবেও তাকে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ইউক্লিডের ছবিতে ধূমকেতুর চলার পথে তৈরি হওয়া দাগের মতো অপ্রত্যাশিত চিহ্ন শনাক্ত করতেও এই পর্যবেক্ষণ সাহায্য করবে।
সূত্র: Euclid space telescope discovers its 1st comet | Space photo of the day for November 16, 2026
