একাকিত্ব কি মস্তিষ্ককে দ্রুত বুড়িয়ে দেয়? বহুদিনের এই ধারণার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপের এক বড় গবেষণা। এতে দেখা গেছে, একাকিত্ব স্মৃতিশক্তিকে প্রভাবিত করলেও মানসিক অবক্ষয়ের গতি বাড়ায় না। সাত বছর ধরে ১২টি ইউরোপীয় দেশের ১০,২১৭ জন বয়স্ক মানুষের উপর এই গবেষণা চালানো হয়েছে। অংশগ্রহণকারীদের বয়স ছিল ৬৫ থেকে ৯৪ বছর। তাতে দেখা যায়, যারা নিজেকে বেশি একা মনে করতেন, শুরুতে তাদের স্মৃতি পরীক্ষার ফল তুলনামূলকভাবে খারাপ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্মৃতিশক্তি কমার হার সামাজিকভাবে যুক্ত মানুষের মতোই হতে থাকে। অর্থাৎ একাকিত্ব স্মৃতির প্রাথমিক অবস্থাকে দুর্বল করতে পারে, কিন্তু অবনতির গতি বাড়ায় না। গবেষণায় স্মৃতি যাচাই করতে ১০টি শব্দ মনে রাখার পরীক্ষা নেওয়া হয়। আর একাকিত্ব মাপা হয় সঙ্গীর অভাব, বাদ পড়ার অনুভূতি ও বিচ্ছিন্নতার প্রশ্নের মাধ্যমে। সবচেয়ে বেশি একাকিত্ব দেখা গেছে দক্ষিণ ইউরোপে (১২ শতাংশ)। পূর্ব ও উত্তর ইউরোপে ৯ শতাংশ, আর মধ্য ইউরোপে ৬ শতাংশ। উচ্চ একাকিত্বে ভোগা মানুষদের মধ্যে বেশিরভাগই বয়স্ক নারী। তাছাড়া যাঁদের মধ্যে বিষণ্নতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের হার বেশি আছে তাঁরাও একাকিত্বে বেশি ভোগেন। গবেষকেরা বলছেন, একাকিত্ব সরাসরি ডিমেনশিয়ার কারণ না হলেও এটি দুর্বল মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। তাই বয়স্কদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় একাকিত্বও যাচাই করা দরকার। সব মিলিয়ে একাকিত্বকে গুরুত্ব দিতে হবে ঠিকই, তবে একা লাগলেই মস্তিষ্ক দ্রুত বুড়িয়ে যাচ্ছে, এমন প্রমাণ মেলেনি।
সূত্র: NeuroScience News . com; April, 2026
