এলএসডির অণু ভেঙে নতুন ওষুধ 

এলএসডির অণু ভেঙে নতুন ওষুধ 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাইকেডেলিক বা বিভ্রম-সৃষ্টিকারী পদার্থ হিসেবে পরিচিত এলএসডি। এর জটিল অণুগঠনকে একে একে ভেঙে তার কার্যকর ও ক্ষতিকর বৈশিষ্ট্যগুলিকে আলাদা করার চেষ্টা করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ডেভিস (UC Davis)-এর গবেষকেরা। তাঁদের এই গবেষণায় এমন কিছু সরলীকৃত যৌগের সন্ধান মিলেছে, যেগুলিতে এলএসডি-র বিভ্রম-সৃষ্টিকারী প্রভাব ও হৃদ্‌যন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব তুলনামূলকভাবে কম, অথচ নির্দিষ্ট স্নায়বিক কার্যকলাপ বজায় রয়েছে। ভবিষ্যতে এগুলি নতুন ধরনের স্নায়ুরোগের ওষুধ তৈরির ভিত্তি হতে পারে।

প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস (PNAS)-এ প্রকাশিত গবেষণার বিবরণে বিজ্ঞানীরা এলএসডি-র কেন্দ্রীয় চারটি পরস্পর-সংযুক্ত বলয়বিশিষ্ট জটিল কাঠামোকে ধাপে ধাপে সরল করেন। মোট নয়টি পরিবর্তিত যৌগ তৈরি করে তাঁরা পরীক্ষা করেন, অণুর কোন অংশ কোন জৈবিক প্রভাবের জন্য দায়ী। এর মধ্যে UCD0094 এবং UCD0076 বিশেষভাবে নজর কেড়েছে। উভয় যৌগেই বিভ্রম-সৃষ্টিকারী এবং হৃদ্‌যন্ত্রের জন্য ক্ষতিকর প্রভাব কম দেখা যায়। তবে গবেষকেরা স্পষ্ট করে বলেছেন, এগুলি এখনও মানুষের চিকিৎসায় নিরাপদ বা কার্যকর ওষুধ হিসেবে প্রমাণিত নয়; তবে ভবিষ্যতে ওষুধ নিয়ে গবেষণার প্রাথমিক ভিত্তি ।

এর মধ্যে UCD0076 যৌগটির বিশেষভাবে 5-HT2C সেরোটোনিন গ্রাহকের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা আছে। ইঁদুরের আচরণগত পরীক্ষায় যৌগটি অ্যান্টিসাইকোটিক বা মনোবিকাররোধী ওষুধের মতো কিছু প্রভাব দেখিয়েছে। 5-HT2C রিসেপ্টরকে নিশানাকারী যৌগ মৃগী, মাদকাসক্তি এবং স্কিজোফ্রেনিয়া প্রভৃতি রোগের সম্ভাব্য চিকিৎসায় ইতিমধ্যেই গবেষণাধীন।

এই গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল—এলএসডি-র কোন কাঠামোগত অংশ বিভ্রম-সৃষ্টিকারী প্রভাবের জন্য দায়ী, তা চিহ্নিত করা। এলএসডি-র গঠনের সঙ্গে ট্রিপ্টোমাইন এবং ফেনিথাইল্যামিন—দুই ধরনের সাইকেডেলিক যৌগের সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। গবেষণায় দেখা যায়, টিপ্টোমাইন -সদৃশ অংশ বাদ দিলেও অণুটি 5-HT2A রিসেপ্টর উদ্দীপিত করতে এবং বিভ্রম-সৃষ্টিকারী প্রভাব বজায় রাখতে পারে। অর্থাৎ, এলএসডি-র হ্যালুসিনোজেনিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ফেনিথাইল্যামিন-সদৃশ অংশের ভূমিকা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, অণুর কিছু অংশ সরিয়ে দিলে শুধু বিভ্রম-সৃষ্টিকারী প্রভাবই নয়, 5-HT2B রিসেপ্টারের মাধ্যমে হওয়া হৃদ্‌যন্ত্রের ক্ষতিকর প্রভাবও কমে যায়। ফলে গবেষকদের লক্ষ্য এখন এমন সরল অণু তৈরি করা, যা এলএসডি-র সম্ভাব্য স্নায়ুবৈজ্ঞানিক উপকার ধরে রাখবে, কিন্তু অবাঞ্ছিত প্রভাব এড়াতে পারবে।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন ইউ সি ডেভিসের ইনস্টিটিউট অফ সাইকেডেলিক্স অ্যান্ড নিউরোথেরাপিউটিক্স-এর পরিচালক ও অধ্যাপক ডেভিড ই.ওলসন। ৮ই সেপ্টেম্বর ২০২৬-এ প্রকাশিত এই গবেষণাটি ভবিষ্যতে সাইকেডেলিক-ভিত্তিক ওষুধের নতুন নকশা আনতে চলেছে। তবে মানুষের ওপর এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণের জন্য এখনও আরও বহু ধাপের গবেষণা প্রয়োজন।

সূত্র: “Deconstruction of lysergic acid diethylamide” by Andrian G. Basargin, Andras Domokosa,et.al; 8th September 2026, published in Proceedings of the National Academy of Sciences. DOI: 10.1073/pnas.2603412123

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 1 =