গামা রশ্মি নির্গমনকারী নক্ষত্র যুগল

গামা রশ্মি নির্গমনকারী নক্ষত্র যুগল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ নভেম্বর, ২০২৬

মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী তড়িৎচুম্বকীয় বিকিরণ হল গামা রশ্মি। কিন্তু কিছু নক্ষত্রজোড়া থেকে বিপুল পরিমাণে এই বিকিরণ নির্গত হওয়ার কারণ এখনও জ্যোতির্বিজ্ঞানীদের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। এবার এমনই এক নক্ষত্রজোড়াকে ঘিরে নতুন সূত্র পেয়েছেন গবেষকরা। এর আশপাশে দীর্ঘ ও সরলরেখাকৃতি উষ্ণ গ্যাসের একটি অঞ্চল শনাক্ত করেছেন তাঁরা। বিজ্ঞানীদের ধারণা, কোনও ঘন মহাজাগতিক বস্তু থেকে নির্গত শক্তিশালী পদার্থের প্রবাহ বা জেটের প্রভাবে উত্তপ্ত হয়েছে এই গ্যাস। এই আবিষ্কার নক্ষত্রজোড়া থেকে বিপুল পরিমাণ গামা রশ্মি নির্গমনের সম্ভাব্য কারণ সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।

গবেষণার বিষয় LMC P3 নামক একটি নক্ষত্রজোড়া, যা আকাশগঙ্গার প্রতিবেশী ছায়াপথ লার্জ ম্যাজেলানিক ক্লাউডে অবস্থিত। এটি এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে উজ্জ্বল গামা-রশ্মি নির্গমনকারী নক্ষত্রজোড়া এবং আকাশগঙ্গার বাইরে শনাক্ত হওয়া প্রথম এমন ব্যবস্থা। এই যুগলের একটি সদস্য হল এক বিশাল ও অত্যন্ত উত্তপ্ত নক্ষত্র। অন্যটি কোনও বৃহৎ নক্ষত্রের বিস্ফোরণের অবশিষ্ট ঘন কেন্দ্রীয় বস্তু, যা নিউট্রন নক্ষত্র অথবা কৃষ্ণগহ্বর হতে পারে। দুটি বস্তু প্রায় ১০ দিন অন্তর পরস্পরকে প্রদক্ষিণ করে।

নাগোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসুও ফুকুইয়ের নেতৃত্বে গবেষকরা ২০২২ সাল থেকে চিলিতে অবস্থিত ALMA রেডিও টেলিস্কোপের সাহায্যে অঞ্চলটি পর্যবেক্ষণ করেন। কার্বন মনোক্সাইড গ্যাসের সংকেত বিশ্লেষণ করে তাঁরা প্রায় ২৬ আলোকবর্ষ দীর্ঘ এবং তিন আলোকবর্ষ চওড়া একটি সরলরৈখিক উষ্ণ গ্যাসীয় অঞ্চল খুঁজে পান। এর তাপমাত্রা ৩৩ থেকে ৬০ কেলভিন। অথচ পার্শ্ববর্তী গ্যাসের তাপমাত্রা মাত্র ১৫ কেলভিন। আশপাশে এমন কোনও উষ্ণ নক্ষত্রও নেই, যার বিকিরণে এই গ্যাস উত্তপ্ত হতে পারে।

গবেষকদের অনুমান, নক্ষত্রজোড়ার ঘন বস্তুটি তার সঙ্গী নক্ষত্র থেকে পদার্থ আকর্ষণ করে নিজের চারপাশে একটি ঘুরন্ত চাকতি তৈরি করছে। সেই চাকতি থেকে আলোর গতির কাছাকাছি বেগে নির্গত হচ্ছে পদার্থের সরু শক্তিশালী প্রবাহ, যাকে জেট বলা হয়। এই জেটের আঘাতেই আশপাশের গ্যাস উত্তপ্ত হয়েছে বলে মনে করছেন তাঁরা। এমন নক্ষত্রব্যবস্থাকে বলা হয় ‘মাইক্রোকোয়াসার’। বৃহৎ কৃষ্ণগহ্বরকে কেন্দ্র করে গড়ে ওঠা কোয়াসারের সঙ্গে এর গঠনগত মিল রয়েছে।

গবেষকদের মতে, LMC P3 থেকে বিপুল গামা রশ্মি নির্গমনের ঘটনা থেকে এর কেন্দ্রে কৃষ্ণগহ্বর থাকার সম্ভাবনাকে জোরালো হয়েছে। তবে জেটটি এখনও সরাসরি শনাক্ত করা যায়নি। এই গবেষণার বিবরণ সবিস্তারে প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স পত্রিকায়। ভবিষ্যতে আরও সূক্ষ্ম পর্যবেক্ষণের মাধ্যমে জেটটির প্রকৃতি ও গতিপথ এবং নক্ষত্রজোড়ার কেন্দ্রে থাকা ঘন বস্তুটির পরিচয় নিশ্চিত করতে চান বিজ্ঞানীরা।

সূত্র: What is fueling the brightest gamma-ray star pair ever found?A warm gas trail near LMC P3 offers new clues to the extraordinary gamma rays coming from this mysterious binary system, 11th Nov 2026, published in The Astrophysical Journal Letters.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + twelve =