প্রায় ৬৩ আলোকবর্ষ দূরের তরুণ নক্ষত্র বিটা পিক্টোরিসকে প্রদক্ষিণ করে বৃহস্পতির প্রায় ১০ গুণ ভরের গ্রহ বিটা পিক্টোরিস বি। সেখান থেকে রেডিও সংকেত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। আরও গুরুত্বপূর্ণ, সংকেতটি যে নক্ষত্র থেকে নয়, সরাসরি গ্রহ থেকেই এসেছে, তা এই প্রথম নিশ্চিত করা সম্ভব হয়েছে। দক্ষিণ আফ্রিকার MeerKAT রেডিও টেলিস্কোপ বিন্যাস এবং দূরের উজ্জ্বল কোয়াসার-কে নিরিখ হিসেবে ব্যবহার করে সংকেতের উৎসের অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করা গেছে। দেখা যায়, উৎসটি নক্ষত্র নয়, তার পাশের গ্রহ। সম্ভবত এই রেডিও সংকেতের উৎস অরোরা বা মেরুজ্যোতি। পৃথিবীর মতোই, ওই গ্রহটির চৌম্বক ক্ষেত্রের সঙ্গে আধানযুক্ত কণার মিথস্ক্রিয়ায় এই অরোরা তৈরি হচ্ছে। তবে বিটা পিক্টোরিস বি-এর চৌম্বক ক্ষেত্র পৃথিবীর তুলনায় হাজার গুণ পর্যন্ত শক্তিশালী হতে পারে। মাত্র ৮–৯ ঘণ্টায় নিজের অক্ষে একবার ঘুরে আসা গ্রহটির দ্রুত ঘূর্ণনও এর কারণ হতে পারে। এই আবিষ্কারের সবচেয়ে বড় গুরুত্ব হল, সৌরজগতের বাইরের কোনও গ্রহের চৌম্বক ক্ষেত্র সরাসরি পরিমাপের নতুন পথ খুলে যাওয়া। এতদিন মূলত নক্ষত্রের আলো বিশ্লেষণ করেই দূরের গ্রহ সম্পর্কে জানা হত। এবার গ্রহের নিজস্ব তড়িৎচৌম্বক সংকেতও হয়ে উঠল তথ্যের উৎস। কাছাকাছি আরও সাতটি বিশাল বহিঃগ্রহর দিকে ইতিমধ্যেই নজর রয়েছে বিজ্ঞানীদের। অর্থাৎ, দূরের গ্রহকে শুধু দেখাই নয়, এবার তাদের ‘চৌম্বক হৃদস্পন্দন’ শোনার পালা।
সূত্র: Live Science, 23 September 2026
