প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও প্রাণঘাতী মস্তিষ্ক ক্যানসারগুলোর একটি হল গ্লিওব্লাস্টোমা। এই রোগে আক্রান্ত অধিকাংশ রোগী রোগ নির্ণয়ের পর গড়ে খুব বেশী হলে এক বছরের একটু বেশি সময় বেঁচে থাকেন। যদিও অস্ত্রোপচার, রেডিয়েশন ও কেমোথেরাপির মতো চিকিৎসা দেওয়া হয়। বিজ্ঞানীরা এতদিন মনে করতেন, পুরুষদের শরীরের মাত্রাতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরন সম্ভবত এই ক্যানসারের ঝুঁকি আরও বাড়ায়। সেকারণেই পুরুষদের মধ্যেই গ্লিওব্লাস্টোমা বেশি দেখা যায়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ-এর অর্থানুকূল্যে ক্লিভল্যান্ড ক্লিনিকের বিজ্ঞানীদের পরিচালিত এক নতুন গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরন বরং গ্লিওব্লাস্টোমার বৃদ্ধি ধীর করতে সহায়তা করতে পারে। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার জার্নালে।
গবেষণার প্রধান বিজ্ঞানী জাস্টিন লাথিয়া ও তাঁর সহকর্মীরা ইঁদুরের ওপর পরীক্ষায় দেখেন, যখন অ্যান্ড্রোজেন বা পুং হরমোনের মাত্রা কমিয়ে দেওয়া হয়, তখন মস্তিষ্কে এক ধরনের অতিরিক্ত স্ট্রেস প্রতিক্রিয়া শুরু হয়। এর সঙ্গে জড়িত ছিল শরীরের হাইপোথ্যালামাস-পিটুইটারি-অ্যাড্রিনাল (HPA) অক্ষ নামে পরিচিত স্নায়বিক হরমোন ব্যবস্থা, যা সাধারণত মানসিক ও শারীরিক চাপ নিয়ন্ত্রণ করে।
অ্যান্ড্রোজেনের ঘাটতির ফলে এই HPA অক্ষ অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এবং প্রচুর স্ট্রেস হরমোন নিঃসরণ করতে শুরু করে। এর ফলস্বরূপ মস্তিষ্কের প্রতিরক্ষামূলক বাধাগুলো আরও বেড়ে যায়। শুনলে হয়তো মনে হতে পারে এটি উপকারী, কিন্তু বাস্তবে এর একটি বিপজ্জনক দিক রয়েছে। কারণ তখন শরীরের রোগপ্রতিরোধী কোষগুলো সহজে টিউমারের কাছে পৌঁছাতে পারে না। ফলে ক্যানসারে আক্রান্ত কোষগুলো প্রায় বাধাহীনভাবে মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেতে থাকে। গবেষকরা আরও দেখেন, এই প্রভাবটি পুরুষ ইঁদুরে স্পষ্ট হলেও স্ত্রী ইঁদুরে একইভাবে দেখা যায়নি।
এরপর বিজ্ঞানীরা মানুষের ক্ষেত্রেও একই প্রবণতা আছে কি না তা খতিয়ে দেখেন। তারা এন আই এইচ/এন সি আই-এর এস ই ই আর তথ্যভাণ্ডার থেকে ১,৩০০-এর বেশি পুরুষ গ্লিওব্লাস্টোমা রোগীর তথ্য বিশ্লেষণ করেন। দেখা যায়, যারা অন্য স্বাস্থ্যগতকারণে টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট গ্রহণ করছিলেন, তাদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৩৮ শতাংশ কম ছিল। যদিও এটি সরাসরি কার্য-কারণ নয়, তবুও পরীক্ষাগার ও বাস্তব রোগীর তথ্য একত্রে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
এই আবিষ্কার ভবিষ্যতে গ্লিওব্লাস্টোমার চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন করবে। বিশেষ করে বিজ্ঞানীরা এখন ভাবছেন, কিছু ক্ষেত্রে টেস্টোস্টেরন-ভিত্তিক থেরাপি রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে কি না। একই সঙ্গে তারা সতর্ক করছেন যে, ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত অ্যান্ড্রোজেন-দমন পদ্ধতি গ্লিওব্লাস্টোমা রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভবিষ্যতে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই সম্ভাবনাগুলো আরও বিস্তারিতভাবে যাচাই করা হবে।
সূত্র: “Androgen loss accelerates brain tumour growth via HPA axis activation” by Juyeun Lee, Yoon-Mi Chung,et.al; 6th May 2026, published in Nature.
DOI: 10.1038/s41586-026-10451-5
