ছত্রাক-বান্ধব গামা রশ্মি

ছত্রাক-বান্ধব গামা রশ্মি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জুলাই, ২০২৬

১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের অন্যতম ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার পর ৪ নম্বর রিঅ্যাক্টর-এর ধ্বংসস্তূপে প্রবেশ করে বিজ্ঞানীরা একটি অবিশ্বাস্য ঘটনা লক্ষ্য করেন। যেখানে অত্যন্ত উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার কারণে অধিকাংশ জীবের বেঁচে থাকা অসম্ভব, সেখানে Cladosporium sphaerospermum-সহ বিভিন্ন ধরনের কালো ছত্রাক স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। শুধু টিকে থাকাই নয়, এই ছত্রাকগুলো তেজস্ক্রিয় পরিবেশে আরও ভালোভাবে বৃদ্ধি পাচ্ছিল।

দেখা যায়, এই ছত্রাকগুলোর একটি বিশেষ চরিত্র রয়েছে, যার নাম রেডিওট্রপিজম। যেমন গাছপালা সূর্যের আলো পাওয়ার জন্য আলোর দিকে মুখ করে বৃদ্ধি পায়, তেমনি এই ছত্রাকের সূক্ষ্ম তন্তুগুলো তেজস্ক্রিয়তার উৎসের দিকে অগ্রসর হয়। অর্থাৎ, তারা গামা বিকিরণের দিকেই আকৃষ্ট হয়।

 

এই অদ্ভুত ক্ষমতার মূল রহস্য লুকিয়ে আছে মেলানিন নামের একটি গাঢ় রঞ্জক পদার্থে। মানুষের ত্বক, চুল ও চোখের রঙ নির্ধারণেও মেলানিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছত্রাকের কোষপ্রাচীরে প্রচুর পরিমাণে মেলানিন থাকে। আর তা শুধু তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা দেয় না। বিজ্ঞানীদের ধারণা, এটি গামা রশ্মির শক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেও সাহায্য করে।

এই বিশেষ প্রক্রিয়াকে গবেষকরা রেডিওসিন্থেসিস (রেডিও সংশ্লেষ ) নামে অভিহিত করেছেন। এটি অনেকটা উদ্ভিদের সালোকসংশ্লেষ-এর মতো। পার্থক্য হলো, উদ্ভিদ সূর্যের দৃশ্যমান আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, আর এই ছত্রাক সম্ভবত গামা রশ্মির শক্তি ব্যবহার করে নিজের বৃদ্ধি ও বিপাকক্রিয়াকে মদত দেয়।

পরীক্ষায় দেখা গেছে, সাধারণ পরিবেশের তুলনায় শত শত গুণ বেশি তেজস্ক্রিয় পরিবেশে রাখলে মেলানিনসমৃদ্ধ ছত্রাকের বৃদ্ধি ও বিপাকক্রিয়া আরও সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে যেখানে পুষ্টির অভাব, সেখানে এই অতিরিক্ত শক্তি তাদের বেঁচে থাকতে সাহায্য করে। পাশাপাশি মেলানিন ছত্রাকের ডিএনএকে তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে। বিজ্ঞানীরা এই ছত্রাকের নমুনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ পাঠিয়ে পরীক্ষা চালিয়েছেন। সেখানে মহাজাগতিক বিকিরণের পরিবেশেও ছত্রাকের ভালো বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া দেখা যায়, ছত্রাকের পাতলা স্তর কিছুটা হলেও বিকিরণ প্রতিরোধ করতে সক্ষম। ফলে ভবিষ্যতে মহাকাশচারীদের বিকিরণ থেকে সুরক্ষার জন্য জীবন্ত জৈব আবরণ হিসেবে এই ছত্রাক ব্যবহার করার সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার আমাদের দীর্ঘদিনের ধারণাকে বদলে দিয়েছে। আমরা ভাবতাম তেজস্ক্রিয়তা শুধুই ধ্বংসাত্মক। কিন্তু এক্ষেত্রে কিছু অণুজীব এমনভাবে বিবর্তিত হয়েছে যে তারা এই চরম পরিবেশকেই নিজেদের বেঁচে থাকার শক্তিতে পরিণত করেছে। ভবিষ্যতে এই ছত্রাক, তেজস্ক্রিয় বর্জ্য সাফাই , মহাকাশ অভিযানে বিকিরণ প্রতিরোধ এবং নতুন ধরনের জৈব-প্রযুক্তিনির্ভর শক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

 

সূত্র: Dadachova E, Casadevall A. Ionizing Radiation: how fungi cope, adapt, and exploit with the help of melanin. Current Opinion in Microbiology. (PMC2677413)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =