জলপ্রপাত ঠেলে মাছের ঊর্ধ্বারোহণ

জলপ্রপাত ঠেলে মাছের ঊর্ধ্বারোহণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ এপ্রিল, ২০২৬

সম্প্রতি গণতান্ত্রিক কঙ্গোয় এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যকাহিনী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। Parakneria thysi/ শেলিয়ার নামে একটি ক্ষুদ্র মাছ, ঘণ্টার পর ঘণ্টা ধরে জলপ্রপাতের খাড়া পাথুরে দেয়াল বেয়ে উপরে উঠতে সক্ষম। সাধারণত মাছের জীবন পুরোপুরি জলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এই বিশেষ প্রজাতিটি তাদের প্রাচীন স্থলজ পূর্বপুরুষদের আচরণের এক ঝলক তুলে ধরে। এই সমগ্র বিবরণটি প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টসে।

বহু বছর ধরে স্থানীয়দের মধ্যে এই মাছের পাথর বেয়ে ওঠার গল্প প্রচলিত থাকলেও, তা প্রমাণ করার মতো বৈজ্ঞানিক তথ্য এতদিন ছিল না। অবশেষে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে প্যাসিফিক কিওয়েলে মুতাম্বালার নেতৃত্বে একদল জীববিজ্ঞানী , দক্ষিণ কঙ্গোর লুভিলোম্বো জলপ্রপাত এলাকায় সরেজমিনে পর্যবেক্ষণ চালান। তাঁরা ছবি ও ভিডিওর মাধ্যমে এই অদ্ভুত আচরণের সুস্পষ্ট প্রমাণ সংগ্রহ করেন।

মাত্র ১.৪ থেকে ১.৯ ইঞ্চি লম্বা এই ছোট মাছগুলো কীভাবে এমন কঠিন কাজ সম্পন্ন করে, তা আরও বিস্ময়কর। তাদের পেক্টোরাল (বুকের) ও পেলভিক (তলপেটের ) পাখনার নীচে হুকের মতো বিশেষ গঠন থাকে, যা তাদের পাথরের গায়ে এঁটে থাকতে সাহায্য করে। পাশাপাশি, তারা শরীরের পশ্চাদভাগ ডানে-বামে নাড়িয়ে অতিরিক্ত গতি অর্জন করে। এই পুরো প্রক্রিয়াটি ঘটে প্রবল জলধারার বিপরীত মুখে, যার ফলে আরোহণের এই প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়ে।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৫০ ফুট উঁচু জলপ্রপাতের পাথুরে দেয়াল বেয়ে উঠতে একটি শেলিয়ার মাছের প্রায় ৯ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। এর মধ্যে প্রায় ১৫ মিনিট তারা সক্রিয়ভাবে ওঠে, আর বাকি সময়ে ছোট ছোট বিরতি ও দীর্ঘ বিশ্রাম নেয়। তবুও এই যাত্রা সবসময় সফল হয় না। অনেক সময় জলের তীব্র স্রোতে তারা পিছলে নীচে পড়ে যায় এবং আবার শুরু করতে হয়।

এই বিপজ্জনক যাত্রার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। ভারী বৃষ্টির পরে মাছগুলো নীচের দিকে ভেসে যেতে পারে, তাই তারা আবার উঁচু অঞ্চলে ফিরে যেতে চায়। এছাড়া, উপরের এলাকায় খাদ্যের প্রতিযোগিতা কম এবং শিকারির উপস্থিতিও কম, যা তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে।

তবে এই অসাধারণ অভিযাত্রা তাদের জন্য যথেষ্ট প্রাণঘাতী। জলপ্রপাত বেয়ে ওঠার সময় তারা সহজেই অবৈধ শিকারিদের পাল্লায় পড়ে। এর পাশাপাশি, নদীর জল সেচের জন্য সরিয়ে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনাও তাদের আবাসস্থলকে ঝুঁকির মুখে ফেলছে। ফলে, উপেম্বা ন্যাশনাল পার্কের এই অনন্য জীববৈচিত্র্য রক্ষার জন্য জরুরি সংরক্ষণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

সূত্র: These tiny fish climb waterfall cliffs for 10 hours by Andrew Paul

Published April 2nd , 2026 11:00 AM EDT.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =