নারীর প্রজননচক্রে ডিম্বস্ফোটনের সময় সার্ভাইক্যাল মিউকাস বা জরায়ুমুখের শ্লেষ্মায়/তরলে ফার্ন পাতার মতো এক কেলাসাকার নকশা দেখা যায়, তার বৈজ্ঞানিক নাম “ফার্নিং’’ বা “আর্বরাইজেশন’’। এটি নারীদেহের প্রতি মাসের একটি স্বাভাবিক জৈবিক ঘটনা, যা মূলত হরমোনগত পরিবর্তনের ফল। বিশেষ করে ডিম্বস্ফোটনের আগে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলে জরায়ু শ্লেষ্মার রাসায়নিক গঠন পরিবর্তিত হয়। এই পরিবর্তনের কারণেই শুকিয়ে যাওয়া মিউকাসে বিশেষ ধরনের কেলাসাকৃতি বিন্যাস তৈরি হয়।
এই মিউকাসকে একটি মাইক্রোস্কোপ স্লাইডে রেখে শুকাতে দিলে এর মধ্যে উপস্থিত লবণ, বিশেষত সোডিয়াম ক্লোরাইড, ধীরে ধীরে কেলাসাকারে জমাট বাঁধে। এই কেলাসগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যে তা দেখতে গাছের ডালপালা, বরফের নকশা বা নদীর শাখা-প্রশাখার মতো লাগে। এই ধরণের নকশাই ‘’ফার্নিং প্যাটার্ন’’ নামে পরিচিত। ডিম্বস্ফোটনের সময় এই নকশা সবচেয়ে স্পষ্ট থাকে, কিন্তু মাসিকচক্রের এই উর্বর সময় ফুরিয়ে এলে তা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায় বা সম্পূর্ণ অদৃশ্য হয়।
এই বৈশিষ্ট্যের কারণে ফার্নিং দীর্ঘদিন ধরে প্রজননস্বাস্থ্য ও উর্বরতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সূচক হিসেবে ব্যবহৃত হচ্ছে। চিকিৎসক ও গবেষকেরা বহু বছর ধরে এটি ব্যবহার করে ডিম্বস্ফোটনের সময় নির্ধারণের চেষ্টা করেছেন। বর্তমানে অনেক নারীও নিজেদের প্রজনন ক্ষমতা সম্পর্কে ধারণা পেতে জরায়ু শ্লেষ্মা পর্যবেক্ষণ করেন। কারণ ফার্নিং প্যাটার্ন সাধারণত নির্দেশ করে যে ডিম্বস্ফোটনের সময় খুব কাছেই এসে গেছে। বলতে গেলে, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এটি একটি প্রাকৃতিক জৈব সূচক হিসেবে বিবেচিত।
ফার্নিং শুধু চিকিৎসাবিজ্ঞানের একটি কার্যকর পদ্ধতিই নয়, এটি প্রকৃতির স্বয়ং-সংগঠিত গঠন তৈরির এক অসাধারণ উদাহরণও। এখানে কোনো বাহ্যিক নকশা বা নির্দেশনা ছাড়াই ক্ষুদ্র ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া মিলিত হয়ে জটিল এবং সুশৃঙ্খল জ্যামিতিক বিন্যাস সৃষ্টি করে। হরমোনের মাত্রা, শরীরে জলের পরিমাণ এবং মিউকাসের উপাদানভেদে প্রতিটি আকার আকৃতিতে কিছু পার্থক্য দেখা যায়। ফলে প্রতিটি কেলাসের নমুনা বিন্যাস এক অর্থে অনন্য।
প্রকৃতিতে এ ধরনের স্বতঃস্ফূর্ত নকশা আরও অনেক ক্ষেত্রেই দেখা যায়। যেমন তুষারকণার গঠন, খনিজ কেলাসের বিন্যাস, কিংবা উদ্ভিদের শাখা-প্রশাখার বৃদ্ধি। জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়ম একসঙ্গে কাজ করে যে কত বিস্ময়কর সৌন্দর্য ও সংগঠিত কাঠামো সৃষ্টি করতে পারে এ তারই স্পষ্ট উদাহরণ। ফার্নিং শুধু একটি শারীরিক লক্ষণই নয়, এটি প্রকৃতির গাণিতিক ও জৈবিক সামঞ্জস্যেরও এক আকর্ষনীয় প্রতিফলন।
সূত্র: Astro Universe, 11.5.2026.
