সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসি পোগানিক ও তাঁর সহকর্মীদের গবেষণায় এক অদ্ভুত ব্যাপার জানা গেছে। অঙ্গ প্রতিস্থাপনের পর দাতার হৃদ্যন্ত্র শুধু নতুন শরীরে কাজই করে না, তার জৈবিক বয়সও নতুন শরীরের বয়সের সঙ্গে মানিয়ে নেয়। গবেষণাটি এখনও সমস্তরের বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচিত হয়নি। এটি প্রকাশিত হয়েছে bioRxiv-এ।
গবেষণায় দেখা গেছে, তরুণ দাতার হৃদ্যন্ত্র বয়স্ক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করলে দ্রুত জৈবিকভাবে বয়স্ক হয়ে উঠতে পারে। বিপরীতে, বয়স্ক দাতার হৃদ্যন্ত্র তরুণ ব্যক্তির শরীরে গিয়ে কিছুটা তরুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এখানে জৈবিক বয়স বলতে বোঝানো হয়েছে কোষে সময়ের সঙ্গে জমা হওয়া ক্ষয় ও পরিবর্তনের মাত্রা।
প্রথমে গবেষকেরা ইঁদুরের ওপর পরীক্ষা চালান। ৩ মাস বয়সি তরুণ, ১ বছর বয়সি মধ্যবয়স্ক এবং প্রায় ১.৫–১.৬৭ বছর বয়সি বয়স্ক ইঁদুরের অতিরিক্ত হৃদ্যন্ত্র অন্য বয়সের ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের চার থেকে ছয় মাস পর হৃদ্যন্ত্রের টিস্যু বিশ্লেষণ করা হয়। গবেষকেরা প্রায় ৩.২ লক্ষ জিনগত অঞ্চলে ডিএনএ-তে মিথাইল গ্রুপের রাসায়নিক পরিবর্তন ঘটানোর পরীক্ষা করেন। এইসব পরিবর্তনের অনেকগুলিই কোষের বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত।
দেখা গেছে, প্রতিস্থাপিত হৃদ্যন্ত্রের জৈবিক বয়স ধীরে ধীরে তার নতুন মালিকের বয়সের কাছাকাছি চলে যায়। তরুণ হৃদ্যন্ত্র বয়স্ক প্রাণীর শরীরে তুলনামূলক দ্রুত বয়স্ক হয়েছে, আর বয়স্ক হৃদ্যন্ত্র তরুণ প্রাণীর শরীরে কিছুটা পুনরুজ্জীবিত হয়েছে। এর সঙ্গে আগের প্যারাবায়োসিস গবেষণারও মিল রয়েছে। যেখানে তরুণ ও বয়স্ক ইঁদুরের রক্তসঞ্চালন ব্যবস্থা যুক্ত করে দেখা হয়েছিল যে তরুণ রক্ত বয়স্ক প্রাণীর বিভিন্ন জৈবিক বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারে।
এরপর গবেষকেরা মানুষের হৃদ্যন্ত্র প্রতিস্থাপনের তথ্য বিশ্লেষণ করেন। বোস্টনের ব্রিঘাম অ্যান্ড উইমেন্স হাসপাতালের ১১টি প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতা ও গ্রহীতার বয়সের যথেষ্ট পার্থক্য ছিল। ডি এন এ মিথাইলেশন বিশ্লেষণেও ইঁদুরের পরীক্ষার মতো ফল পাওয়া যায়।
শুধু কোষীয় পরিবর্তন নয়, হৃদ্যন্ত্রের কার্যকারিতার কিছু সূচকও ছিল গ্রহীতার বয়সের সঙ্গে বেশি সম্পর্কিত । হৃদ্স্পন্দন, হৃদ্যন্ত্রের পশ্চাৎপ্রাচীরের পুরুত্ব এবং ব্যায়াম করার সক্ষমতা প্রভৃতি বৈশিষ্ট্যে এমন প্রবণতা দেখা গেছে। তবে সব কার্যগত বৈশিষ্ট্য একইভাবে বদলায়নি। গবেষকদের মতে, কিছু পরিবর্তন সম্ভবত অপরিবর্তনীয়।
এই ফলাফল ভবিষ্যতে অঙ্গদাতা নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে তুলনামূলক কম বয়সি দাতার হৃদ্যন্ত্রকে বেশি উপযোগী ধরা হয়, যদিও সুস্থ বয়স্ক ব্যক্তিদের হৃদ্যন্ত্রও নির্দিষ্ট পরিস্থিতিতে প্রতিস্থাপনের জন্য গ্রহণ করা হয়। যদি আরও গবেষণায় এই ফলাফল নিশ্চিত হয়, তবে বয়স্ক দাতাদের হৃদ্যন্ত্রও নিরাপদে ব্যবহারের সুযোগ বাড়তে পারে।
সূত্র:https://www.nature.com/articles/d41586-026-03043-w?utm_source=Live+Audience&utm_campaign=18d2a0311c-nature-briefing-daily-20260928&utm_medium=email&utm_term=0_-33f35e09ea-499053275
