দীপক ধর সমেত ৪ পদার্থবিজ্ঞানী পেলেন ডিরাক মেডেল 

দীপক ধর সমেত ৪ পদার্থবিজ্ঞানী পেলেন ডিরাক মেডেল 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স ডিরাক মেডেল পেলেন চার বিজ্ঞানী— বার্নার্ড দেরিদা, দীপক ধর, মার্ক মেজার এবং হাইম সোমপোলিনস্কি। রাশিতাত্ত্বিক বলবিদ্যায় বড়ো অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মান দেওয়া হয়েছে। এঁরা দেখিয়েছেন, রাশিতাত্ত্বিক পদার্থবিদ্যার হাত ধরে শুধু পদার্থের আচরণই নয়, বোঝা যায় আরও জটিল অনেক ব্যবস্থাকেও। জটিল সিস্টেম, নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটার বিজ্ঞান থেকে জীববিজ্ঞান – বিষয়টির প্রয়োগ ছড়িয়েছে বহু দূর। চারজনের মধ্যে ভারতের জন্য বিশেষ গর্বের নাম দীপক ধর। ১৯৫১ সালে তাঁর জন্ম। এই বিশিষ্ট বিজ্ঞানী দীর্ঘদিন ধরে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ -এ গবেষণা করছেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ফেলোও। ভারতীয়দের জন্য এই সম্মান অবশ্য নতুন নয়। ২০১৪ সালে ডিরাক মেডেল পেয়েছিলেন আর এক ভারতীয় তাত্ত্বিক পদার্থবিদ অশোক সেন। নিজের দেশেই কাজ করে এই পদক পাওয়া বিজ্ঞানীদের তালিকায় এখনও পর্যন্ত রয়েছে ভারত ও জাপানের নাম। এশিয়ায় ভারত, জাপান ও ভিয়েতনামের বিজ্ঞানীরাই এই সম্মান পেয়েছেন। শুধু ডিরাক মেডেল নয়, উন্নয়নশীল দেশের ৪০ বছরের কম বয়সী প্রতিভাবান পদার্থবিদদেরও ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স পুরস্কৃত করে। ১৯৮৩ সালে এই পুরস্কার চালু করার পর থেকে সবচেয়ে বেশি বার সম্মান পেয়েছেন ভারতীয় পদার্থবিদরাই।

সূত্র: Physics & Chemistry; October; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =