দেশের প্রকৃত গৌরব বিজ্ঞানীরাই 

দেশের প্রকৃত গৌরব বিজ্ঞানীরাই 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চীনে বিশাল বিশাল ডিজিটাল স্ক্রিন, বিলবোর্ড, মেট্রো স্টেশন থেকে শপিং মলের দেওয়ালে বাণিজ্যিক বিজ্ঞাপনের বদলে দেখা যাচ্ছে দেশের কৃতী বিজ্ঞানীদের ছবি। আগস্টে শানডং প্রদেশে শুরু হওয়া এই প্রচার দ্রুত ছড়িয়ে পড়েছে হেনান, আনহুই, ইনার মঙ্গোলিয়াসহ বিভিন্ন অঞ্চলে। পোস্টারে রয়েছেন রকেট বিজ্ঞানী চিয়েন শুয়েসেন,পরমাণু বিজ্ঞানী দেং চিয়াশিয়ান, হাইব্রিড ধানের উদ্ভাবক ইউয়ান লংপিং এবং নোবেলজয়ী তু ইউইউ। ছবির সঙ্গে থাকছে তাঁদের কীর্তি ও অনুপ্রেরণামূলক উদ্ধৃতি। রোজকার জনপরিসরেই বদলে যাচ্ছে ‘তারকা’র সংজ্ঞা। বার্তা একটাই—পরিশ্রম, উদ্ভাবন ও দেশের জন্য অবদানই তারকাখ্যাতির যোগ্য। চীনের মানুষের কাছে এই দৃশ্য গর্বের। আর আন্তর্জাতিক দর্শকদের চোখে তা আরও তাৎপর্যপূর্ণ। যেখানে অন্য অনেক সমাজে অভিনেতা, খেলোয়াড়, ধর্ম নেতা বা রাজনীতির লোকদেরই জনসমক্ষে তুলে ধরা হয়, সেখানে চীন বেছে নিয়েছে গবেষকদের। শহরের ব্যস্ততম বিজ্ঞাপনস্থলে বিজ্ঞানীদের চিত্র তুলে ধরে আসলে একটি সাংস্কৃতিক বার্তাই জোরালো করছে দেশটি। বৈজ্ঞানিক কৃতিত্বই প্রকৃত সেলিব্রিটির মর্যাদা আনে। শহরের দেওয়াল তাই হয়ে উঠছে জ্ঞান, কৃতিত্ব ও জাতীয় গর্বের স্থায়ী প্রদর্শনী। কিছু কি আমাদের শেখার আছে?

 

সূত্র: Global Times, “In China, ‘prime city billboards’ reserved for scientists: Why this sparked overseas discussion,” September, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 6 =