দ্রুতগতির উন্নত ইন্টারনেট

দ্রুতগতির উন্নত ইন্টারনেট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ নভেম্বর, ২০২৬

র্তমানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপুল পরিমাণ তথ্য দ্রুত আদানপ্রদানের জন্য আলোর ব্যবহার ক্রমশ বাড়ছে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোকসংকেত পাঠিয়ে অল্প সময়ে বিপুল তথ্য পরিবহণ করা সম্ভব। কিন্তু এই প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন পদার্থ আলো শোষণ করার সময় সংকেতের শক্তি কমে যায়। তাই উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরির আগে সংশ্লিষ্ট পদার্থের মধ্যে দিয়ে আলো কীভাবে চলাচল করবে এবং কতটা শক্তি হারাবে, তা জানা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে দ্রুতগতির ইন্টারনেট ও উন্নত আলোক-যোগাযোগ প্রযুক্তি তৈরির পথে এক তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটালেন বিজ্ঞানীরা। দীর্ঘ কয়েক দশক ধরে গবেষকদের কাছে একটি বিশেষ কেলাস পদার্থ বেরিয়াম টাইটানেটের (Barium Titanate বা BTO) আলোকীয় বৈশিষ্ট্য ছিল একটা ধোঁয়াশা । এই পদার্থের সঙ্গে আলোর মিথস্ক্রিয়া এবং আলো শোষণের পরিমাণ নিয়ে বিভিন্ন গবেষণায় পরস্পরবিরোধী ফল পাওয়া যাচ্ছিল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা অত্যাধুনিক পরীক্ষাপদ্ধতির সাহায্যে সেই জটিলতা দূর করেছেন। তাঁদের গবেষণায় বেরিয়াম টাইটানেটের আলোক বৈশিষ্ট্য সম্পর্কে নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য পাওয়া গিয়েছে। ভবিষ্যতে আরও দ্রুত এবং কম শক্তিক্ষয়কারী অপটিক্যাল যোগাযোগ যন্ত্র তৈরিতে তা সাহায্য করবে।

 

বেরিয়াম টাইটানেট এ ক্ষেত্রে বিশেষ সম্ভাবনাময়। এর উপর এর বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করলে প্রতিসরণাঙ্ক পরিবর্তিত হয়। অর্থাৎ, পদার্থটির মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোর গতি কতটা কমবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই বৈশিষ্ট্যকে বলা হয় পোকেলস প্রভাব । এর সাহায্যে বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে আলোর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যায়। ফলে আলোকসংকেতের মাধ্যমে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় অপটিক্যাল মডিউলেটর তৈরিতে এই কেলাস অত্যন্ত কার্যকর হতে পারে। বেরিয়াম টাইটানেট কেলাসের ভিতরে বিভিন্ন অভিমুখে সাজানো ছোট ছোট অঞ্চল বা ডোমেন থাকে। প্রতিটি ডোমেন আলোর সঙ্গে আলাদাভাবে প্রতিক্রিয়া করে। ফলে একসঙ্গে পুরো কেলাসের বৈশিষ্ট্য পরিমাপ করলে বিভিন্ন প্রতিক্রিয়া মিশে যায়, তখন পদার্থটির প্রকৃত আলোক ধর্ম নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।

এই সমস্যা সমাধানে গবেষকরা সুষম ডোমেন-বিন্যাসযুক্ত একক-কেলাস নিয়ে পরীক্ষা করেন। ব্যবহার করেন ‘মুয়েলার ম্যাট্রিক্স স্পেকট্রোস্কোপিক এলিপসোমেট্রি’ নামের উন্নত প্রযুক্তি। যার সাহায্যে পদার্থের মধ্যে দিয়ে আলো চলাচল বা প্রতিফলনের সময় তার মেরুকরণের পরিবর্তন বিশ্লেষণ করা যায়। অতিবেগুনি থেকে অবলোহিত অঞ্চল পর্যন্ত ১৯০ ন্যানোমিটার থেকে ৪০ মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো পরীক্ষা করে তাঁরা প্রতিসরণাঙ্ক ও আলো শোষণের বৈশিষ্ট্য নির্ণয় করেছেন। এমনকি ২ থেকে ১০ মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলে অত্যন্ত সামান্য আলো শোষণও পরিমাপ করতে পেরেছেন।

পাশাপাশি, কেলাসের ভিতরে বিভিন্ন অভিমুখের ডোমেনের অবস্থান ও অনুপাত বিবেচনা করে সামগ্রিক আলোকীয় আচরণ নির্ণয়ের একটি পদ্ধতিও তৈরি করেছেন । ফলে ভবিষ্যতে কোনও অপটিক্যাল যন্ত্র তৈরির আগেই তার কার্যকারিতা সম্পর্কে নির্ভুল ধারণা পাওয়া সহজ হবে।

গবেষণাটির বিবরণ এ সি এস ফোটোনিক্স পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই গবেষণায় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি সহ একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা যুক্ত ছিলেন। গবেষকদের আশা, এই আবিষ্কার ভবিষ্যতে দ্রুতগতির ইন্টারনেট, উন্নত অপটিক্যাল যোগাযোগ ব্যবস্থা এবং আলোক-নির্ভর কোয়ান্টাম প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সূত্র: “Broadband Optical Characterization of Tetragonal Barium Titanate by Mueller-Matrix Spectroscopic Ellipsometry” by Jiwon Kang, Nina Hong, Christopher M. Yi, Yun Su Go, Martin Thomaschewski, Hwi Je Woo, Prachi Thureja, Junghoon Jahng, Harry A. Atwater and Min Seok Jang, 20 October 2026, ACS Photonics.

DOI: 10.1021/acsphotonics.6c01514

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 11 =