জন্মের পরপরই নবজাতককে ভিটামিন কে-এর একটি ইঞ্জেকশন দেওয়া হয়। শিশুর রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখা এবং বিপজ্জনক রক্তক্ষরণ প্রতিরোধ করাই এর প্রধান উদ্দেশ্য। কিন্তু আমেরিকায় এমন অভিভাবকের সংখ্যা ক্রমশ বাড়ছে, যাঁরা তাঁদের সদ্যোজাত সন্তানকে এই ইঞ্জেকশন দিতে চাইছেন না। এর ফলে নবজাতকদের মধ্যে ভিটামিন কে-এর ঘাটতি এবং সেই কারণে সৃষ্ট রক্তক্ষরণের ঘটনা বেড়ে চলেছে। সাম্প্রতিক এক গবেষণায় এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গিয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকায় নবজাতকদের ভিটামিন কে-এর ঘাটতি শনাক্ত হওয়ার হার বেড়েছে ২১৬ শতাংশ। অন্যদিকে, ভিটামিন কে-এর অভাবে রক্তক্ষরণের ঘটনা বেড়েছে ৩৪৭ শতাংশ। একই সময়ে জন্মের পর ভিটামিন কে-এর ইঞ্জেকশন নেওয়া শিশুর হার ৯৭.৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯৫ শতাংশে। গবেষণাটি ৫ই নভেম্বর ২০২৬-এ JAMA পেডিয়াট্রিক্স পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় কয়েকটি বিশেষ প্রোটিনকে সক্রিয় করে। কিন্তু জন্মের সময় নবজাতকের শরীরে এই ভিটামিনের পরিমাণ খুবই কম থাকে। মায়ের গর্ভফুলের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন কে শিশুর শরীরে পৌঁছায় না। জন্মের পরেও শিশুর পরিপাকতন্ত্র এই ভিটামিন ভালোভাবে শোষণ করতে পারে না। এমনকি মায়ের বুকের দুধেও এর পরিমাণ তুলনামূলকভাবে কম। তাই জন্মের পর একটি ইঞ্জেকশনের মাধ্যমে শিশুকে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়া হয়।
ভিটামিন কে-র অভাবে রক্তক্ষরণ সাধারণত দুই ধরনের হতে পারে। জন্মের ২ দিন থেকে এক সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে প্রাথমিক পর্যায়ের রক্তক্ষরণ। এতে নাভি বা শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে পারে। অন্যদিকে, জন্মের এক সপ্তাহ থেকে ছয় মাসের মধ্যে দেখা দিতে পারে বিলম্বিত রক্তক্ষরণ। এটি আরও বিপজ্জনক। এই ক্ষেত্রে শিশুর মাথার খুলির ভিতরে রক্তক্ষরণের আশঙ্কা ৩০ থেকে ৬০ শতাংশ। এর ফলে খিঁচুনি, মস্তিষ্কের স্থায়ী ক্ষতি, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে।
গবেষকরা ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ১ কোটি ১০ লক্ষেরও বেশি শিশুর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন। দেখা গিয়েছে, ভিটামিন কে-এর ঘাটতিতে আক্রান্ত শিশুদের মাত্র ৪০ শতাংশ এবং এই ঘাটতিজনিত রক্তক্ষরণে আক্রান্ত শিশুদের মাত্র ১৯ শতাংশ জন্মের পর ইঞ্জেকশন পেয়েছিল। আক্রান্ত শিশুদের মধ্যে যথাক্রমে ৭ শতাংশ ও ২ শতাংশের মস্তিষ্ক বা মাথার খুলির ভিতরে রক্তক্ষরণের ঘটনাও নথিভুক্ত হয়েছে।
গবেষণাপত্রটির প্রধান লেখক শিশু চিকিৎসক এলিজাবেথ উলফের মতে, চিকিৎসক ও জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থার অভাব এই পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে। তবে ইঞ্জেকশন কম নেওয়া এবং রোগের হার বৃদ্ধির মধ্যে সম্পর্ক দেখা গেলেও, এই গবেষণা কিন্তু সরাসরি কার্য-কারণ সম্পর্ক প্রমাণ করে না। গবেষকদের মতে, অভিভাবকদের মধ্যে ভিটামিন কে সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এর গুরুত্ব বোঝানো এখন অত্যন্ত জরুরি। ১৯৬১ সাল থেকেই আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস নবজাতকদের জন্মের পর এই ইঞ্জেকশন দেওয়ার সুপারিশ করে আসছে। চিকিৎসকদের আশঙ্কা, অভিভাবকদের অনীহা বাড়তে থাকলে ভবিষ্যতে এই প্রতিরোধযোগ্য সমস্যার প্রকোপ আরও বাড়তে পারে।
সূত্র: “Vitamin K Deficiency and Associated Bleeding in Infants” by Elizabeth R. Wolf, Evan French, Darya Shokouhi Niaki and Steven H. Woolf, 5 November 2026, JAMA Pediatrics.
DOI: 10.1001/jamapediatrics.2026.5794
