পদার্থবিদ্যায় নোবেল পেলেন বেলজিয়ামের ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিদ্যায় নোবেল পেলেন বেলজিয়ামের ফ্রান্সিস হ্যালজেন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ অক্টোবর, ২০২৬

মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় কণাদের একটি হল নিউট্রিনো। এটি এতটাই নিশ্চুপ যে কোটি কোটি নিউট্রিনো প্রতিমুহূর্তে আমাদের শরীর আর পৃথিবীর ভিতর দিয়ে চলে যাচ্ছে, আমরা টেরই পাই না। অদৃশ্য এই কণাকেই ধরার এক অভিনব উপায় বার করেছিলেন পদার্থবিদ ফ্রান্সিস হ্যালজেন। তাঁর নেতৃত্বে তৈরি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি-র মাধ্যমে মহাকাশ থেকে আসা অত্যন্ত শক্তিশালী নিউট্রিনোর সন্ধান পাওয়া গেছে। আর এই অবদানের জন্যই ২০২৬ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন হ্যালজেন। ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালে, বেলজিয়ামের তিয়েনেন -এ। আমেরিকা যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর।

 

গল্পের সূচনা ১৯৮৮ সালে। হ্যালজেনের ভাবনা ছিল, দক্ষিণ মেরুর হাজার হাজার কোটি টন বিশুদ্ধ বরফকে যদি বিশাল ‘ডিটেক্টর’ হিসেবে ব্যবহার করা যায়? নিউট্রিনো সাধারণত পদার্থ ভেদ করে চলে যায়। কিন্তু খুব বিরল ক্ষেত্রে কোনও পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে তার ধাক্কা লাগলে তৈরি হয় ক্ষীণ আলোর ঝলক। বরফের গভীরে বসানো সেন্সর সেই আলো ধরে ফেলতে পারে। এই ভাবনা থেকেই তৈরি আইসকিউব। প্রায় এক ঘন কিলোমিটার বরফ জুড়ে ছড়ানো বিশাল কণা-ডিটেক্টর। ২০১১ সালে এর নির্মাণ শেষ হয়।

আইসকিউব এমন নিউট্রিনো ধরতে সক্ষম হয়, যাদের শক্তি পৃথিবীর গবেষণাগারে তৈরি করা কণার চেয়েও কোটি গুণ বেশি হতে পারে। আরও গুরুত্বপূর্ণ, এই নিউট্রিনো এসেছে আমাদের সৌরজগতের বহু দূর থেকে।

মহাবিশ্বে এমন কিছু প্রাকৃতিক কণা ত্বরক বা ‘পার্টিকল অ্যাক্সিলারেটর’ রয়েছে, যেখানে কণারা অকল্পনীয় শক্তি পায়। কিন্তু সেই মহাজাগতিক কারখানাগুলো কোথায়, কীভাবে কাজ করে, তা এখনও পুরোপুরি জানা নেই। নিউট্রিনো এখানে একেবারে অন্যরকম দূত। অন্য কণারা মহাজাগতিক পথে দিক বদলাতে বা শক্তি হারাতে পারে। নিউট্রিনো প্রায় সোজা পথেই ছুটে আসে। ফলে তার গতিপথ অনুসরণ করে বিজ্ঞানীরা যেন সরাসরি মহাবিশ্বের সবচেয়ে আলোড়িত ও শক্তিশালী ঘটনাস্থলের দিকে তাকাতে পারেন। অর্থাৎ, দক্ষিণ মেরুর বরফ এখন শুধু বরফ নয়, এটা হয়ে উঠেছে মহাবিশ্বের অদৃশ্য বার্তা ধরার বিশাল ‘চোখ’।

আর সেই চোখ খুলে দেওয়ার কৃতিত্বই এবার নোবেলের মঞ্চে স্বীকৃতি পেল।

 

সূত্র: Nobel Prize Outreach 2026. Tue. 6 Oct 2026. <https://www.nobelprize.org/prizes/physics/2026/press-release/>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 10 =