পরিযায়ী পাখির জন্য ডিজিটাল সেতু

পরিযায়ী পাখির জন্য ডিজিটাল সেতু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ অক্টোবর, ২০২৬

দেশের সীমানা পেরিয়ে হাজার হাজার কিলোমিটার উড়ে যায় পরিযায়ী পাখিরা। তাদের যাত্রাপথ, বিশ্রামের জায়গা ও বিপদের তথ্য একত্র করতে চালু হল সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ডিজিটাল হাব। উদ্যোগটি নিয়েছে সেন্ট্রাল এশিয়ান কনজারভেশন নেটওয়ার্ক । উত্তর ইউরেশিয়া থেকে মধ্য ও দক্ষিণ এশিয়া পর্যন্ত বিস্তৃত সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ব্যবহার করে ৬০০-রও বেশি প্রজাতির পাখি। নতুন এই মঞ্চে মিলবে পাখির পরিচিতি, গুরুত্বপূর্ণ আবাসস্থল, সংরক্ষণ প্রকল্প ও শিক্ষামূলক উপকরণ। শিশুদের গল্পের মাধ্যমে পাখিদের দীর্ঘ যাত্রা ও জলাভূমির গুরুত্বও তুলে ধরা হবে। বিদ্যুতের তার, বায়ুকল ও অন্যান্য পরিকাঠামোয় ধাক্কা লেগে বহু পাখি আহত হয় বা মারা যায়। এই তথ্য নথিভুক্ত ও ভাগ করে নিতে থাকছে বার্ড কলিশন রিপোর্টিং পোর্টাল। অন্যদিকে, পাখির পায়ে লাগানো আংটি বা বিশেষ ব্যান্ডের তথ্য নথিভুক্ত করবে রিংগিং অ্যান্ড রিসাইটিং পোর্টাল। এর মাধ্যমে বিভিন্ন দেশে চিহ্নিত পাখির গতিবিধি ও তাদের আবাসস্থলের মধ্যে যোগসূত্র বোঝা সম্ভব হবে। সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ের গুরুত্বপূর্ণ অংশ ভারত। এখানকার জলাভূমি, তৃণভূমি ও উপকূলীয় অঞ্চল বহু পরিযায়ী পাখির খাবার ও বিশ্রামের জায়গা। এই যোগাযোগ বাড়াতে বার্ড কাউন্ট ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি হচ্ছে ফ্লাইওয়ে কানেক্ট উদ্যোগ। এর লক্ষ্য, পাখিপ্রেমী, গবেষক ও সংরক্ষণকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং উপগ্রহ-চিহ্নিত পাখিদের গতিবিধির তথ্য ভাগ করে নেওয়া। WWF হং কং এবং অর্নিথোলজিক্যাল সোসাইটি অফ দ্য মিডল ইস্টের সহায়তায় তৈরি এই ডিজিটাল হাব গবেষক, শিক্ষক, পড়ুয়া ও সাধারণ মানুষকে একই মঞ্চে আনতে চায়। লক্ষ্য একটাই, পাখিদের পরিযানপথের তথ্যকে এক সুতোয় বাঁধা। কারণ, পাখিরা দেশের সীমানা মানে না। তাদের বাঁচাতে তাই আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্যের আদানপ্রদান অত্যন্ত জরুরি।

সূত্র:

Down to Earth; October , 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =