পশ্চাৎপদ দেশের শিশু চিকিৎসায় এ আই

পশ্চাৎপদ দেশের শিশু চিকিৎসায় এ আই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ জুলাই, ২০২৬

বিশ্বে প্রতি ১০টি শিশুর মধ্যে একটি শিশু নির্ধারিত সময়ের আগেই জন্মায়। আর তাদের বেশিরভাগই নিম্ন আয়ের দেশের। অথচ স্বাস্থ্যসেবায় ব্যবহৃত অধিকাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি ও ব্যবহার হয় ইউরোপ ও উত্তর আমেরিকার তথ্যের ভিত্তিতে। ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুরাই অনেক সময় এই প্রযুক্তির সুবিধা পায় না। এই বৈষম্য দূর করতেই কাজ করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনা নাম্বুরেতে। মোজাম্বিকে জন্ম নেওয়া আনা- ছোটবেলা থেকেই গণিত ও জীববিজ্ঞানে আগ্রহী ছিলেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগোলেও মোজাম্বিকের একটি ক্লিনিকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সময় চিকিৎসা যন্ত্রের প্রযুক্তিগত দিক তাঁকে নতুনভাবে ভাবতে শেখায়। তখনই তিনি সিদ্ধান্ত নেন, চিকিৎসক নয়, চিকিৎসা প্রযুক্তির নির্মাতা হবেন। পরে কানাডায় প্রকৌশল পড়ে অক্সফোর্ডে পিএইচ ডি গবেষণায় যোগ দেন। তিনি এমন একটি মেশিন লার্নিং মডেল তৈরি করেন, যা সাধারণ আল্ট্রাসাউন্ড ছবি দেখে গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশের বয়স নির্ধারণ করতে পারে। গর্ভধারণের সঠিক সময় জানা না থাকলেও এই প্রযুক্তি অকাল জন্মের ঝুঁকি শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করে। আনার মতে, এআই গবেষণার গতি এখন অনেক বেড়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এআইয়ের ফলাফল যাচাই না করে ব্যবহার করলে রোগীর ক্ষতি হতে পারে। তাই প্রযুক্তির ওপর অন্ধভাবে নির্ভর না করে গবেষকদের দায়িত্বশীল থাকতে হবে। বর্তমানে স্বাস্থ্যসেবার এআই প্রশিক্ষণের তথ্যের মাত্র প্রায় ১ শতাংশ আফ্রিকার দেশগুলো থেকে আসে। তাই তিনি বিভিন্ন দেশের তথ্য ব্যবহার করে এমন মডেল তৈরি করছেন, যা মানুষের জৈবিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে, যন্ত্র বা হাসপাতালের পার্থক্য নয়। ব্যয়বহুল এমআরআইয়ের বদলে তিনি সাশ্রয়ী ও সহজলভ্য আল্ট্রাসাউন্ড প্রযুক্তির ওপর জোর দিচ্ছেন, যাতে নিম্ন আয়ের দেশগুলোর মানুষও এর সুফল পায়। ইউরোপীয় রিসার্চ কাউন্সিলের সহায়তায় তিনি এমন একটি প্রকল্পে কাজ করছেন, যেখানে গর্ভাবস্থা থেকে জন্মের পর পর্যন্ত শিশুর মস্তিষ্কের বিকাশ পর্যবেক্ষণ করা হবে। তাঁর বিশ্বাস, প্রযুক্তির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের বাস্তব সমস্যার সমাধান করা। তাই তিনি এমন এআই তৈরি করতে চান, যা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুর কাছেও সমানভাবে কার্যকর হবে।

সূত্রঃ Study by Pembroke Fellow Reveals Effects of Early Disruptions in Fetal Brain Growth on Child Development NEWS | 22 April 2026, Pembroke College, Oxford University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =