বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বুকের হাড়ের (স্টার্নাম) পিছনে অবস্থিত হৃদপিণ্ডের একেবারে সামনে রোগপ্রতিরোধক গ্রন্থি থাইমাস ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে যায়। আর সেই কারণেই এতদিন মনে করা হতো, প্রাপ্তবয়স্ক জীবনে অঙ্গটির বিশেষ প্রয়োজন নেই। অঙ্গটি হয়তো শৈশবে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রেই কেবলমাত্র গুরুত্বপূর্ণ। তবে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ প্রকাশিত একটি বড় গবেষণার ফলাফল অনুযায়ী , প্রাপ্তবয়স্ক অবস্থাতেও থাইমাস রোগপ্রতিরোধ ব্যবস্থা, এমনকি ক্যানসারের বিরুদ্ধে শরীরের নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শৈশবে থাইমাস সক্রিয়ভাবে T- সেল তৈরি করে। এই প্রতিরোধী কোষগুলি শরীরে সংক্রমিত, অস্বাভাবিক এবং সম্ভাব্য ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে থাইমাসের আকার ও কার্যকলাপ কমে গেলেও অঙ্গটি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় না। এটি প্রাপ্তবয়স্কদের শরীরেও এটি নতুন T- সেল তৈরিতে সহায়তা করে।
গবেষণায় এমন প্রাপ্তবয়স্কদের পর্যবেক্ষণ করা হয়, যাঁদের বিভিন্ন অস্ত্রোপচারের সময় থাইমাস অপসারণ বা থাইমেকটমি করা হয়েছিল। তাঁদের সঙ্গে একই ধরনের শারীরিক ও চিকিৎসাগত বৈশিষ্ট্যসম্পন্ন এমন রোগীদের তুলনা করা হয়, যাঁদের থাইমাস অক্ষত ছিল। অস্ত্রোপচারের পাঁচ বছর পর দেখা যায়, থাইমাস অপসারণ করা রোগীদের ৭.৪ শতাংশের ক্যানসার ধরা পড়েছে। অক্ষত থাইমাসের তুলনীয় রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৩.৭ শতাংশ, অর্থাৎ প্রায় দ্বিগুণ। থাইমেকটমি-প্রাপ্তদের মধ্যে সামগ্রিক মৃত্যুহারও বেশি ছিল।
এর সম্ভাব্য কারণ খুঁজতে গিয়ে গবেষকেরা T- সেলের উৎপাদন ও কার্যকারিতার দিকে নজর দেন। দেখা যায়, থাইমাস না থাকা ব্যক্তিদের অস্ত্রোপচারের বহু বছর পরও নতুন CD4 ও CD8 T-সেল তৈরির হার কম ছিল। একই সঙ্গে তাঁদের রক্তে বিভিন্ন প্রদাহী অণুর মাত্রাও বেশি পাওয়া যায়। এর অর্থ হতে পারে, থাইমাসের অনুপস্থিতি দীর্ঘমেয়াদে রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য ও ক্যানসার শনাক্ত করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
তবে গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক, তাই থাইমাস অপসারণ সরাসরি ক্যানসার বা মৃত্যুর কারণ, এমন সিদ্ধান্ত এখনও নেওয়া যায় না। অন্য কোনো শারীরিক বা চিকিৎসাগত কারণও এই পার্থক্যের পেছনে থাকতে পারে।
প্রাপ্তবয়স্ক শরীরে থাইমাসকে অপ্রয়োজনীয় বলে ধরে নেওয়ার ধারণা হয়তো পুরোপুরি ঠিক নয়। কোনো রোগের চিকিৎসায় থাইমাস অপসারণ অপরিহার্য হলে তার সুফল ঝুঁকির চেয়ে বেশি হতে পারে। কিন্তু অঙ্গটি নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হলে, প্রাপ্তবয়স্ক জীবনেও সুস্থ থাইমাসকে বজায় রাখা দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধ ক্ষমতা ও ক্যানসার-নজরদারিতে সহায়ক হতে পারে।
সূত্র: Kooshesh et al., The New England Journal of Medicine.
