বাড়তি আয়রন রক্তাল্পতা কমায়, বাড়ায় না উচ্চতা-ওজন

বাড়তি আয়রন রক্তাল্পতা কমায়, বাড়ায় না উচ্চতা-ওজন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ নভেম্বর, ২০২৬

শিশু-কিশোর-কিশোরীদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ এবং রক্তাল্পতা প্রতিরোধে নিয়মিত আয়রনের বাড়তি জোগান কার্যকর। তবে এটি শিশুদের উচ্চতা-ওজন বৃদ্ধি কিংবা সাধারণ সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে না। ৫০ হাজারেরও বেশি শিশু-কিশোরের তথ্য বিশ্লেষণ করে এমনটাই ইঙ্গিত পেয়েছেন গবেষকরা।

The Cochrane Database of Systematic Reviews-এ প্রকাশিত এই পর্যালোচনায় ১১৪টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় শুধু আয়রন নয়, ফলিক অ্যাসিড এবং অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থের সঙ্গে আয়রন গ্রহণের প্রভাবও খতিয়ে দেখা হয়েছে। অধিকাংশ গবেষণাই পরিচালিত হয়েছিল এশিয়ায়।

গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন বাড়তি আয়রন গ্রহণ করলে কোনও চিকিৎসাধীন নয় এমন বা প্লাসিবো গ্রহণকারী শিশুদের তুলনায় আয়রনের অভাবজনিত রক্তাল্পতার ঝুঁকি কমে। আয়রনের সঙ্গে ফলিক অ্যাসিড বা অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণেও উপকার পাওয়া যেতে পারে। তবে সব ক্ষেত্রে প্রমাণের নিশ্চয়তা সমান নয়।

হিম (আয়রন) আর গ্লোবিন প্রোটিন নিয়ে তৈরি হিমোগ্লোবিন। বলাই বাহুল্য, আয়রন হিমোগ্লোবিন তৈরির অন্যতম প্রয়োজনীয় উপাদান। লোহিত রক্তকণিকার এই প্রোটিন ফুসফুস থেকে অক্সিজেন শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। শরীরে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয় এবং তখনই দেখা দেয় রক্তাল্পতা।

তবে বাড়তি আয়রন গ্রহণে শিশুদের উচ্চতা বা ওজন বৃদ্ধির কোনও উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। কাশি, জ্বর কিংবা শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকিও কমেনি। আর,পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মলের রং পরিবর্তন হতে দেখা গেছে। কিছু ক্ষেত্রে, বিশেষত আয়রনের সঙ্গে অন্যান্য পুষ্টি উপাদান মেশানো থাকলে বমির প্রবণতাও বাড়তে পারে।

বিশ্বজুড়ে আনুমানিক ৮৭ কোটি ৪০ লক্ষ শিশু ও নারী রক্তাল্পতায় আক্রান্ত। ২০১৯ সালে পাঁচ বছরের কম বয়সি শিশুদের প্রায় ৪০ শতাংশ এই সমস্যায় ভুগছিল। এর মধ্যে প্রায় অর্ধেক ক্ষেত্রে আয়রনের ঘাটতি দায়ী।

গবেষকদের মতে, বাড়তি আয়রন রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করলেও প্রত্যেক শিশুর জন্যই যে এটা খুব প্রয়োজনীয়, তা নয়। বয়স, পুষ্টিগত চাহিদা এবং শরীরে আয়রনের মাত্রা বিবেচনা করেই এর ব্যবহার নির্ধারণ করা উচিত।

সূত্র: “Daily iron supplementation for prevention or treatment of iron‐deficiency anaemia in infants, children, and adolescents” by Kripa Rajagopalan, Laura Hackl, 17th November 2026, publishred in Cochrane Database of Systematic Reviews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 2 =