বার্ধক্য ও প্রদাহ

বার্ধক্য ও প্রদাহ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ মে, ২০২৬

আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত ভাইরাস ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। তবে কখনও কখনও এই ব্যবস্থাই শরীরের নিজের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। কিছু বিরল জেনেটিক রোগে শরীরের ক্ষতিগ্রস্ত ডিএনএকে ভুল করে “শত্রু’’ মনে করে রোগ প্রতিরোধ ব্যবস্থা। ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ শুরু হয়, যা ধীরে ধীরে স্নায়ু, টিস্যু ও শরীরের নানা অঙ্গের ক্ষতি বাড়ায়। গবেষণাটি অ্যাটাক্সিয়া-টেল্যাঞ্জিয়েক্টেশিয়া (A-T) ও ব্লুম সিনড্রোমের মতো দ্রুত বার্ধক্য ডেকে আনা রোগ নিয়ে করা হয়। এতদিন মনে করা হত, শুধু ডিএনএ-র ক্ষতির কারণেই এই রোগ হয়। কিন্তু গবেষকেরা এখন বলছেন, শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়াও বড় ভূমিকা রাখে। এখানে মূল ভূমিকা একটি সেন্সরের, যার নাম cGAS। সাধারণত এটি ভাইরাস শনাক্ত করে শরীরকে সতর্ক করে। কিন্তু ক্ষতিগ্রস্ত ডিএনএকেও এটি অনেক সময় ভাইরাস ভেবে ভুল করে। তখন অকারণে প্রদাহ তৈরি হয় এবং সেই প্রদাহই শরীরের ক্ষয় বাড়ায়। তাছাড়া cGAS শুধু প্রদাহই বাড়ায় না, এটি কোষের নিউক্লিয়াসে ঢুকে ডিএনএ মেরামতের কাজেও বাধা দেয়। অর্থাৎ একদিকে এটি শরীরকে সতর্ক করছে, অন্যদিকে ক্ষতিও বাড়াচ্ছে। দেখা যাচ্ছে, cGAS-এর কার্যকলাপ কমিয়ে দিলে স্নায়ুর প্রদাহ কমে, টিস্যুর ক্ষয় হ্রাস পায় এবং শরীরের কিছু স্বাভাবিক কাজও ফিরে আসে। ড. বার্গম্যান বলেন, “আমরা শুধু রোগের গতি ধীর হতে দেখিনি, বরং বিভিন্ন টিস্যুর কার্যকারিতাও ফিরতে দেখেছি। এতে বোঝা যায়, শরীর হয়তো আগের ধারণার চেয়ে অনেক বেশি ডিএনএ ক্ষতি সামলাতে পারে, যদি অতিরিক্ত প্রদাহ নিয়ন্ত্রণে রাখা যায়।‘’ ভবিষ্যতে শুধু ডিএনএ মেরামতের চেষ্টা নয়, শরীরের এই অতিরিক্ত প্রদাহ নিয়ন্ত্রণ করাও চিকিৎসার গুরুত্বপূর্ণ পথ হতে পারে। তাই স্বাভাবিক বার্ধক্যের ক্ষেত্রেও হয়তো একই ধরনের প্রদাহজনিত প্রক্রিয়া কাজ করে।

 

সূত্র: “A dual role for cGAS in shaping cellular and organismal responses to genomic instability” by Marva Bergman, Uri Goshtchevsky, Tehila Atlan, Gwendoline Astre, Ryan Halabi, Hosniyah El Ayoubi, Eitan Moses, Aaron J.J. Lemus, Bérénice A. Benayoun, Yehuda Tzfati, Ido Ben-Ami and Itamar Harel, 14 April 2026, Genes & Development. DOI: 10.1101/gad.352760.125

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =