টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবার এক অভিনব প্রযুক্তির সন্ধান দিলেন বিজ্ঞানীরা। তাঁরা একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্র বানিয়েছেন যা ওষুধ বা ইনসুলিন ছাড়াই শরীরের অতিরিক্ত গ্লুকোজকে সরাসরি রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে ফেলতে পারে। সুইজারল্যান্ডের ই টি এইচ জুরিখের গবেষকদের তৈরি এই যন্ত্রটি ত্বকের নীচে প্রতিস্থাপন করা যায়। ইঁদুরের ওপর পরীক্ষা করে প্রমাণিত হয়েছে, এটি রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে এবং শরীরের অতিরিক্ত ওজন কমাতেও কার্যকর । গবেষণার বিবরণটি প্রকাশিত হয়েছে সায়েন্স পত্রিকায়।
বিশ্বজুড়ে ২৫০ কোটিরও বেশি মানুষ টাইপ-২ ডায়াবেটিস এবং তৎ সম্পর্কিত স্থূলতার সমস্যায় আক্রান্ত। বর্তমানে এই রোগ নিয়ন্ত্রণে মেটফরমিন, SGLT2 ইনহিবিটর, GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট প্রভৃতি ওষুধের কিংবা ইনসুলিনের সাহায্য নিতে হয়। দীর্ঘদিন ওষুধ সেবনের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া, নিয়মিত ওষুধ গ্রহণে অনীহা এবং রক্তে শর্করা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে না পারা প্রভৃতি সমস্যা দেখা দেয়। এই সীমাবদ্ধতা কাটাতেই গবেষকরা তৈরি করেছেন ‘ইলেকট্রোক্যাটালিটিক ক্লোজড-লুপ হেলথ অপটিমাইজেশন’ বা ECHO নামের এই যন্ত্র।
যন্ত্রটির মূল প্রযুক্তি হল ইলেকট্রোক্যাটালিসিস। এতে সোনা ও প্ল্যাটিনামের অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি বিশেষ অনুঘটক ব্যবহার করা হয়েছে। এই অনুঘটকটি বিদ্যুৎ পরিবাহী ছিদ্রযুক্ত গ্রাফাইটের স্তরে বসানো। নিয়ন্ত্রণকারী ইলেকট্রনিক ব্যবস্থা এবং বেতার বিদ্যুৎ গ্রহণের প্রযুক্তিসহ পুরো যন্ত্রটিকে একটি ক্ষুদ্র আবরণের মধ্যে রাখা হয়েছে। এর মাপ মাত্র ২৬ × ১৪ × ৫ মিলিমিটার। জৈব-সামঞ্জস্যপূর্ণ উপাদান দিয়ে ঢাকা যন্ত্রটি ত্বকের নীচে প্রতিস্থাপন করা যায়।
বিনা তারে বিদ্যুৎ সরবরাহ করা হলে যন্ত্রটি রক্তের অতিরিক্ত গ্লুকোজকে জারণ প্রক্রিয়ায় গ্লুকোনেটে রূপান্তরিত করে। তখন কিডনির মাধ্যমে এই পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, অনুঘটকটির সরাসরি রক্তের সংস্পর্শে আসার প্রয়োজন হয় না। রক্তের সঙ্গে ক্রমাগত আদান-প্রদানকারী কোষের মধ্যবর্তী তরল থেকে গ্লুকোজ সংগ্রহ করেই এটি কাজ করে।
স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা যায়, মাত্র ০.৭৫ ভোল্ট বিভব এবং ১০ মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎপ্রবাহে যন্ত্রটি এক ঘণ্টার মধ্যে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। প্রতিদিন ৬০ মিনিট করে যন্ত্রটি সক্রিয় রেখে অন্তত ছয় সপ্তাহ রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে ছিল। এ সময় বিপজ্জনকভাবে রক্তে শর্করা কমে যাওয়ারও লক্ষণ দেখা যায়নি।
শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণই নয়, এই পদ্ধতিতে ইঁদুরগুলির শরীরের বিপাকক্রিয়াতেও পরিবর্তন ঘটে। গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে শুরু করে শরীর। ফলে খাদ্যগ্রহণের পরিমাণ না কমলেও তাদের ওজন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও কমে। পরীক্ষায় যন্ত্রটির কারণে কোনো উল্লেখযোগ্য প্রদাহ, শারীরিক ক্ষতি কিংবা বৈদ্যুতিক বা তাপজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
আরও উন্নত ব্যবস্থায় ECHO-কে স্মার্টফোন বা শরীরে পরিধানযোগ্য গ্লুকোজ মনিটরের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। মনিটর রক্তে শর্করার মাত্রা নিরন্তর পর্যবেক্ষণ করে। নির্দিষ্ট সীমার বেশি গ্লুকোজ শনাক্ত হলেই স্মার্টফোনের মাধ্যমে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে এবং মাত্রা স্বাভাবিক হলে বন্ধ হবে। মাত্র পাঁচ মিনিটের সক্রিয়করণ চক্রেও স্থিতিশীল গ্লুকোজ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
তবে মানুষের শরীরে গ্লুকোজের বিপাকের পরিমাণ অনেক বেশি হওয়ায় যন্ত্রটির কার্যক্ষমতা বাড়ানো এখন অন্যতম চ্যালেঞ্জ। গবেষকরা এখন বড় প্রাণীর ওপর পরীক্ষা, দীর্ঘমেয়াদি নিরাপত্তা যাচাই এবং যন্ত্রটির কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়ানোর পরিকল্পনা করছেন। সফল হলে ভবিষ্যতে ওষুধনির্ভর চিকিৎসার বিকল্প হিসেবে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠতে পারে।
সূত্র: Electronic implant shows promise for drug-free diabetes control
04 Nov 2026 Tami Freeman
