বিশাল পোকামাকড়গুলি হারিয়ে গেল কেন?  

বিশাল পোকামাকড়গুলি হারিয়ে গেল কেন?  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ এপ্রিল, ২০২৬

এক সময় পৃথিবীতে আজকের তুলনায় অনেক বড় আকারের পোকামাকড় ছিল। সিনেমায় যেমনটা দেখায়, ঠিক তেমনটা না হলেও কিছু প্রজাতির ডানার প্রসার ছিল প্রায় ১৮ ইঞ্চি। আবার ড্রাগনফ্লাই-জাতীয় “গ্রিফিনফ্লাই’’-এর ডানা ছড়াত প্রায় ২৮ ইঞ্চি পর্যন্ত। কিন্তু এত বড় আকারের পোকামাকড়রা কিভাবে উড়ত? পোকামাকড়ের শরীরে তো মানুষের মতো ফুসফুস নেই। তারা শ্বাস নেয় ট্রাকিয়াল টিউব নামে সূক্ষ্ম নালির মাধ্যমে। এটি সরাসরি শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। উড়তে গেলে প্রচুর শক্তির দরকার হয়, তাই ধারণা করা হতো, এই বিশাল পোকামাকড়গুলো উড়তে পারত কারণ তখন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেশি ছিল। এই তত্ত্ব অনুযায়ী, শরীরে কতটা অক্সিজেন পৌঁছাতে পারে তার উপর পোকামাকড়ের আকার নির্ভর করত। প্রায় ৩০ কোটি বছর আগে, কার্বনিফেরাস যুগে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ছিল প্রায় ৩০ শতাংশ। কিন্তু আজ রয়েছে ২১ শতাংশ। তাই তখন বড় আকারের পোকামাকড়রা টিকে ছিল বলে মনে করা হতো। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রিফিনফ্লাই-সহ বড় আকারের পোকামাকড় তুলনামূলকভাবে কম অক্সিজেনেও বেঁচে থাকতে পারত। গবেষণাটিতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অংশ নেন। তারা আধুনিক উড়ন্ত পোকামাকড়ের উড়ান মাংসপেশি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে বিশ্লেষণ করেন। মোট ৪৪টি প্রজাতির পোকামাকড়ের শরীরে ট্রাকিয়োলের পরিমাণ পরীক্ষা করে দেখা যায়, অক্সিজেন সরবরাহে এগুলো কোনো সীমাবদ্ধতা তৈরি করে কি না। অধিকাংশ পোকামাকড়ের ট্রাকিয়োল তাদের মাংসপেশির মাত্র ১ শতাংশ বা তারও কম জায়গা দখল করে। অর্থাৎ, প্রয়োজন হলে আরও বেশি ট্রাকিয়োল গঠনের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। পাশাপাশি দেখা গেছে, কম অক্সিজেন পরিবেশে বেড়ে ওঠা পোকামাকড় নিজেরাই বেশি ট্রাকিয়োল তৈরি করতে পারে। গবেষক এডওয়ার্ড (নেড) স্নেলিং জানান, যদি অক্সিজেনই পোকামাকড়ের আকারের প্রধান সীমাবদ্ধতা হতো, তাহলে ট্রাকিয়োল স্তরে তার স্পষ্ট প্রভাব দেখা যেত। কিন্তু বাস্তবে সেই প্রভাব খুবই সামান্য। তাহলে প্রশ্ন ওঠে, যদি অক্সিজেনই মূল কারণ না হয়, তবে সেই বিশাল পোকামাকড়গুলো কেন হারিয়ে গেল? এর একটি বড় কারণ হতে পারে পোকা শিকারির সংখ্যা। কার্বনিফেরাস যুগে পাখি বা স্তন্যপায়ী প্রাণী ছিল না, যারা এই পোকামাকড় শিকার করতে পারত। পরে যখন এ ধরনের শিকারি প্রাণীর আবির্ভাব ঘটল, তখন বড় আকারের পোকামাকড়ের টিকে থাকা কঠিন হয়ে পড়ল। আরেকটি কারণ হল, আকারের ঝুঁকি। বড় বড় প্রাণীরা সাধারণত পরিবেশগত পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল এবং বিলুপ্তির ঝুঁকিও তাদের বেশি থাকে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই বিশাল পোকামাকড়গুলো বিলুপ্ত হয়ে যায়। সুতরাং পোকামাকড়ের আকার নির্ধারণে শুধু অক্সিজেন নয়, উপরন্তু পরিবেশ, বিবর্তন এবং শিকারির উপস্থিতির মতো একাধিক বিষয় একসঙ্গে কাজ করেছে।

 

সূত্র: Nautilus Magazine; April, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =