ভূগর্ভ থেকে বিশুদ্ধ হাইড্রোজেন নিঃসরণ  

ভূগর্ভ থেকে বিশুদ্ধ হাইড্রোজেন নিঃসরণ  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি বিজ্ঞানীরা চীনের সিচুয়ান অববাহিকায় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক হাইড্রোজেনের একটি উৎস শনাক্ত করেছেন। যার বিশুদ্ধতা সর্বোচ্চ ৯৮.২৪ শতাংশ। এটি চীনে এখন পর্যন্ত নথিভুক্ত প্রাকৃতিক হাইড্রোজেনের সর্বোচ্চ ঘনত্ব এবং বিশ্বের বিরল কয়েকটি ৯৮ শতাংশের বেশি বিশুদ্ধতার প্রাকৃতিক হাইড্রোজেন আবিষ্কারের অন্যতম। ২০২৬ সালের জুন মাসে চেংদুর দক্ষিণাঞ্চলে একটি অজ্ঞাত গ্যাসের লিকেজ নজরে আসার পর গবেষকরা নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় দেখা যায়, গ্যাসটির ৯৭.৩৩–৯৮.২৪ শতাংশই হাইড্রোজেন; বাকি অংশে ছিল সামান্য নাইট্রোজেন ও মিথেন।

সেই গ্যাসটির উৎস বোঝার জন্য বিজ্ঞানীরা এর রাসায়নিক বৈশিষ্ট্য এবং মিথেনের কার্বন আইসোটোপ বিশ্লেষণ করেন। অত্যন্ত কম মিথেনের উপস্থিতিই দিল পোক্ত প্রমাণ। এর মাধ্যমে তাঁরা ধরে নেন, এই হাইড্রোজেন সাধারণ জৈব পদার্থের পচন বা উচ্চ তাপমাত্রায় মিথেন ভাঙার ফলে তৈরি হয়নি। এটি পৃথিবীর ভূত্বকের গভীরে চলমান একটি অজৈব তরল-ভিত্তিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া থেকে উৎপন্ন। নমুনায় থাকা সামান্য নাইট্রোজেনও বাইরের বাতাসের দূষণ নয়। সেটিও ভূত্বকের গভীরে রূপান্তরিত শিলার সঙ্গে সম্পর্কিত বলে গবেষকদের ধারণা।

স্থানীয় ভূতত্ত্ব এই আবিষ্কারের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। গ্যাসের লিকেজটি পার্মিয়ান আগ্নেয় শিলা এবং শিমিয়ান-মিয়াওয়ান নিওপ্রোটেরোজোয়িক ওফিওলাইট অঞ্চলের কাছাকাছি। গবেষকদের মতে, সার্পেন্টিনাইজড পেরিডোটাইট বা পার্মিয়ান ডায়াবেস পোরফিরি দীর্ঘ সময় ধরে ভূগর্ভে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। উৎপন্ন হাইড্রোজেন আঞ্চলিক ভূ-ফাটল বা চ্যুতি বরাবর দ্রুত উপরে উঠে আসে। দ্রুত পরিবহনের কারণে এটি এমন কিছু রাসায়নিক বিক্রিয়াও এড়িয়ে যেতে পারে, যা সাধারণত হাইড্রোজেনকে অন্যান্য হাইড্রোকার্বনে রূপান্তর করে।

একসময় বিজ্ঞানীদের ধারণা ছিল, হাইড্রোজেনের মতো এতো হালকা মৌল কিছুতেই ভূগর্ভে খুব বেশিদিন আটকে থাকতে পারে না। কিন্তু সাম্প্রতিক আবিষ্কার সেই ধারণা নস্যাৎ করে দিল। মালিতেও প্রায় ৯৭.৪–৯৮ শতাংশ বিশুদ্ধ প্রাকৃতিক হাইড্রোজেন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে।

বিশ্বব্যাপী মডেল অনুযায়ী ভূগর্ভে প্রাকৃতিক হাইড্রোজেনের সম্ভাব্য মজুত প্রায় ৫৬০ কোটি মেট্রিক টন। এর মাত্র ২ শতাংশ কার্যকরভাবে উত্তোলন করা সম্ভব হলেও, তা বিশ্বের প্রমাণিত প্রাকৃতিক গ্যাসের মজুত থেকে পাওয়া শক্তির প্রায় দ্বিগুণ শক্তি সরবরাহ করতে পারে। সিচুয়ানের এই আবিষ্কার ভবিষ্যতে পরিবেশবান্ধব জ্বালানি অনুসন্ধানে গুরুত্বপূর্ণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। গবেষকরা পরবর্তীতে গভীর ভিত্তিশিলা, হাইড্রোজেন চলাচলের চ্যুতিপথ এবং এর উৎপাদনের হার নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধান চালাবেন।

সূত্রঃ US to study reliable power from floating nuclear power plants, nuclear-powered commercial ships By Aman Tripathi, Aug 20, 2026 10:05 AM EST.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + four =