মস্তিষ্কের স্নেহলিপিতে লেখা পরিচয় 

মস্তিষ্কের স্নেহলিপিতে লেখা পরিচয় 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ নভেম্বর, ২০২৬

মস্তিষ্ককে সাধারণত স্নায়ুকোষ ও তাদের বৈদ্যুতিক সংকেতের জটিল নেটওয়ার্ক হিসেবে দেখা হয়। কিন্তু মস্তিষ্কের গঠন ও তার কাজের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লিপিড বা স্নেহজাতীয় অণুরও। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, এই লিপিড শুধু যে মস্তিষ্কের কোষের গঠনই বজায় রাখে তা নয়, মস্তিষ্কের বিভিন্ন অংশের স্বতন্ত্র পরিচয় নির্ধারণেও তার ভূমিকা আছে। গবেষকেরা আধুনিক ইমেজিং মাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তির সাহায্যে পূর্ণবয়স্ক ইঁদুরের মস্তিষ্কের ত্রিমাত্রিক লিপিড মানচিত্র তৈরি করেছেন। প্রায় ৭২ লক্ষ পিক্সেলের তথ্য বিশ্লেষণ করে ১১টি ইঁদুরের মস্তিষ্কে তাঁরা চিহ্নিত করেছেন ৫৩৯টি স্বতন্ত্র লিপিড অঞ্চল। এই অঞ্চলগুলির নাম দেওয়া হয়েছে ‘লিপিজোন’ (Lipizones)। প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব লিপিড বিন্যাস। অনেক লিপিজোন মস্তিষ্কের পরিচিত শারীরিক গঠনের সঙ্গে মেলে। আবার কিছু কিছু অঞ্চল এমন সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছে, যা জিনের বিশ্লেষণ বা সাধারণ টিস্যু পরীক্ষায় ধরা পড়ে না। বিশেষ করে মস্তিষ্কের শ্বেত পদার্থে একাধিক স্বতন্ত্র লিপিড অঞ্চল শনাক্ত হয়েছে। মস্তিষ্কে কোন লিপিড কোথায় রয়েছে, তা শুধু সংশ্লিষ্ট জিনের কার্যকলাপ দিয়ে ব্যাখ্যা করা যায় না। জিনের তথ্য দিয়ে লিপিডের বিন্যাসের প্রায় অর্ধেক ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। অর্থাৎ, লিপিড মস্তিষ্কের সংগঠনের নিজস্ব একটি স্তর তৈরি করে। এমনকী, দূরবর্তী স্নায়ু সংযোগে যুক্ত মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলেও একই ধরনের লিপিড পরিচয় দেখা যায়। গর্ভাবস্থায় মস্তিষ্কের এই লিপিড মানচিত্র কীভাবে বদলায়, তাও পরীক্ষা করেন গবেষকেরা। তাতে দেখা যাচ্ছে, গর্ভাবস্থায় শ্বেত পদার্থের (হোয়াইট ম্যাটার) প্রায় ১০০টি লিপিজোনে পরিবর্তন ঘটে। বিশেষ করে মাইলিনের সঙ্গে যুক্ত গ্যালাক্টোসাইলসেরামাইড নামক লিপিডের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়ে। মস্তিষ্কের কর্টেক্সের নির্দিষ্ট অঞ্চলগুলিতেও পরিবর্তন ধরা পড়েছে। এর পিছনে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর সংকেতের ভূমিকার প্রমাণ মিলেছে। এই আবিষ্কার মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপ, অভিযোজন এবং বিভিন্ন স্নায়বিক রোগ বোঝার নতুন দিশা দেখাতে পারে। বিষণ্ণতা ও অ্যালঝাইমার্সের মতো রোগের সঙ্গে মাইলিন-সম্পর্কিত লিপিডের পরিবর্তনের যোগসূত্রও উঠে এসেছে। মস্তিষ্কের এই লিপিড মানচিত্র অবশ্য এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে। তবে এটি স্পষ্ট, মস্তিষ্ককে বুঝতে শুধু জিন ও প্রোটিনের দিকে তাকালেই চলবে না, তার লিপিডের জগতকেও বুঝতে হবে।

সূত্র: Science; Nov; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =