মহাকাশে এ আই ডেটা সেন্টার 

মহাকাশে এ আই ডেটা সেন্টার 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ নভেম্বর, ২০২৬

মহাকাশে ২০ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে নতুন রকেট ‘বিগ আয়রন’-এর নকশা প্রকাশ করেছে মার্কিন সংস্থা কাউবয় স্পেস। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ রকেটটির প্রথম উৎক্ষেপণ হতে পারে। ৮৬ মিটার দীর্ঘ এই রকেটের বিশেষত্ব, এর উপরের ধাপটিই কক্ষপথে পৌঁছে পরিণত হবে একটি এআই ডেটা সেন্টার উপগ্রহে।

রকিনহুডের সহ-প্রতিষ্ঠাতা বাইজু ভাটের নেতৃত্বাধীন সংস্থাটি পৃথিবীর নিম্ন কক্ষপথে (LEO) ‘স্ট্যাম্পিড’ নামে ২০ হাজার উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল গড়ে তুলতে চায়। স্টেইনলেস স্টিলে তৈরি ‘বিগ আয়রন’ রকেটে থাকবে সংস্থার নিজস্ব ক্লাইডসডেল ইঞ্জিন। তরল অক্সিজেন ও তরল মিথেনের সংমিশ্রণে চলবে এই ইঞ্জিন। রকেটের প্রথম ধাপটি পুনর্ব্যবহারযোগ্য হলেও, উপরের ধাপটি উপগ্রহ হিসেবে কক্ষপথে থেকে যাবে।

প্রতিটি উপগ্রহের ওজন হবে প্রায় ১৫ হাজার কিলোগ্রাম। সোলার প্যানেল মেলে ধরলে তার দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ১৩২ মিটার। এআই গণনার জন্য এতে থাকবে পাঁচটি জিপিইউ র‍্যাক, যা প্রায় এক মেগাওয়াট কম্পিউটিং ক্ষমতা জোগাবে। বিপুল তাপ সামলাতে উৎক্ষেপণের সময় উপগ্রহকে সুরক্ষা দেওয়া আবরণটিকেই পরে রেডিয়েটরে রূপান্তরিত করা হবে, যার মাধ্যমে তাপ মহাকাশে ছড়িয়ে পড়বে।

২০ হাজার উপগ্রহ কক্ষপথে পাঠাতে প্রতিটি রকেটে একটি করে উপগ্রহ বহন করে মোট ২০ হাজার উৎক্ষেপণ করতে হবে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে দিনে একাধিকবার রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। পাশাপাশি, অন্য গ্রাহকদের মহাকাশে উপগ্রহ বা সরঞ্জাম পাঠানোর জন্য ‘বিগ আয়রন এক্সপ্রেস’ নামে পরিষেবাও চালু করতে চায় তারা।

তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে। ইঞ্জিনের নির্মাণ ও পরীক্ষা চলছে; ২০২৮ সালের মধ্যে প্রথম উৎক্ষেপণও নিশ্চিত নয়। খুবই উচ্চাভিলাষী পরিকল্পনা, সন্দেহ নেই।

সূত্র: 20,000 AI data centers | Space” https://www.space.com/space-exploration/launches-spacecraft/cowboy-space-unveils-big-iron-rocket-to-launch-20-000-ai-data-centers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =