মাইটোকন্ড্রিয়া, অভিকর্ষ ও চৌম্বক ক্ষেত্র 

মাইটোকন্ড্রিয়া, অভিকর্ষ ও চৌম্বক ক্ষেত্র 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ নভেম্বর, ২০২৬

পৃথিবীর অভিকর্ষ ও চৌম্বকক্ষেত্র জীবদেহের কোষের স্বাভাবিক কার্যকলাপে কতটা প্রভাব ফেলতে পারে, সেই নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা দুটি পৃথক গবেষণা করেছেন। তাঁদের গবেষণায় উঠে এসেছে, অভিকর্ষহীন পরিবেশেও মানবকোষের জিন উপাদানের গঠন ও বিন্যাস অনেকটাই স্থিতিশীল থাকে। অন্যদিকে, পৃথিবীর চৌম্বকক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হলে কোষের প্রধান শক্তি উৎপাদনকারী অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার কার্যকলাপ এবং জীবদেহের বিপাকক্রিয়ায় পরিবর্তন ঘটতে পারে। বিশেষ করে পারকিনসনসের মতো স্নায়ুরোগের ক্ষেত্রে এই আবিষ্কার অনেকটা কাজে লাগবে।

প্রথম গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ আলেকজান্দ্রা জিডোভস্কা ও তাঁর সহকর্মীরা। মানবদেহের প্রতিটি কোষের নিউক্লিয়াসের ডিএনএ-তে জিন সংক্রান্ত তথ্য সঞ্চিত থাকে। ডিএনএ নির্দিষ্টভাবে গুটিয়ে ক্রোমাটিন নামের জটিল গঠন তৈরি করে। এই গঠন শুধু জিন তথ্যই সংরক্ষণ করে না, কোন জিন কখন সক্রিয় হবে, সেটি নিয়ন্ত্রণেও সাহায্য করে। ফলে ক্রোমাটিনের বিন্যাসে পরিবর্তন ঘটলে কোষের স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে।

অভিকর্ষের প্রভাব বুঝতে গবেষকরা বিশেষ র‍্যান্ডম পজিশনিং মেশিন-এর সাহায্যে পৃথিবীতেই অভিকর্ষহীন পরিবেশের অনুকরণ করেন। এই যন্ত্রে মানবকোষকে বিভিন্ন দিকে ঘোরানো হয়। কোষের ওপর তরলের প্রবাহজনিত অতিরিক্ত যান্ত্রিক চাপ কমিয়ে জীবন্ত কোষের উচ্চ-রেজল্যুশনের ছবি তোলা হয়। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর দেখা যায়, অভিকর্ষহীন পরিবেশেও ক্রোমাটিনের সংগঠন ও গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বজায় থাকে। অর্থাৎ, স্বল্পমেয়াদে অভিকর্ষের অনুপস্থিতি মানবকোষের জিনগত কাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলে না।

দ্বিতীয় গবেষণাটি করেছে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের লিসা চক্রবর্তীর নেতৃত্বাধীন দল। তাঁরা কোষের শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র মাইটোকন্ড্রিয়ার ওপর পৃথিবীর চৌম্বকক্ষেত্রের প্রভাব পরীক্ষা করেন। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লিতে অবস্থিত ইলেকট্রন পরিবহণ শৃঙ্খল বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের শক্তি ব্যবহার করে ATP তৈরি করে। এই ATP-ই কোষের অধিকাংশ জৈবিক কাজের শক্তির উৎস। এই প্রক্রিয়ায় সুপারঅক্সাইডের মতো সক্রিয় অক্সিজেন অণুও তৈরি হয়, যার অতিরিক্ত উপস্থিতি কোষের ক্ষতি করতে পারে।

গবেষকরা স্বাভাবিক ফল মাছির পাশাপাশি Pink1 B9 জিনে ত্রুটিযুক্ত মাছি নিয়ে পরীক্ষা করেন। এই জিন মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য ও কার্যকারিতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এর ত্রুটি থাকলে মাইটোকন্ড্রিয়ার কর্মক্ষমতা কমে যায় এবং ডোপামিন উৎপাদক স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়। এটাই পারকিনসনস রোগের অন্যতম বৈশিষ্ট্য।

পৃথিবীর চৌম্বকক্ষেত্র থেকে মাছিগুলিকে বিচ্ছিন্ন করে দেখা যায়, জিনগত ত্রুটিযুক্ত মাছির আয়ু প্রায় ২০ শতাংশ বেড়েছে, যদিও তাদের শারীরিক সক্রিয়তা কমেছে। বিপরীতে, সুস্থ মাছির সক্রিয়তা বাড়লেও আয়ু কমেছে। গবেষকদের মতে, চৌম্বকক্ষেত্রের পরিবর্তন মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন, বিপাকক্রিয়া এবং কোষের অক্সিডেটিভ ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এই

গবেষণাটির বিবরণ এজিং-আস পত্রিকায় সবিস্তারে প্রকাশিত হয়েছে। গবেষণাটি মাইটোকন্ড্রিয়াকে লক্ষ্য করে স্নায়ুরোগের সম্ভাব্য চিকিৎসা অনুসন্ধানে নতুন দিশা দেখাচ্ছে। তবে মানুষের ক্ষেত্রে এর প্রভাব সঠিকভাবে জানতে আরও গবেষণা জরুরি।

সূত্র: Earth’s gravity and magnetism have unexpected effects on the human genome and mitochondria, 22 Oct 2026, physics world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =