মানব সভ্যতার ভবিষ্যৎ

মানব সভ্যতার ভবিষ্যৎ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ জুন, ২০২৬

সাম্প্রতিক একটি গাণিতিক গবেষণা বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিজ্ঞানভিত্তিক জার্নাল Chaos, Solitons & Fractals-এ প্রকাশিত এই গবেষণায় মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে একটি উদ্বেগজনক সম্ভাবনা তুলে ধরা হয়েছে। গবেষকরা গত প্রায় ১২ হাজার বছরের জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছেন, পৃথিবীর পরিবেশ ও সম্পদের ওপর যদি হঠাৎ মারাত্মক চাপ সৃষ্টি হয়, তাহলে মানব সমাজ কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

এই গবেষণার সবচেয়ে আলোচিত অংশটি ছিল একটি “worst-case scenario” বা সবচেয়ে ভয়াবহ সম্ভাব্য পরিস্থিতির মডেল। সেখানে ধরে নেওয়া হয়েছে, জলবায়ু পরিবর্তন, খাদ্যসংকট, প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হওয়া এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে পৃথিবীর ধারণক্ষমতা হঠাৎ কমে মাত্র প্রায় ২০০ কোটি মানুষের উপযোগী হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে গাণিতিক মডেল দেখাচ্ছে, বিশ্বব্যাপী জনসংখ্যা দ্রুত কমতে শুরু করবে এবং ২০৬৪ সালের মধ্যেই বর্তমান জনসংখ্যার প্রায় অর্ধেক হারিয়ে যেতে পারে।

তবে গবেষকরা স্পষ্টভাবে বলেছেন, এটি কোনো ভবিষ্যদ্বাণী নয়। এবং এমনটা যে হবেই সেটাও তারা জোর দিয়ে বলেননি। বরং এটি একটি “sensitivity analysis”, অর্থাৎ জটিল সামাজিক ও পরিবেশগত ব্যবস্থাগুলো কতটা ভঙ্গুর হতে পারে, তা বোঝার একটি বৈজ্ঞানিক অনুশীলন। গবেষণায় দেখানো হয়েছে, ছোট ছোট সংকটও কখনও একে অপরকে প্রভাবিত করে বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। উদাহরণস্বরূপ, খাদ্যসংকট থেকে সংঘাত, সংঘাত থেকে ব্যাপক মাত্রায় অভিবাসন, আর সেখান থেকে অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে জন্মহার হ্রাসও জনসংখ্যা হ্রাসকে আরও ত্বরান্বিত করতে পারে।

অন্যদিকে বাস্তব বিশ্বের জনসংখ্যা বিশ্লেষণ কিন্তু তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল চিত্র দেখায়। রাষ্ট্রসঙ্ঘের হিসাব অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা ২০৮০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রায় ১০.৩ বিলিয়নে পৌঁছে সর্বোচ্চ অবস্থানে যাবে। এরপর ধীরে ধীরে জনসংখ্যা কমতে পারে, তবে সেটি মূলত জন্মহার হ্রাসের কারণে, কোনো বৈশ্বিক ধ্বংসের জন্য নয়।

এই গবেষণার মূল বার্তা হলো—আধুনিক সভ্যতা প্রকৃতি, জলবায়ু এবং সীমিত সম্পদের ওপর অত্যন্ত নির্ভরশীল। তাই টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা মনে করেন, সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার মাধ্যমে মানবসভ্যতা এখনো বড় ধরনের বিপর্যয় এড়িয়ে দীর্ঘমেয়াদি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

 

সূত্র: Science Acumen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 18 =