ম্যাথ ডিসলেক্সিয়া: অঙ্ক না-পারা

ম্যাথ ডিসলেক্সিয়া: অঙ্ক না-পারা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ অক্টোবর, ২০২৬

গণিতে সমস্যা সমাধান করতে গিয়ে অনেকসময় কিছু শিশু শুধু হিসাবেই আটকে যায় না, কোন পদ্ধতিতে সমস্যাটি সমাধান করা উচিত তার বুঝতে বা প্রয়োজন হলে সেই পদ্ধতি বদলাতে পারে না। এইধরনের সমস্যার নাম হল- ডেভেলপমেন্টাল ডিসক্যালকুলিয়া/ ম্যাথ ডিসলেক্সিয়া। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এই সমস্যার সঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যকলাপের পার্থক্যের যোগসূত্র রয়েছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অলিভার লাসনিক ও তাঁর সহকর্মীরা ৮–১০ বছর বয়সি ৬৮ জন শিশুকে নিয়ে গবেষণাটি করেছেন। গবেষণাটি জার্নাল অফ নিউরোসায়েন্সে বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। এই গবেষণায় তাঁরা শিশুদের গাণিতিক সমস্যা সমাধানের কৌশল এবং সেই সময় তাদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। দেখা যায়, ডিসক্যালকুলিয়ায় আক্রান্ত শিশুদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট স্নায়বিক ব্যবস্থার কার্যকলাপ গণিতে কিছুটা দক্ষ শিশুদের থেকে আলাদা। মস্তিষ্কের এই কার্যকলাপ দেখে শিশু কতটা ভালোভাবে গুনতে পারে এবং প্রয়োজন অনুযায়ী এক কৌশল থেকে অন্য কৌশলে বদলাতে পারে কিনা, তাও কিছুটা অনুমান করা সম্ভব হয়েছিল।

গবেষণায় দেখা যায়, ডিসক্যালকুলিয়ায় আক্রান্ত শিশুরা সমস্যা সমাধানের কৌশল বদলাতে বেশি সময় নেয়। একটি সমস্যা সহজ বা কঠিন হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদের পদ্ধতি যথেষ্ট দ্রুত মানিয়ে নিতে পারে না। একই সঙ্গে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করলেও সেগুলো অপেক্ষাকৃত কম দক্ষতার সঙ্গে প্রয়োগ করে। সময়ের সঙ্গে সঙ্গে সবচেয়ে উপযুক্ত কৌশল বেছে নেওয়ার দক্ষতাতেও তাদের প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। গবেষকদের মতে, এই সমস্যার পেছনে শুধু সংখ্যাবোধের দুর্বলতা নয়; মনোযোগ নিয়ন্ত্রণ, চিন্তাভাবনা, স্মৃতি এবং নিজের সমস্যা সমাধানের পদ্ধতি পর্যবেক্ষণ ও পরিবর্তনের ক্ষমতা প্রভৃতি একাধিক মানসিক প্রক্রিয়া জড়িত থাকতে পারে। মস্তিষ্কের পরিবর্তিত কার্যকলাপও এসব সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এছাড়াও দেখা গেছে, ডিসক্যালকুলিয়ায় আক্রান্ত সব শিশুর সমস্যা একই রকম নয়। অর্থাৎ, এই অবস্থার মধ্যে ব্যক্তিভেদে যথেষ্ট পার্থক্য রয়েছে। গবেষকদের আশা, মস্তিষ্ক ও বোধবুদ্ধিগত প্রক্রিয়ার এই পার্থক্যগুলো আরও ভালোভাবে বোঝা গেলে ভবিষ্যতে শিশুদের গণিত শেখার সমস্যার কারণ শনাক্ত করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তার পদ্ধতি তৈরি করা সহজ হবে।

সূত্র: “Uncovering latent cognitive, metacognitive, and neural bases of problem-solving deficits in children with developmental dyscalculia” by O.H.M. Lasnick, Yunji Park, Percy Mistry and Vinod Menon, 20 September 2026, Journal of Neuroscience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =